গাইবান্ধার আদালতে পুলিশের বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা করেছেন এক গৃহবধূ। আসামি ধরতে গিয়ে বাড়ির নারীদের ওপর চড়াও হওয়ার অভিযোগ গুরুতর। দেশের বিভিন্ন স্থানেই পুলিশের গ্রেপ্তার-বাণিজ্য, হেফাজতে থাকা আসামিকে হত্যা এবং নির্বিচার গ্রেপ্তারের অভিযোগের পাশাপাশি নারী নির্যাতনের অভিযোগও উঠছে। কিন্তু বিষয়টি যতটাই হুমকিজনক, ততটাই উদাসীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্থানীয় থানার কতিপয় পুলিশের বিশেষ ‘উদ্ধার অভিযানের’ সংবাদ প্রকাশিত হয়েছে বৃহস্পতিবারের প্রথম আলোয়। সেখানে এক গৃহবধূ অভিযোগ করেছেন যে রাত আটটার দিকে থানার এসআইয়ের নেতৃত্বে চারজন পুলিশ সদস্য বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে উপস্থিত তিন নারীকে শারীরিক নিপীড়ন করেন, যা আইনত যৌন নির্যাতনের সমতুল্য।
গাইবান্ধার আদালতে পুলিশের বিরুদ্ধে মামলাযথারীতি গোবিন্দগঞ্জ থানার ওসি (মামলার ১ নম্বর আসামি) অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু প্রকাশিত সংবাদে পুলিশের ভাষ্যে এটা স্পষ্ট নয় যে কী কারণে সাধারণ একজন গ্রামীণ গৃহবধূ থানার ওসিসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা করার সাহস দেখাবেন! যদি তাঁরা দায়িত্ব পালনেই ঘর ভেঙে প্রবেশ করেন, তবে এলাকাবাসীর প্রতিবাদে ‘পলায়ন’ করলেন কেন? তৃতীয়ত, অভিযোগকারী নারীসহ তাঁর আত্মীয়াকে আহত করা হলো কেন?
গাইবান্ধা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাত কার্যদিবসের মধ্যে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন এক জ্যেষ্ঠ বিচারিক হাকিমকে। অভিযোগ যেখানে পুলিশের বিপক্ষে, বাদী যেখানে সাধারণ নারী; সেখানে পুলিশের সম্ভাব্য অপরাধ প্রমাণ করা দুরূহ। বাংলাদেশ মানবাধিকার কমিশনের স্থানীয় শাখা, স্বেচ্ছাসেবী মানবাধিকারকর্মী এবং স্থানীয় আইনজীবী সমিতির এখানে করণীয় রয়েছে। পুলিশের বিরুদ্ধে যেসব অভিযোগের পাহাড় জমেছে, সেসবের প্রতিটি ঘটনাকেই গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে। ভুক্তভোগীর সুবিচার পাওয়ার প্রশ্ন আর পুলিশ প্রশাসনকে দুর্বৃত্তমুক্ত করা এখানে এক সূত্রেই গ্রথিত।