প্রায় নয় মাস আগে মিরপুরের এক ব্যবসায়ী হত্যার পেছনে একজন পুলিশ কর্মকর্তার সম্পৃক্ততার অভিযোগ সমগ্র পুলিশ বাহিনীর ভাবমূর্তির জন্য এক বিরাট হুমকি। পুলিশের একজন তথ্যদাতা (সোর্স) পাঁচ লাখ টাকা চাঁদা চেয়ে প্রত্যাখ্যাত হওয়ায় সেই ব্যবসায়ীকে খুন করা হয় বলে অভিযোগ রয়েছে। পুলিশের দায়িত্ব ছিল ওই খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিচার ও শাস্তির ব্যবস্থা করা। কিন্তু বাস্তবে দেখা গেল, খুনের দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা চলেছে। শুধু তা-ই নয়, নিহত ব্যবসায়ীর স্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তাঁর চরিত্র হননের অপচেষ্টাও হয়েছে। পুলিশ বা প্রভাবশালীদের হাত না থাকলে কারও পক্ষে খুনের মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালানো হয়তো সম্ভব হতো না।কোনো খুনের ঘটনায় পুলিশের সম্পৃক্ততার অভিযোগ উদ্বেগজনক ব্যাপার। মিরপুরের ব্যবসায়ী হত্যার সঙ্গে থানার একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) জামিল আহমেদ ও পুলিশের সোর্স মনির জড়িত ছিলেন বলে যে অভিযোগ উঠেছে, তাকে হালকা করে দেখার উপায় নেই। পুলিশ কর্মকর্তার সহযোগিতায় খুনের একজন অন্যতম আসামি, সোর্স মনিরের ভাই নয়ন, গ্রেপ্তার এড়িয়ে বিদেশে চলে যেতে পেরেছে বলেও অভিযোগ উঠেছে। এসব অভিযোগের ভিত্তিতে প্রকৃত আসামিদের বিচারের আওতায় আনা দরকার।সাধারণত চাঞ্চল্যকর ঘটনায় পত্রপত্রিকায় খবর হয়, কিছুদিন হইচইয়ের পর সবকিছু সবাই ভুলে যায়। কিন্তু প্রথম আলো নিজস্ব উদ্যোগে অনুসন্ধান চালিয়ে ওই খুনের ভেতরের কিছু তথ্য বের করে বুধবার পত্রিকার প্রথম পাতায় গুরুত্ব দিয়ে ছাপিয়েছে। এই অনুসন্ধানী প্রতিবেদন অপরাধীদের শনাক্ত করতে পুলিশকে সাহায্য করবে, যদি তারা সত্য উদ্ঘাটন করতে চায়।বর্তমানে ওই মামলার তদন্ত কর্মকর্তা, ডিবির সহকারী পুলিশ কমিশনার অকপটে স্বীকার করেছেন, ওই ঘটনার তদন্তে থানা-পুলিশের অবহেলা ছিল। এই অবহেলার হোতাদের চিহ্নিত করাও তদন্ত কর্মকর্তার অন্যতম দায়িত্ব। মূল অপরাধীদের আড়াল করতে কেউ অন্যায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল কি না, তা-ও উদ্ঘাটিত হওয়া দরকার। খুনের বিচার না পেলে থানা-পুলিশের ওপর মানুষের আস্থা আরও কমে যাবে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ ব্যাপারে বিশেষ তদন্তের ব্যবস্থা করবেন, এটাই প্রত্যাশিত।