পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ব্যাংক কর্মকর্তাকে নির্যাতন করে টাকা আদায়ের চেষ্টার অভিযোগ ওঠার পর ঢাকায় পুলিশের একজন উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত এসআই ‘ক্রসফায়ারের’ হুমকি দিয়েছেন বলেও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ধরনের অভিযোগ প্রায়ই গণমাধ্যমে আসছে, মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনেও পুলিশের বেআইনি কার্যকলাপের বিবরণ পাওয়া যাচ্ছে। এর মধ্য দিয়ে আইন প্রয়োগের নামে পুলিশ বাহিনীতে থাকা কিছু ব্যক্তির দ্বারা জনসাধারণকে বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করার বাস্তবতা প্রকাশিত হচ্ছে। পুলিশের কার্যকারিতা এবং জনমনে বাহিনীটির আস্থা ধরে রাখতে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। অভিযোগ প্রমাণিত হলে ‘প্রত্যাহার’ বা ‘বদলি’র বদলে প্রচলিত আইনে শাস্তির দৃষ্টান্ত স্থাপন করাও জরুরি।
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাকে নির্যাতন অস্বীকার পুলিশেরপুলিশের একজন উপপরিদর্শকের ‘সন্ত্রাসীসুলভ’ আচরণের শিকার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বী এ যাত্রা রক্ষা পেয়েছেন। তাঁর অভিযোগ, পুলিশ বিনা কারণে তাঁকে আটক করে তল্লাশির নামে মারধর করে এবং পাঁচ লাখ টাকা না দিলে ইয়াবা ধরিয়ে দিয়ে মামলা দেওয়া অথবা ‘ক্রসফায়ারের’ হুমকি দেয়। এটি একেবারে বিচ্ছিন্ন ঘটনা হলেই আমরা খুশি হতাম। কিন্তু প্রথম আলো ও ডেইলি স্টার-এর প্রতিবেদন বরং দেখাচ্ছে, মোহাম্মদপুর থানার পুলিশের কারও কারও তরফে এমন আচরণ নতুন নয়। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানেই ‘গ্রেপ্তার-বাণিজ্য’, মামলার হুমকি দেখিয়ে অর্থ আদায়, কিংবা ‘ক্রসফায়ারের’ হুমকির ঘটনা ঘটতে দেখা যায়।
পুলিশ বাহিনী কেবল জনগণের নিরাপত্তার দায়িত্বেই নিয়োজিত নয়, জনগণ এ বাহিনীকেই সরকারি ক্ষমতার প্রতিনিধি হিসেবে দেখে। তাই পুলিশের যেকোনো সদস্যের যেকোনো গর্হিত আচরণ আইনের শাসনের প্রতি আস্থা নষ্ট করে এবং সরকারের ভাবমূর্তির ক্ষতি করে। পুলিশ বাহিনীকে জনগণের কাছাকাছি আনা এবং তাদের ভাবমূর্তি ও জননিরাপত্তার স্বার্থে এ প্রবণতা দমন করা উচিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তাই এখনই নড়েচড়ে বসতে হবে।