দৈনন্দিন জনজীবনে রাষ্ট্রের পক্ষে সব থেকে প্রত্যক্ষ শাসন পরিচালনাকারী প্রতিষ্ঠান হলো পুলিশ। সেই পুলিশ বিভাগের ভাবমূর্তি সাম্প্রতিক কালে গুরুতরভাবে কলুষিত হয়ে চলেছে বলে প্রতীয়মান হচ্ছে। অথচ এর কার্যকর প্রতিকার মিলছে না। এমনকি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যে যথেষ্ট বিচলিত, তাও মনে হচ্ছে না। সবশেষ দুটি আলোচিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা হলো ৯ জানুয়ারিতে একজন ব্যাংকারকে মারধর এবং শুক্রবার ডিএসসিসির পরিচ্ছন্ন কর্মকর্তাকে ছিনতাইকারী সন্দেহে নির্যাতন করা।
পুলিশ বিভাগের জবাবদিহিতে দীর্ঘদিন ধরেই একটা শৈথিল্য চলছে। পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ভূরি ভূরি অভিযোগ থাকলেও জনমনে আস্থা সৃষ্টি করে এমন প্রতিকার বা ন্যায়বিচারের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, তেমন দৃষ্টান্ত বিরল। গণমাধ্যমে কোনো ঘটনা নিয়ে হইচই হলে অভিযুক্ত পুলিশ সদস্যকে বড়জোর প্রত্যাহার করে নেওয়া হয়। পয়লা বৈশাখের নারী নিগ্রহের ঘটনায় পুলিশের তিন সদস্যকে এভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। কিন্তু পরে তাঁদের স্বাভাবিক নিয়মে বদলি করা হয়। এটাই এখন এক কলুষিত রেওয়াজে পরিণত হয়েছে। পুলিশ তার বাহিনীর সদস্যদের কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, সেই পরিসংখ্যান তাদের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা উচিত।
ব্যাংক কর্মকর্তাকে নির্যাতন ও ক্রসফায়ারের ভয় দেখানোর অভিযোগ যথার্থ হলে তা একটি হত্যাচেষ্টামূলক অপরাধ। অথচ সেই অভিযোগে এ পর্যন্ত মোহাম্মদপুরের এসআই মাসুদ শিকদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ওই ঘটনার এক সপ্তাহ পরই ‘ছিনতাইকারী সন্দেহে’ নগরের একজন পরিচ্ছন্ন কর্মকর্তাকে পিটিয়ে জখম করা হয়েছে। এটা নিন্দনীয় যে ছিনতাইকারী বা দাগি অপরাধী সন্দেহে কাউকে নির্যাতন বা ক্রসফায়ারে দেওয়ার বৈধতা দেওয়া হচ্ছে। অথচ সন্দেহভাজন অপরাধীর সঙ্গে যন্ত্রণা ও অমানবিক আচরণ সংবিধান নিষিদ্ধ করেছে।
আমরা আশা করব পুলিশ তার বাহিনীর নিজের স্বার্থে বছর শুরুর ওই দুটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যে তদন্ত কমিটি করেছে, তার ফল দ্রুত প্রকাশ করবে। তাদের উচিত হবে বাহিনী হিসেবে ন্যূনতম একটা গ্রহণযোগ্যতা বজায় রাখা। কারণ, জনস্বার্থে পুলিশের কার্যকর শাসন তার লাঠিতে নয়, মানুষের মর্যাদার ওপরই টিকে থাকে।