পুষ্টি-পরিস্থিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে জনসংখ্যা বেড়েছে, খাদ্যনিরাপত্তাও বেড়েছে। এখন আর অনাহারে মৃত্যু ঘটে না। কিন্তু অপুষ্টি এখন ব্যাপক। বছরে যত শিশুর মৃত্যু ঘটে, তাদের অর্ধেকই মারা যায় অপুষ্টির কারণে। লোকবল, প্রশিক্ষণ, তহবিল, প্রকল্প ও ঘোষণার কোনো কমতি নেই, তবু কেন অপুষ্টিতে ধুঁকছে দেশের বিপুলসংখ্যক শিশু? এ জন্য দায়ী কে?সরকার দাবি করে, দেশের পুষ্টি-পরিস্থিতি আগের থেকে ভালো। অবশ্য স্বাস্থ্যসেবা কর্মসূচি আর প্রকল্প ব্যয়ের পরিমাণ কম নয়। তার অনেকটাই খরচ হয়, কিছুটা অপচয় বা দুর্নীতি হয়। সারা দেশে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর সংখ্যা বেড়েছে। প্রথম আলোয় ২৬ মার্চ এ বিষয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছে। বিভিন্ন মাধ্যমে পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক রাজধানীতে আয়োজিত একটি সেমিনারে এসব দাবি উচ্চারিতও হয়েছে। কিন্তু সেখানে আরেকটি প্রশ্নও আলোচিত হয়েছে যে কেবল প্রশিক্ষিত লোক তৈরি করলেই পুষ্টি-পরিস্থিতির পরিবর্তন হবে না। যেমন, শহরেই সবচেয়ে বেশি প্রশিক্ষিত কর্মী রয়েছে। অথচ শহরাঞ্চলের দরিদ্র পরিবারের শিশুদের অপুষ্টি সবচেয়ে বেশি। বাংলাদেশে অপুষ্টির বড় কারণ কৃষি ও পরিবেশ-প্রতিবেশের বিপর্যয়। গ্রামে আগে খালবিল, পুকুর ও নদীনালা থেকে মাছ আহরণ করা একেবারে গরিব পরিবারের জন্যও সহজ ছিল। বাড়ির আঙিনায় সবারই কিছু না কিছু শাকসবজি ও ফলমূলের গাছ ছিল। এখন বাণিজ্যিক কৃষি ও বাণিজ্যিক মাছ চাষের কারণে সাধারণ মানুষকে সবকিছুই কিনতে হয় বাজার থেকে। অন্যদিকে রোজগারের বড় অংশই আহারের বাইরেই খরচ হয়ে যায়। কীটনাশকের ব্যবহার ও অন্যান্য কারণে আগের মতো ছোট মাছের মাধ্যমে আমিষ ও অন্যান্য জরুরি উপাদানসমৃদ্ধ খাদ্য মেলে না। শাকসবজি-ফলমূলও অনেকের জন্য দুর্লভ। এসব কারণেই খাদ্যতালিকায় ঘাটতি হচ্ছে, সেই ঘাটতি জন্ম দিচ্ছে প্রসূতি বা নবীন মা ও শিশুর অপুষ্টি।এই ঘাটতি কি প্রশিক্ষিত কর্মীর পরামর্শ দিয়ে মেটানো সম্ভব? যাবতীয় অপুষ্টির আসল কারণ যে দারিদ্র্য, যে পরিবেশ বিপর্যয়, সেদিকে নজর না দিলে গাছের গোড়া কেটে আগায় পানি ঢালার মতো ভুল হবে। সার্বিক পুষ্টি-পরিস্থিতি সেই ভুলেরই খেসারত।