স্বাস্থ্য অধিদপ্তর ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ১৯৯৬-৯৭ সালে দেশে খর্বকায় শিশুর হার ছিল ৬০ শতাংশ। ২০১১ সালে তা কমে দাঁড়ায় ৪১ শতাংশে। বর্তমানে এই হার ৩৬ শতাংশ। ২০১১ সালে কৃশকায় শিশুর হার ছিল ১৬ শতাংশ। বর্তমানে তা ১৪ শতাংশে দাঁড়িয়েছে। পুষ্টির অভাবেই মূলত শিশুরা খর্বকায় ও কৃশকায় হয়। এ ধরনের শিশুদের হার কমে আসার মানে হচ্ছে দেশে পুষ্টি পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশ অনেকখানি এগিয়েছে।
দেশের পুষ্টি পরিস্থিতির উন্নতির আরও একটি প্রমাণ হচ্ছে দেশে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু ব্যাপক হারে হ্রাস পাওয়া। পুষ্টি পরিস্থিতির উন্নয়নে সরকার যে অনেক বড় ভূমিকা পালন করেছে এতে কোনো সন্দেহ নেই। পাশাপাশি বিভিন্ন বেসরকারি ও উন্নয়ন সংস্থারও ব্যাপক ভূমিকা রয়েছে।
পুষ্টিসেবার দিকে খেয়াল করলে দেখা যায়, জেলা ও উপজেলাভিত্তিক মোট ৪২৪টি শিশুস্বাস্থ্য হাসপাতাল রয়েছে। ২০০টি তীব্র অপুষ্টি সেবাদান ইউনিট এবং ৩৯৫টি আইএমসিআই ও পুষ্টি সেবাদান কেন্দ্র রয়েছে। এ ছাড়া শিশুদের মায়ের দুধ খাওয়ানোর ব্যাপারেও সরকার নানা উদ্যোগ নিয়েছে। এ জন্য সরকার মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করেছে। মায়েরা যেন সন্তানদের বুকের দুধ নির্বিঘ্নে খাওয়াতে পারেন, সে জন্য সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে একটি ব্রেস্ট ফিডিং কর্নার করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের এসব কর্মসূচির কারণে শিশুপুষ্টি ও মাতৃপুষ্টির হার বেড়েছে।
প্রথম আলোসহ দেশের বিভিন্ন পত্রপত্রিকার গত ২৭ জুনের খবর, দেশের মানুষের গড় আয়ু এখন ৭২ বছর। নিঃসন্দেহে এটা আমাদের জন্য ভালো খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল হকের মতে, দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধির পেছনে বেশ কয়েকটি বিষয় অবদান রেখেছে। এর মধ্যে রয়েছে শিশুমৃত্যু ও মাতৃমৃত্যুর হার হ্রাস পাওয়া। তার মানে পুষ্টি পরিস্থিতির উন্নতি হওয়ায় গড় আয়ু এখন ৭২ বছরে এসে দাঁড়িয়েছে।
আসলে পুষ্টিই হচ্ছে মূল কথা। আমাদের মনে রাখতে হবে, অপুষ্টির শিকার মানুষ দেশের উন্নয়নে কোনো ভূমিকা রাখতে পারে না। অপুষ্টির প্রভাব জাতীয় অর্থনীতিতে পড়ে। এ কারণে সার্বিকভাবে উৎপাদনশীলতা হ্রাস পায়। এ জন্য পুষ্টি খাতে বিনিয়োগ বাড়াতে হবে। রিটার্ন অন ইনভেস্টমেন্টের (আইওআই) ওপর কোপেনহেগেনভিত্তিক কনসেনসাস সেন্টারের এক গবেষণায় দেখা যায়, পুষ্টি খাতে কাঙ্ক্ষিত বিনিয়োগ জিডিপি ৩ থেকে ৮ শতাংশ বাড়াতে পারে। অতএব, পুষ্টি খাতে সরকারের অব্যাহত বিনিয়োগ এবং এই খাতের ওপর বাড়তি নজরদারি অব্যাহত রাখতে হবে।
ধারাবাহিকভাবে দেশের পুষ্টি পরিস্থিতির যেভাবে উন্নয়ন ঘটেছে তেমন আরও অনেক খাত রয়েছে যেদিকে সরকারের মনোযোগ জরুরি। জনসংখ্যা, শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন খাতেও আমাদের অব্যাহতভাবে উন্নতি নিশ্চিত করতে হবে। আমরা আশা করব, সরকার এসব খাতকেও প্রাধান্য দেবে।