পুষ্টিনিরাপত্তা সৃষ্টিতে এই সুফল কাজে লাগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কৃষিজীবী মানুষের উদ্যম ও অবদানের আরেকটি যুগান্তকারী ক্ষেত্র হলো সবজি চাষ। বিশ্ব খাদ্য সংস্থার (এফএও) সর্বসাম্প্রতিক প্রকাশনা স্ট্যািটসটিক্যাল ইয়ারবুক–২০১৩–এর তথ্য অনুযায়ী স্বাধীনতার পর কৃষিজমির পরিমাণ কমেছে, কিন্তু বেড়েছে সবজির আবাদ। পাঁচ গুণ বেড়েছে সবজি উৎপাদন। একে সবজিবিপ্লব বললে মোটেও বাড়িয়ে বলা হয় না। 
কৃষি খাতে সাফল্যের এই চিত্র তুলে ধরেছে গত শুক্রবারের প্রথম আলো। স্বাধীনতার সময়ের থেকে বর্তমানে সবজি চাষ পাঁচ গুণ বাড়া মানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ছাপিয়ে পুষ্টিনিরাপত্তা অর্জনের পথে একধাপ অগ্রগতি। কৃষক, কৃষি দপ্তর, বাজার ও বেসরকারি সংস্থাগুলোর সম্মিলিত উদ্যোগেরই ফল এই অর্জন। বিশেষজ্ঞদের মতে, ভূমির বহুমাত্রিক ব্যবহার, উন্নত বীজ ও চাষাবাদ পদ্ধতির প্রবর্তন এবং বিশেষত নারীদের অংশগ্রহণেই এই সাফল্য সম্ভব হয়েছে। সাধারণত নারীরাই বাড়ির আশপাশের জমিতে, মাচায় ও চালে সবজি চাষ করে থাকেন।

কিন্তু পরিতাপের বিষয়, যে নারীরা এ ক্ষেত্রে অগ্রণী তাঁরাই এর সুফল থেকে বঞ্চিত। দেশের ৭০ শতাংশ নারী লৌহ ঘাটতিতে ভুগছেন। অজস্র মা ও শিশু পুষ্টি ঘাটতিতে ভুগে অকালে মৃত্যুবরণও করে। এর কারণ ভাতের সঙ্গে পরিমাণমতো সবজি না খাওয়া। বিশ্ব খাদ্য সংস্থা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে যেখানে প্রত্যেকের দৈনিক ৪০০ গ্রাম ফল ও সবজি খাওয়া উচিত, সেখানে বাংলাদেশের গড়পড়তা পরিমাণ মাত্র ১২৬ গ্রাম। বিপুল সবজি উৎপাদিত হলেও তা পুষ্টিনিরাপত্তা সৃষ্টিতে কেন ব্যর্থ হলো, সেটা তাই খতিয়ে দেখা দরকার। পাশাপাশি খেয়াল রাখা দরকার, উৎপাদন বৃদ্ধির উৎসাহে যেন সবজি চাষে ক্ষতিকর সার বা রাসায়নিক পদার্থ ব্যবহার না বাড়ে। সরকারিভাবে সবজি সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণও এখন সময়ের প্রয়োজন।
গত এক বছরে সবজি রপ্তানিও বেড়েছে ৩৪ শতাংশ। কিন্তু কেবল সবজি রপ্তানি করার চেয়ে প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি বেশি লাভজনক। এর জন্য সবজিপ্রধান অঞ্চলে খাদ্যশিল্পও গড়ে তোলা দরকার। কৃষকেরা তাঁদের সেরাটা দিয়েছেন, সরকারেরও দায়িত্ব তাঁদের পাশে সবর্তোভাবে থাকা।