দেশের কিশোরীদের অর্ধেক খর্বাকৃতির আর ৪৩ শতাংশ কিশোরী রক্তস্বল্পতায় ভুগছে। গ্রামের তিনজন কিশোরীর একজন কৃশকায়। কিশোরীদের পুষ্টি পরিস্থিতি বিশ্লেষণ করে পাওয়া এসব তথ্য নিঃসন্দেহে উদ্বেগজনক।
সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের করা এই বিশ্লেষণের তথ্য গত বুধবার এক সভায় উপস্থাপন করা হয়। এতে আরও বলা হয়, কিশোরীদের (১০-১৯ বছর বয়সী) মধ্যে লোহা, আয়োডিন ও ভিটামিন ‘এ’—এসব অণুপুষ্টি কণার অভাব অনেক বেশি, পাশাপাশি তাদের পুষ্টিজ্ঞানও অনেক কম। ঢাকা শহরের ১০-১৬ বছর বয়সী স্কুলগামী কিশোরীর ৬০ শতাংশ দৈনিক সুপারিশের পরিমাণের চেয়ে অনেক কম আমিষ, লোহা ও ক্যালসিয়াম গ্রহণ করে। ৩ শতাংশ কিশোরী গলগণ্ড রোগে ভুগছে। গলগণ্ড কিশোরদের চেয়ে কিশোরীদের মধ্যে প্রায় দ্বিগুণ।
দেশে পুষ্টি পরিস্থিতির উন্নয়নে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কার্যক্রম হাতে নেওয়া হলেও সেগুলো যে খুব কাজে আসেনি, তা বোঝা গেল কিশোরীদের পুষ্টি পরিস্থিতির এই চিত্রে। আমাদের দেশের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশই হচ্ছে কিশোরী। দেশের অর্ধেক কিশোরীর খর্বাকৃতি হওয়ার পেছনের মূল কারণ হচ্ছে অপুষ্টি। রক্তস্বল্পতা ও কৃশকায় হওয়ার কারণও তা–ই। শহরের চেয়ে গ্রামের কিশোরীরা বেশি অপুষ্টিতে ভুগছে। প্রতিদিনের খাবারে পুষ্টির উপাদানের অভাবই শিশুদের অপুষ্টির দিকে ঠেলে দেয়। আমাদের দেশে, বিশেষ করে গ্রামাঞ্চলে মেয়েদের চেয়ে ছেলেদের বেশি গুরুত্ব দেওয়া হয়। ভালো খাবারগুলো ছেলেদের ভাগেই জোটে। ফলে মেয়েরা প্রয়োজনীয় পুষ্টি পাওয়া থেকে বঞ্চিত হয়। এ ছাড়া মা-বাবা বা কিশোরীদের বেশির ভাগ জানে না কোন খাবারে কী পুষ্টি রয়েছে। এ কারণেও তারা অপুষ্টিতে ভুগছে।
আজকের কিশোরীরা আগামী দিনের উৎপাদনক্ষম মানুষ। তারাই মা হিসেবে জন্ম দেবে ভবিষ্যতের কান্ডারিদের। এই কিশোরীরা অপুষ্টিতে থাকলে দেশের আগামী প্রজন্ম এক অপুষ্টির চক্রের মধ্যে পড়বে। কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়নে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের বিকল্প নেই। পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে আরও সক্রিয় হতে হবে।