পুরান ঢাকার লালবাগের জগন্নাথ সাহা সড়কের ঐতিহ্যবাহী পুষ্প সাহা পুকুরটি যেভাবে দিনে দিনে প্রভাবশালী ব্যক্তিদের দখলে চলে গেল, তা সত্যিই বিস্ময়কর। আস্ত একটা পুকুর দখল হয়ে গেল, অথচ তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই!
প্রথমআলোয় প্রকাশিত খবর অনুযায়ী, ঢাকা জেলা প্রশাসনের কাগজে-কলমে পুকুরটির আয়তন উল্লেখ করা আছে প্রায় ৫০ কাঠা। কিন্তু পুকুরের জায়গায় তৈরি করা হয়েছে ঘর ও বহুতল স্থাপনা। বাকিটা আবর্জনার ভাগাড়। ২০০৫ সালের পর স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা পুকুরটির চারপাশে ইটপাথর ও আবর্জনা ফেলে ভরাট শুরু করেন।
পুষ্প সাহা পুকুরটি লালবাগ থানার শহীদনগর, চৌধুরীবাজার, ঋষিপাড়া, বৌদ্ধপাড়া, ডুরি আঙুল লেন, নবাবগঞ্জ ও বালুঘাট এলাকার মানুষের গৃহস্থালি কাজসহ নানা কাজের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছিল।
এ ছাড়া ওই সব এলাকায় কোনো বাড়িতে আগুন লাগলে তা নেভানোর জন্য এ পুকুরের পানিই ছিল একমাত্র ভরসা। অথচ এখন সেখানে গড়ে উঠেছে রিকশার গ্যারেজ, প্লাস্টিক-স্টিলের কারখানাসহ নানা স্থাপনা। এ ছাড়া আশপাশের বাসাবাড়ির বর্জ্য, পুরোনো ভবনের ভাঙা কংক্রিট সব পুকুরের জায়গায় ফেলা হয়।
তিন বছর আগে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), গ্রিনমাইন্ড সোসাইটি, পুষ্প সাহা পুকুর রক্ষা কমিটিসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠন পরিবেশ ও জনগুরুত্ব বিবেচনায় পুষ্প সাহা পুকুর দখলমুক্ত করতে বিভিন্ন কর্মসূচি পালন করে। স্থানীয় বাসিন্দারাও পুকুরটি খনন ও দখলমুক্ত করতে একাধিকবার জেলা প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছেন। পুকুরটির মালিক জেলা প্রশাসন কিন্তু তাদের পক্ষ থেকে পুকুরটিকে দখলমুক্ত করতে আজ পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জেলা প্রশাসনের এই আচরণ অগ্রহণযোগ্য।
আমরা আশা করব, ঢাকা জেলা প্রশাসন অবিলম্বে পুষ্প সাহা পুকুরটি অবৈধ দখলমুক্ত করে বর্জ্য অপসারণ ও জনসাধারণের ব্যবহার উপযোগী করার প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে।