চা-দোকানি বাবুল মাতবরকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনার মূল আসামি দেলোয়ার পলাতক। আর তিনি যাঁদের সোর্স (তথ্যদাতা) হিসেবে কাজ করছিলেন, সেই অভিযুক্ত পুলিশ সদস্যরাও সবাই পার পেয়ে গেছেন।
অপরাধীদের ধরা কিংবা অপরাধ যাতে সংঘটিত না হয়, সেই উদ্দেশ্যে পুলিশ বাহিনী গোপন সোর্স ব্যবহার করে থাকে। কিন্তু এই সোর্সই এখন ভয়ংকর রূপ নিচ্ছে এবং সমাজে আতঙ্ক তৈরি করছে। তাহলে অপরাধ নিয়ন্ত্রণে আসবে কীভাবে?
গত ৩ ফেব্রুয়ারি শাহ আলী থানার পুলিশের চার সদস্যের উপস্থিতিতে তাঁদের সোর্স দেলোয়ার মিরপুর ১ নম্বরের গুদারাঘাট–সংলগ্ন ফুটপাতের চা-দোকানি বাবুল মাতবরের কাছে চাঁদা দাবি করেন। বাবুল চাঁদা না দেওয়ায় দেলোয়ার লাথি মারলে তিনি কেরোসিনের জ্বলন্ত চুলার ওপর পড়ে মারা যান। এটি দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড।
উদ্বেগের বিষয় হলো, হত্যাকাণ্ডটি শাহ আলী থানার পুলিশ সদস্যদের সামনে ঘটলেও তাঁরা আক্রান্ত ব্যক্তিকে রক্ষা করা এবং দুর্বৃত্তকে ধরার প্রয়োজন বোধ করেননি। আবার থানার ওসি অধস্তন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। এ ব্যাপারে গঠিত দুটি তদন্ত কমিটিই অভিযুক্ত পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।
কিন্তু বিভাগীয় ব্যবস্থার নামে যা হয়েছে, তা প্রহসন ছাড়া কিছু নয়। ওসি ও কনস্টেবল জসিমউদ্দিন কারণ দর্শানোর জবাব দিয়ে রেহাই পেয়ে গেছেন। অপর তিনজনকে ‘গুরুদণ্ড’ দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে বার্ষিক ইনক্রিমেন্ট বন্ধ করে। অপরাধের শাস্তি বটে!
বিভাগীয় ব্যবস্থার নামে পুলিশের পাঁচ সদস্যকে যেভাবে দায়মুক্তি দেওয়া হলো, তা আইন ও নৈতিকতার পরিপন্থী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হয়ে যাঁরা অপরাধ সংঘটনে সহায়তা করেছেন, ফৌজদারি আইনেই তাঁদের বিচার
করতে হবে। অবিলম্বে বাবুল হত্যার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হোক। যে ব্যক্তি এত দিন পুলিশের সোর্স হিসেবে কাজ করেছেন, তাঁকে পুলিশ খুঁজে পাচ্ছে না, এটাও বিশ্বাসযোগ্য নয়।