পূজামণ্ডপে মেলা নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটা মানতেই হবে যে, নিরাপত্তা এখন একটি বড় উদ্বেগের বিষয় এবং তা মাথায় রেখেই এ নির্দেশ দেওয়া হয়েছে। রাত আটটার মধ্যে বিসর্জন সম্পন্ন করার যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা হয়তো বাস্তবায়নযোগ্য। পূজা হয়ে যাওয়ার পর দ্রুততার সঙ্গে বিসর্জনের ব্যবস্থা করা সম্ভব। কিন্তু মেলা নিষিদ্ধ করার বিষয়টি কতটা যৌক্তিক হলো? মণ্ডপ প্রাঙ্গণে মেলা পূজার একটি অবিচ্ছেদ্য অনুষঙ্গ। দুর্গাপূজা বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এবং এ দেশের হিন্দু সম্প্রদায়ের লোকজন উৎসবমুখর পরিবেশে তা পালন করে থাকে। এই মেলায় সব ধর্মের মানুষই আসে। সেই উৎসব থেকে মেলা বাদ গেলে পূজা তার জৌলুশ ও ঐতিহ্য হারাবে।

নিরাপত্তার ভয়ে কোনো অনুষ্ঠান বন্ধ বা নিষিদ্ধ করে দেওয়া হলো সবচেয়ে সহজ পথ, সে পথটিই বেছে নেওয়া হয়েছে। দেশের হিন্দু সম্প্রদায়ের লোকজনের জন্য বিষয়টি হতাশার তাতে কোনো সন্দেহ নেই। বিশ্বের কোনো দেশেই এখন কোনো ধর্মীয় বা সাংস্কৃতিক উৎসব নিরাপত্তা ঝুঁকির বাইরে নয়। কিন্তু এ জন্য সবকিছু বন্ধ বা নিষিদ্ধ করাও কাজের কথা হতে পারে না। নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার পথ হচ্ছে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা, নতুন নতুন কৌশল নেওয়া এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া।

আমরা মনে করি, উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনের জন্য মণ্ডপ প্রাঙ্গণে মেলা নিষিদ্ধ করার সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত। মেলার নিরাপত্তা নিশ্চিত করতে বরং কর্তৃপক্ষ কিছু নির্দেশনা ঠিক করতে পারে এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আলাপ-আলোচনা করে তা বাস্তবায়নের উদ্যোগ নিতে পারে।