পূজায় ঐতিহ্য আর থিমের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা এখন শারদীয় উৎসবের আবেগে ভাসছে। যেখানে বাঙালি, সেখানেই এই উৎসব। মণ্ডপে মণ্ডপে বেজে উঠেছে এই শারদ উৎসবের আগমনী বার্তা, ঢাক। ফুটেছে সর্বত্র কাশফুল। মেঘমুক্ত নীল আকাশ। সবার মনে খুশির হাওয়া। দেবী দুর্গা আসছেন। এবার কলকাতায় এক হাজার ২৮০টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। এবারও ঘাটতি নেই ঐতিহ্য আর থিম পূজার লড়াইয়ে। সর্বত্র যেন চলছে এই ঐতিহ্য আর থিম পূজার লড়াই। কে হারে-জেতে এই প্রতিযোগিতায়। ১৬১০ সালে দক্ষিণ কলকাতার বড়িশার সাবর্ণ রায় চৌধুরীদের পরিবারে প্রথম শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়, তাঁদেরই গড়া আটচালা মণ্ডপে। তবে সর্বজনীন বা বারোয়ারি দুর্গাপূজার প্রথম প্রচলন হয় পশ্চিমবঙ্গের হুগলির গুপ্তিপাড়ায়, সেই ১৭৬১ সালে। সেদিন ১২ জন যুবক মিলে চাঁদা তুলে আয়োজন করেছিল এই বারোয়ারি দুর্গাপূজার। এর পরে কলকাতায় ১৯১০ সালে প্রথম বারোয়ারি পূজা শুরু হয় বলরাম বসু ঘাট রোডের ধর্মোৎসাহিনী সভায়। তারপর ধীরে ধীরে এই বারোয়ারি বা সর্বজনীন দুর্গাপূজা ছড়িয়ে পড়ে কলকাতার সর্বত্র। পূজার সনাতনী ঐতিহ্যের পাশাপাশি শুরু হয় পূজার প্রতিমা আর মণ্ডপ নির্মাণে থিমের লড়াই। কে কীভাবে মণ্ডপ তৈরি করবে, তা নিয়ে রীতিমতো শুরু হয় প্রতিযোগিতা। পাশাপাশি যারা সনাতনী ঐতিহ্যের ধারক, তারা অবশ্য আঁকড়ে ধরে রাখে পূজার সনাতনী রীতিনীতি বা ঐতিহ্যকে। এভাবেই চলতে থাকে কলকাতাজুড়ে ঐতিহ্য আর থিম পূজার লড়াই। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। এই দুর্গাপূজা বা শারদীয় উৎসবকে ঘিরে গোটা কলকাতাই হয়ে ওঠে সামপ্রদায়িক সম্প্রীতির এক মহামিলন ক্ষেত্র। একাত্ম হয় হিন্দু-মুসলিম-শিখ-জৈন-খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ। শুধু কি কলকাতা বা পশ্চিমবঙ্গ? না, যেখানে বাঙালির বাস, সেখানেই শারদীয় দুর্গোৎসব। গোটা ভারতেই চলছে এই উৎসব। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে যেমন সেরা উৎসব এই শারদীয় দুর্গাপূজা, ঠিক তেমনি ভারতের মহারাষ্ট্র রাজ্যের সেরা উৎসব গণেশ পূজা। তামিলনাড়ুর সেরা উৎসব সূর্য দেবতাকে ঘিরে পোঙ্গল উৎসব, আসামে বিহু উৎসব ও কামাখ্যা দেবীর পূজা, ওডিশার জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব, গুজরাটের নবরাত্রি উৎসব, কেরালার ওনাম উৎসব আর উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, রাজস্থান ও ঝাড়খন্ডের প্রধান ধর্মীয় উৎসব হলো জন্মাষ্টমী, রাম নবমী, দেওয়ালি বা হোলি উৎসব। এবার দক্ষিণ কলকাতার ভবানীপুর স্বাধীন সংঘের পূজার থিম কবিগুরুর তাসের দেশ। তাসের দেশের আদলে গড়া হয়েছে মন্দির আর প্রতিমা। ডোবার লেনের সিংহী পার্ক মণ্ডপ তৈরি করেছে তামিলনাড়ুর মীনাক্ষী মন্দিরের ধাঁচে। নিউ আলিপুর সুরুচি সংঘের পূজার থিম সমুদ্রদূষণ। ভোপালের স্বর্ণমন্দিরের ধাঁচে মণ্ডপ তৈরি করেছে একডালিয়া এভারগ্রিন ক্লাব। নেতাজি জাতীয় সেবাদলের পূজার থিম পুরাণ অবলম্বনে দেবীর সৃষ্টি রূপ। অহিরিটোলা সর্বজনীনের এবার পূজামণ্ডপ তৈরি হয়েছে চীন ও জাপানের পুতুল, ড্রাগন, লণ্ঠন ইত্যাদি দিয়ে। তেঙ্গোবাগান সর্বজনীনের পূজামণ্ডপ তৈরি হয়েছে লোহার পাত দিয়ে। উল্টোডাঙ্গার বিধান সংঘের পূজার থিম কুমোরপাড়ার গরুর গাড়ি। ভারত চক্রের থিম নিয়ে মণ্ডপ বানিয়েছে দমদম পার্ক ভারত চক্র ক্লাব। মাদুরাইর মীনাক্ষী মন্দিরের ধাঁচে মণ্ডপ তৈরি করেছে লেকটাউনের শ্রী ভূমি ক্লাব। শ্রদ্ধাকে থিম করে মণ্ডপ বানিয়েছে বেহালা বড়িশা ক্লাব। খবরের নানা কাগজের ওপর মণ্ডপ তৈরি করেছে প্রফুল্লবাগান অধিবাসীরা। সোদপুরে ৬৯ ধরনের সামুদ্রিক জীব দিয়ে মণ্ডপ তৈরি করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ডের ধাঁচে মন্দির বানিয়েছে সন্তোষ মিত্র স্কয়ার। একডালিয়া ক্লাবের মণ্ডপ তৈরি হয়েছে দক্ষিণ ভারতের শ্রীপুরমের মন্দিরের ধাঁচে। বাউলরূপী দুর্গা বানিয়েছে বাঘা যতীন উদয়ন সংঘ। উল্টোডাঙ্গা যুববৃন্দের মণ্ডপ তৈরি হয়েছে জিরে, মৌরি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, মেথি, কালিজিরাসহ ২০ ধরনের মসলা দিয়ে। গলফগ্রিন শারদোৎসব কমিটির পূজার থিম আদিবাসী গ্রাম। বেহালার বন্ধু শ্রী ক্লাবের এবার পূজার থিম কলকাতা ও বাংলাদেশের রিকশা। কলকাতার টানা রিকশার আদলে মণ্ডপ তৈরি করছে বোসপুকুর শীতলা মন্দির, আলিপুরের সর্বজনীনের থিম এবার পুরোনো স্থাপত্যে পাতালের দুর্গা। বড়িশা উদয়ন পল্লির থিম এবার পরিবেশ বাঁচাও। হরিদেবপুর অজেয় সংহতির পূজার থিম ২৬ ফুট সূর্যের ওপর আসীন দেবী, ত্রিধারার এবারের পূজার থিম ঘট, পঞ্চপ্রদীপ এবং বেলপাতা। কুমোরটুলি সর্বজনীনের পূজার থিম ঢাকার ঢাকেশ্বরী মন্দির। ভবানীপুর ক্লাব মণ্ডপ তৈরি করেছে এক কোটি বোতাম দিয়ে, কাঁকুরগাছি প্রগ্রেসিভ ইয়ুথের পূজার থিম হাঁড়ি, পাতিল, খুন্তি, হাতা, কড়াই দিয়ে মা দুর্গার সংসার। আর সাবেকি পূজার ঐতিহ্য নিয়ে এবারও পূজায় মেতেছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, বাগবাজার সর্বজনীন, কলেজ স্কয়ার সর্বজনীন ইত্যাদি। সত্যি কথা কি, কলকাতা মানে দুর্গাপূজা। দুর্গাপূজা মানে কলকাতা। কলকাতা আর দুর্গাপূজা যেন আজ সমার্থক হয়ে গেছে। প্রতিবছর এই দুর্গাপূজাকে ঘিরে কলকাতায় শুরু হয় পূজাজ্বর। এবারও পূজাজ্বরে কাঁপছে গোটা কলকাতা। আজ কলকাতায় এই দুর্গাপূজা বা শারদোৎসব রূপ নিয়েছে এক সামাজিক উৎসবে। আজকের এই পূজা আর আটকে নেই সেদিনের সেই চৌচালা বা আটচালা মন্দিরে। ছড়িয়ে পড়েছে নানা রং আর নানা থিমের মন্দিরে। অমর সাহা: প্রথম আলোর কলকাতা প্রতিনিধি।