বাজারে পেঁয়াজসহ প্রায় সব ধরনের তরিতরকারির দাম বেড়ে গিয়ে সাধারণ মানুষের আর্থিক কষ্ট বাড়ার কারণ হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় টানা বর্ষার ফলে সবজির ফলন ক্ষতিগ্রস্ত হওয়া মূল্যবৃদ্ধির প্রধান কারণ, তবে পেঁয়াজের মূল্যবৃদ্ধি পুরোপুরি প্রাকৃতিক নয়।
এ দেশে চাহিদার তুলনায় পেঁয়াজের উৎপাদন কম বলে আমদানি করা পেঁয়াজের ওপর আংশিক নির্ভরশীলতা আছে; প্রধানত ভারত থেকে আমদানি করা পেঁয়াজের ওপর আমাদের বাজারের পেঁয়াজের দাম কিছুটা নির্ভরশীল। এ বছর ভারতে পেঁয়াজের ফলন কম হওয়ায় সেখানে দাম বেড়েছে, ফলে আমাদের বাজারে ভারতীয় পেঁয়াজের বাজার চড়া। এর প্রভাব পড়েছে দেশি পেঁয়াজের বাজারমূল্যের ওপরও। কিন্তু, এর পেছনে যুক্তিসংগত কারণ নেই। কেননা, দেশি পেঁয়াজের মজুত পর্যাপ্ত রয়েছে; দাম বেড়েছে দেশি পেঁয়াজের মজুতদারির কারণে। ভারতীয় পেঁয়াজের দাম বাড়লেই দেশি পেঁয়াজের মজুতদারি বাজারে যে কৃত্রিম সংকট সৃষ্টি করে, দেশি পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ মূলত এটাই।
পেঁয়াজের ঝাঁজ বেড়েছে, সবজির বাজারও চড়াসুতরাং বাজার মুক্ত হলেও এখানে সরকারের কিছুই করার নেই—এই ধারণা ঠিক নয়। সব ধরনের ভোগ্যপণ্যের মজুতদারি আইনত দণ্ডনীয়। এই দণ্ডনীয় কাজ করে কেউ যেন অতিরিক্ত মুনাফা করতে না পারে, সরকারকে তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আমদানি করা পণ্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশের ভেতরে উৎপাদন আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া জরুরি। এ ব্যাপারে সরকার নানা রকমের সহযোগিতামূলক পদক্ষেপ নিতে পারে। কৃষিতে ফসলবৈচিত্র্য অবশ্যই বাড়াতে হবে, শুধু ধানের ওপর প্রাধান্য দিলে আর চলবে না।
করলা, পটোল, বেগুন, বরবটি, ঢ্যাঁড়সসহ সব ধরনের সবজির দাম বাড়ার প্রধান কারণ টানা বর্ষণ হলেও, কোনো কোনো সবজি যেমন কাঁচা মরিচের দাম মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ার পেছনে ব্যবসায়ীদের বেশি লাভ করার প্রবণতাও রয়েছে। খরা-বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ ও হরতাল-অবরোধের মতো মনুষ্যসৃষ্ট কারণকে ভোগ্যপণ্যের দাম বাড়ানোর একটা অজুহাত হিসেবেও ব্যবহার করা হয়। এদিকেও সরকারের নজরদারি প্রয়োজন।