পেঁয়াজ–পরিস্থিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

বাংলাদেশে পেঁয়াজ নিয়ে আবারও একটা সমস্যার উদ্ভব ঘটতে চলেছে। এবারের সমস্যাটি পেঁয়াজের ভোক্তাদের জন্য নয়; এ দেশের পেঁয়াজচাষিদের সামনে বড় ধরনের লোকসানের ঝুঁকি সৃষ্টি হচ্ছে।

কারণ, ভারত সরকার গত সোমবার পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়ে শুক্রবার থেকেই তা কার্যকর করেছে এবং প্রায় তৎক্ষণাৎ ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে। রোববার প্রথম আলোয় প্রকাশিত এক খবরে বলা হয়েছে, গত শনিবার তিনটি স্থলবন্দর দিয়ে প্রায় ৪০০ মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে।

প্রশ্ন জাগতে পারে, এতে সমস্যা কোথায়? দেশে দেশে পণ্য আমদানি-রপ্তানি তো স্বাভাবিক বাণিজ্যিক প্রক্রিয়া। ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে আমদানি হলে আমাদের সমস্যা হবে কেন? বরং গত বছর ও তার আগের বছর ভারত নিজেদের পেঁয়াজের বাজার সামাল দিতে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করলে আমরা পেঁয়াজ-সংকটে পড়েছিলাম। আমাদের বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ২০১৯ সালে ৩০০ টাকায় আর পরের বছর ১২০ টাকা পর্যন্ত উঠেছিল।

এখন ঘটতে শুরু করেছে ঠিক উল্টো ঘটনা। ভারত পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। প্রথম চার দিনেই ঢাকার বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি প্রায় ১০ টাকা কমে গেছে। আমাদের জন্য সমস্যা এখানেই। ভারত থেকে পেঁয়াজ আসতে থাকলে আমাদের দেশি পেঁয়াজের দাম আরও কমে যাবে এবং তার ফলে আমাদের পেঁয়াজচাষিরা ক্ষতিগ্রস্ত হবেন। আর এটা এমন এক সময়, যখন পেঁয়াজচাষিরা নতুন মৌসুমের ফসল তুলতে শুরু করেছেন। এই সময়ে পেঁয়াজের ভালো দাম পেলে তাঁদের উপকার হয়। কিন্তু পেঁয়াজ আমদানি হতে থাকলে তাঁদের উপকার দূরে থাক, বেশ লোকসান গুনতে হতে পারে।

এ পরিস্থিতিতে দেশের পেঁয়াজচাষিদের স্বার্থে বাজারের সুরক্ষা প্রয়োজন। এখন পেঁয়াজ আমদানির ক্ষেত্রে শুল্ক আরোপ করা দরকার। সরকার এ সিদ্ধান্ত চলতি অর্থবছরের শুরুতেই নিয়েছিল; কিন্তু গত সেপ্টেম্বরে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে আমাদের বাজারে পেঁয়াজের সংকট কাটাতে ৫ শতাংশ আমদানি শুল্ক আগামী মার্চ পর্যন্ত স্থগিত করা হয়। আমরা মনে করি, মার্চ পর্যন্ত অপেক্ষা না করে এখনই ৫ শতাংশ শুল্ক আদায় পুনর্বহাল করা উচিত। নইলে পেঁয়াজচাষিরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন।