পেঁয়াজে ভীষণ ঝাঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর খবরে জানা গেছে, বাংলাদেশে বছরে প্রায় ১৭ লাখ টন পেঁয়াজ উৎপাদিত হয়। এর বাইরে ৫ থেকে ৬ লাখ টন আমদানি করা হয়, যার বেশির ভাগ আসে ভারত থেকে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের তালিকা অনুযায়ী, এক মাসে বাজারে পেঁয়াজের দাম ৭১ শতাংশ বেড়েছে। এক বছর আগে এক কেজি পেঁয়াজের দাম ২০ থেকে ৩৫ টাকা ছিল। অতিবৃষ্টির কারণে এবার দেশে পেঁয়াজের উৎপাদন কম হয়েছে। ফলে আমদানির পরিমাণ বাড়বে। আর ভারতীয় বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় সেখান থেকে আমদানি করা পেঁয়াজের দামও বেশি পড়ছে।

সাধারণত দেখা যায়, আমদানি পণ্যের দাম কেজিপ্রতি ৫ টাকা বাড়লে আমদানিকারকেরা দেশীয় বাজারে সেটি ১০ টাকা বাড়িয়ে দেন। চালের ক্ষেত্রেও এমনটি হয়েছে। যাদের বিষয়টি তদারক করার কথা, তারা মনে হয় গভীর ঘুমে আচ্ছন্ন। পেঁয়াজের ঝাঁজ তাদের স্পর্শ করছে না। টিসিবির দায়িত্ব কেবল পণ্যের দাম টাঙানো নয়, নিত্যপ্রয়োজনীয় কোনো পণ্যের দাম যাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া। প্রয়োজনে তারা খোলাবাজারে বিক্রিরও ব্যবস্থা নিতে পারত।

ভারতীয় পত্রিকা বিজনেস স্ট্যান্ডার্ড-এর খবর অনুযায়ী দেশটির সবচেয়ে বড় পাইকারি বাজার মহারাষ্ট্রের নাসিক জেলার লাসালগাঁওয়ে প্রতি কেজি পেঁয়াজ ২৮ রুপিতে উঠেছে, যা দুই বছরের মধ্যে সর্বোচ্চ দর। ভারতের রুপির সঙ্গে টাকার যে বিনিময় হার, তাতে ওই  পেঁয়াজ বাংলাদেশে এলে ৭০ টাকায় ওঠার কথা নয়। এ ব্যাপারে কোনো সিন্ডিকেটের কারসাজি আছে কি না, সেটিও খুঁজে বের করা দরকার। পেঁয়াজ আমদানির বিকল্প বাজার অনুসন্ধানের কথাও তো ভাবা প্রয়োজন।

নভেম্বরের মাঝামাঝি থেকে ভারতীয় নতুন পেঁয়াজ আমদানি শুরু হলে দাম কমার সম্ভাবনা আছে। কিন্তু তার প্রভাব দেশীয় বাজারে আদৌ পড়বে কি না কিংবা পড়লেও কতটা পড়বে, সেটাই প্রশ্ন।