গতকাল প্রথম আলোয় প্রকাশিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম–সংবলিত আইনি সহায়তা–সংক্রান্ত বিজ্ঞাপনটি যেকোনো পাঠকের দৃষ্টি কাড়বে। এতে ‘আপনার পরিচিত কেউ দীর্ঘদিন কারাগারে আটকে’ আছেন কি না, জানতে চেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিনা মূল্যে আইনি সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। কয়েকটি বিদেশি সংস্থার সহায়তায় পরিচালিত সরকারের এই কার্যক্রম প্রশংসার দাবি রাখে।
কিন্তু একই সঙ্গে এ কথাও বলতে হবে যে বিজ্ঞাপনে বর্ণিত ‘নির্যাতিত, অসহায়, নারী, পুরুষ ও শিশুদের কারাবন্দী’ থাকাটাও যেকোনো সমাজের জন্য আইনের শাসনের মারাত্মক ঘাটতি ও দুর্বলতার কথাই মনে করিয়ে দেয়। নির্যাতিত হলে নাগরিকের আইনি প্রতিকার পাওয়ার যে মৌলিক অধিকার, সেটি দেশের কত ভাগ মানুষ ভোগ করতে পারছে, সেটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কেবল অর্থনৈতিক নয়; রাজনৈতিক, সামাজিক, ধর্ম ও সম্প্রদায়গত কারণেও সমাজের দুর্বল ও প্রান্তিক জনগোষ্ঠী আইনি প্রতিকার থেকে বঞ্চিত।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল শুক্রবার গেল বছরের মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। বিশেষ করে বছরের শুরুতে বিরোধী দলের হরতাল-অবরোধকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা এবং বছরের শেষে জঙ্গিবাদের উত্থান এবং ধর্মীয় সংখ্যালঘুসহ প্রান্তিক জনগোষ্ঠীর ওপর উপর্যুপরি হামলার ঘটনা জনগণের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে গুম, গুপ্তহত্যা ও ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যার সঙ্গে যোগ হয়েছে মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে নানা ঘোষিত-অঘোষিত বিধিনিষেধ।
পেছনে নয়, আমাদের সামনেই তাকাতে হবে। সরকার দেশের অর্থনৈতিক উন্নতির যে সাফল্য দাবি করছে, সেটি ধরে রাখার জন্যও মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন প্রয়োজন। বিনা বিচারে দীর্ঘদিন আটকে থাকা মানুষকে আইনি সহায়তা দেওয়ার সরকারি পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো এমন অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক পরিবেশ তৈরি করা, যেখানে কাউকে দীর্ঘদিন কারাগারে আটকে থাকতে হবে না; হরতাল-অবরোধের পাশাপাশি গুম ও বিচারবহির্ভূত হত্যাও বন্ধ করতে হবে।