ছাত্রলীগের নামের আগে একটা বিশেষণ জুড়ে না দিলে এখন বোধ হয় কেউ আর ঠিক চিনতে পারে না, ছাত্রলীগ কী চিজ! মাত্র কিছুদিন আগে ‘চাপাতি লীগ’ নামটি সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে। ঢাকায় বাহাদুর শাহ পার্কের কাছে বিশ্বজিৎকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করার পর ওরা এই খেতাব পায়। বুধবার প্রথম আলোয় বরিশালের ব্রজমোহন কলেজের নতুন অধ্যক্ষকে পেটানোর যে করুণ দৃশ্যটি ছাপা হয়, তা দেখে মনে হচ্ছে, এবার ‘পেটানো ছাত্রলীগ’ নামটি কিছুদিন চলবে, আবার কোনো কীর্তি না করা পর্যন্ত।ছাত্রলীগের কেউ হয়তো ভাববে, ‘চাপাতি’র বদলে শুধু ‘পেটানো’ বিশেষণটি দিয়ে তাদের অবমূল্যায়ন করা হচ্ছে। কারণ, ওরা তো আরও বেশি কিছু করার কৃতিত্ব রাখে। শুধু ‘পেটানো’ খেতাব দিয়ে কেন তাদের অপমান করা হলো! না, তা নয়। কাউকে ছোট করতে চাই না। যদি মনে রাখি, ব্রজমোহন কলেজটি প্রায় সোয়া শ বছরের ঐতিহ্য ধারণ করছে, আর সেই কলেজের একদল উচ্ছৃঙ্খল তরুণ ধাওয়া করছে অধ্যক্ষকে, তাঁর জামার কলার ধরে টানাহেঁচড়া করছে, দু-চারটা কিল-ঘুষি মারছে, তখন বোঝা যায় কত স্পর্ধাই না তারা দেখাচ্ছে। চাপাতির চেয়ে এটা কম নয়। তিনি তো অজ্ঞাত-অখ্যাত কেউ নন। তাঁকে দু-চার ঘা দিলে কলেজের ঐতিহ্য নিমেষে ধুলায় লুটায়। এর চেয়ে সাংঘাতিক কাজ আর কী হতে পারে!ছবিটি খুবই করুণ। একজন সম্মানিত শিক্ষক, বয়সের ভারে যিনি নুয়ে পড়েছেন, তাঁকে ছাত্রলীগের একদল মারমুখী ক্যাডার চোখে কালো চশমা এঁটে তাড়া করছে। অধ্যক্ষ প্রাণের ভয়ে দৌড়াচ্ছেন। পেছনে পেছনে তেড়ে আসছে সেই ভয়াবহ ক্যাডাররা। তিনি আশ্রয় নিলেন পাশের একটি পেট্রলপাম্পে। ছাড়া পেলেন না। তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ল একদল ক্যাডার। যাদের রয়েছে ‘পেটানোর’ বিশেষ প্রশিক্ষণ।বরিশালের মানুষ স্তম্ভিত। ব্রজমোহন কলেজের শ দুয়েক শিক্ষক মর্মাহত। লজ্জায় তাঁদের মাথা নত হয়ে গেছে। এ কলঙ্ক তো তাঁদের কলেজের। বরিশাল মহানগরের। বস্তুত সবার। এ দেশের সাধারণ মানুষের। ছাত্ররা শিক্ষক-অধ্যক্ষকে পেটাবে, এই বাংলাদেশে, এটা তো আমরা কেউ কখনো ভাবিনি।বরিশালে শিক্ষক পেটানোর এই জঘন্য কাজটি এবারই প্রথম। এর আগে কখনো এ রকম হয়নি। কয়েক দিন আগে বরিশাল মেডিকেল কলেজের ছাত্রীহোস্টেলেও নাকি ছাত্রলীগের একদল ক্যাডার গিয়ে হামলা চালিয়েছে। মারপিট করেছে ছাত্রীদের। এদের কোনো মাত্রাজ্ঞান আছে বলে মনে হয় না।এই অধ্যক্ষ নতুন নিয়োগ পেয়েছেন। কিন্তু কাজে যোগদান করতে পারছেন না। কারণ, ১৩ দিন ধরে ছাত্রলীগের এই দলটি তাঁর নিয়োগের বিরুদ্ধে আন্দোলন করে চলেছে। ওরা আগের অধ্যক্ষের বদলি চায় না। তারা ঢুকতে দেবে না নতুন অধ্যক্ষকে।ছাত্রলীগের ক্যাডাররা নিজেদের টাকায় তালা কিনে সব গেটে লাগিয়ে দিয়েছে। অধ্যক্ষ ঢুকতে পারছেন না। ২০০ শিক্ষক কাজে যোগদান করতে পারছেন না। উপাধ্যক্ষ নাকি অধ্যাপকদের হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে নাম স্বাক্ষর করতে বলেছেন। কিন্তু সেখানেও নাকি সব শিক্ষক স্বাক্ষর করতে পারছেন না। সব সময় ভয়ে থাকতে হচ্ছে। কখন কাকে আবার গলাধাক্কা খেতে হয়! এই ক্যাডাররা তো শিক্ষকদের অপদস্থ করতে উদ্গ্রীব। তারা আচার-ব্যবহারের ব্যাকরণ মানবে কেন?অধ্যক্ষ কলেজে যোগদান করতে চান, পড়াতে চান। কিন্তু ছাত্রলীগের এই ক্যাডাররা দেবে না। আরে বাবা, যোগদান করতে দেওয়া না-দেওয়ার তুমি কে? শিক্ষা কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে, তিনি যাবেন। তুমি মারপিট করে ঠেকাতে যাও কেন?এরা নাকি কলেজে বছরের পর বছর ধরে ছাত্র রয়ে গেছে। এক বিভাগ শেষ হলে আরেক বিভাগে ভর্তি হয়। ওদের কেউ কেউ নাকি বিবাহিত। ছেলেপুলেও রয়েছে। বয়স ৩৫ তো হবেই! এরা নাকি কলেজের ছাত্র। এরা অধ্যক্ষ পেটানো ছাত্র!তথাকথিত ছাত্রদের হাতে অসহায় অধ্যক্ষের কিল-ঘুষি খাওয়ার করুণ দৃশ্যটি দেখে প্রথমেই মনে প্রশ্ন দেখা দেয়, এই পেটানোর পেছনে তাদের বাণিজ্যিক স্বার্থটি কী? ওরা তো খামোখা নিজের গাঁটের পয়সা খরচ করে তালা কিনে গেটে লাগানোর লোক না। নিশ্চয়ই ভেতরে কোনো ব্যাপার আছে।খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক দিন আগে কলেজের বিভিন্ন কাজে ব্যয়ের বিষয়ে ৬৬ লাখ টাকার অডিট আপত্তি উঠেছে। এখানে ভাগ-বাঁটোয়ারার প্রশ্ন উঠেছে। তাই ক্যাডাররা চায় না আগের অধ্যক্ষ বদলি হয়ে নতুন কেউ আসুক। তাহলে হয়তো হিসাবে গন্ডগোল দেখা দেবে। আগের অধ্যক্ষকে তাঁর মেয়াদ শেষে দুই বছরের এক্সটেনশন দেওয়া হয়েছিল। কিন্তু এক বছর যেতে না-যেতেই তাঁকে আরেক কলেজে শিক্ষক হিসেবে বদলি করা হয়েছে। এর নিশ্চয়ই কিছু কারণ আছে। কিন্তু ক্যাডাররা চায় না নতুন কেউ আসুক।ঢাকার শাহবাগে তরুণ শিক্ষার্থীরা যখন একাত্তরের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করার দাবিতে দিন-রাত অবস্থান সমাবেশ ও আন্দোলন করে যাচ্ছে, যখন বরিশালের তরুণ শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অশ্বিনীকুমার হলের সামনে একাত্তর মঞ্চ গড়ে তুলে যুদ্ধাপরাধীদের বিচার চাইছে, তখন বরিশালের ছাত্রলীগ নামধারী একদল দুর্বৃত্ত অধ্যক্ষ পেটাচ্ছে।দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী এই কলেজের মান-মর্যাদা ধুলায় লুটিয়ে দিচ্ছে কিছু উচ্ছৃঙ্খল যুবক। তাদের থামাতে হবে। দেখি, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়।আব্দুল কাইয়ুম: সাংবাদিক। [email protected]