পোশাকশিল্পে অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে ৫৯টি কারখানা। শ্রমিকদের দিক থেকে নৈরাজ্যের কোনো ঘটনা ছাড়াই এতগুলো কারখানা বন্ধ রাখার কারণ আমাদের বোধগম্য নয়। মালিকের লোকসান, শ্রমিকদের মজুরি ও কাজ হারানোর আশঙ্কা কোনোভাবেই পোশাকশিল্পের পক্ষে যায় না। সরকার, বিজিএমইএ ও শ্রমিক প্রতিনিধিদের উচিত সত্বর কোনো গঠনমূলক সমাধানে পৌঁছা।
এ কথা সত্য যে, রপ্তানিমুখী শিল্পের সবচেয়ে লাভজনক ক্ষেত্র পোশাক শিল্প খাতের শ্রমিকের মজুরিই সবচাইতে কম। এ অবস্থায়, মজুরি বোর্ড গঠন করে ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণ, গণতান্ত্রিক শ্রম আইন ও নিরাপদ কারখানার জন্য শ্রমিকেরা দাবি জানিয়েছেন। সর্বশেষ ২০১৩ সালের ডিসেম্বরে সরকার পোশাকশিল্পের জন্য ন্যূনতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা নির্ধারণ করে দেয়। কিন্তু এর মধ্যে মুদ্রাস্ফীতি ঘটেছে, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম এবং ঘরভাড়া বেড়েছে। শ্রম আইন ২০০৬-এ তিন বছর পর মজুরি সংশোধনের সুযোগ রাখা আছে। সমাধানের চাবিকাঠি কারখানা বন্ধ করে মামলা ও গ্রেপ্তারের মধ্যে নেই, রয়েছে মজুরি বৃদ্ধির দাবি নিয়ে আলোচনা ও সমঝোতার মধ্যে। তার জন্য সরকারের তরফেই বিজিএমইএকে চাপ দিতে হবে। সরকারি কর্মচারী এবং মন্ত্রী-এমপিদেরও বেতন বেড়েছে। এর প্রভাবে বাজারে জিনিসপত্রের দামও বেড়েছে। মুদ্রাস্ফীতির সঙ্গে তাল রেখে সামঞ্জ্যস্যপূর্ণ ন্যূনতম মজুরি চাওয়া তাই অযৌক্তিক নয়।
পোশাকশিল্পের স্থিতিশীলতার স্বার্থেই শ্রমিকদের ন্যূনতম মানবিক জীবনের নিশ্চয়তা দরকার। শ্রমিকদের মানবেতর দশা বিদেশি ক্রেতাদেশগুলোকেও বিমুখ করে তুলতে পারে। সবকিছুর মধ্যে ষড়যন্ত্র দেখা কিংবা অর্থনীতির সোনার হাঁস শ্রমিকদের ‘শত্রু’ মনে করাই বরং অস্থিতিশীলতার উপাদান। এটা খুবই বিস্ময়কর যে, শ্রমিকেরা কাজে ফিরতে চাইলেও মালিকপক্ষ দরজায় তালা ঝুলিয়ে রাখছে।
গত কয়েক দিনের প্রথম আলোর সংবাদ থেকে দেখা যায়, শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ আগের চেয়ে বেশি কাজ করিয়ে নিচ্ছিল। ছাঁটাই করা হলে ন্যায্য পাওনা পরিশোধেও একশ্রেণির মালিক গড়িমসি করেন। শ্রমিকদের জীবনমানের উন্নতি হলে দক্ষতা ও স্থিতিশীলতা দুটোই বাড়ে। সার্বিক বিবেচনায় সরকার, মালিক, শ্রমিক—এই ত্রিপক্ষীয় সমঝোতাই এখন কাঙ্ক্ষিত।