পোশাকশ্রমিকদের বড় একটি অংশ ঈদের দিনে আবারও বঞ্চনার কষ্ট পাবেন। ঈদ দোরগোড়ায়, অথচ ঘোষিত সময়ের মধ্যে ঈদ বোনাস মেলেনি অধিকাংশ শ্রমিকের। প্রতি ঈদেই এই পরিস্থিতির সৃষ্টি হলেও সরকার ও বিজিএমইএ বরাবরের মতো প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে অভিযুক্ত।
গত রোববারের মধ্যে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ঈদুল আজহার উৎসব ভাতা বা বোনাস দেওয়ার নির্দেশ দিয়েছিলেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক। কিন্তু প্রথম আলোর সোমবারের সংবাদ জানাচ্ছে, অধিকাংশ কারখানাতেই বোনাস দেওয়া হয়নি। এ ছাড়া বোনাসের সঙ্গে চলতি মাসের ১৫ দিনের বেতন দেওয়ার নির্দেশও যথারীতি উপেক্ষিত।
গত ঈদুল ফিতরের সময় সোয়ান গার্মেন্টসের ১ হাজার ৩০০ শ্রমিক প্রেসক্লাবে অনশনে বসে থেকে প্রাণপাত করলেন। ঈদের দিনও তাঁরা প্রেসক্লাবে অনাহারী হয়ে ছিলেন; অথচ কেউ সাড়া দেয়নি। সেই ঈদেও শিল্প পুলিশের হিসাবে নির্ধারিত সময়ের মধ্যে ৪০ শতাংশ কারখানায় বেতন ও ৯০ থেকে ৭০ শতাংশ কারখানা বোনাস দেয়নি (প্রথম আলো, ১২ জুলাই, ২০১৫)। বছরের পর বছর এমন বঞ্চনা চলছে। সরকার যথারীতি নির্দেশ দিয়ে খালাস, জবাবদিহির দায় নেই। বিজিএমইএর আশ্বাসও কখনো বাস্তবায়িত হয় না।
এবারও ঈদের আগে বেতন-বোনাস দেওয়ার জন্য সরকার ও পোশাকশিল্পের মালিকদের সমিতি (বিজিএমইএ) একটি তারিখ ঠিক করে দেয়। অভিজ্ঞতায় দেখা গেছে, সেই তারিখটি হয় ঈদের একেবারে কাছাকাছি এমন এক দিনে, যার পরে আর সরকারি কর্মদিবস থাকে না। এভাবে অনেক মালিক শ্রমিকদের আশায় রেখে শেষ সময়ে লাপাত্তা হয়ে যান; শ্রমিকদেরও তখন অনশন ছাড়া কিছু করার থাকে না। শ্রম আইনে এই প্রতারণার বিচার হলে মালিকপক্ষের এই ফন্দিবাজি চলতে পারত না।
অর্থনীতির প্রাণ শ্রমিকেরা ঈদের দিন পরিবার-সন্তানদের নিয়ে শুকনা মুখে বসে থাকবেন, তা হয় না। আমরা আশা করব, বিজিএমইএ ও শ্রম মন্ত্রণালয় যৌথভাবে বকেয়া বেতন-বোনাস পরিশোধে ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করবে। এই বঞ্চনা আর চলতে দেওয়া যায় না।