পোপ ফ্রান্সিসের ঢাকা সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোপ ফ্রান্সিস। ছবি: রয়টার্স
পোপ ফ্রান্সিস। ছবি: রয়টার্স

পোপ সফরের প্রথম দিন বঙ্গভবনে আয়োজিত এক সুধী সমাবেশে বলেন, ‘কঠিন এই সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত। শুধু রাজনৈতিক বিষয়ের সমাধানই নয়, বাংলাদেশে দ্রুত মানবিক সহায়তাও দিতে হবে।’ মিয়ানমার সফর শেষে ঢাকা এসে তিনি বাংলাদেশে আশ্রিত ১৬ জন রোহিঙ্গা নারী-পুরুষের মুখে তাঁদের ভয়ংকর অভিজ্ঞতার প্রত্যক্ষ বয়ান শুনেছেন; প্রায় ৮ লাখ রোহিঙ্গা প্রাণভয়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়ার কারণে যে অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশ যে বিরাট সমস্যায় পড়েছে, সে সম্পর্কেও তাঁর ধারণা আরও স্পষ্ট হয়েছে বলে আমাদের বিশ্বাস। সফরের দ্বিতীয় দিন তিনি ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ করে সবার পক্ষ থেকে তাঁদের কাছে ক্ষমাপ্রার্থনা করলেন। 

বাংলাদেশ সফরকালে পোপ ফ্রান্সিস ধর্মনেতাসুলভ ভাষায় বলেছেন, তিনি নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে ঈশ্বরের উপস্থিতি টের পেয়েছেন। এ থেকে আমরা ধরে নিতে পারি যে তাঁর দৃষ্টিতে রোহিঙ্গা সংকটের গুরুত্ব যথাযথভাবে স্পষ্ট হয়েছে। এখন এই সংকট সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ‘গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত’ গ্রহণের ওপর জোরালো তাগিদ দেওয়াই প্রত্যাশিত। একই সঙ্গে এটাও ভুলে যাওয়া চলবে না যে পোপ শুধু ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরুই নন, স্টেট অব ভ্যাটিকান সিটির রাষ্ট্রপ্রধানও বটে। জাতিগত নিধনযজ্ঞের শিকার অসহায় রোহিঙ্গা জনগোষ্ঠীর অস্তিত্বের সংকট যখন বাংলাদেশ রাষ্ট্রের জন্যও এক বিরাট সংকটের সৃষ্টি করেছে, তখন শুধু এ দেশে মানবিক সহযোগিতা পাঠানোর আহ্বান যথেষ্ট নয়; রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের স্বদেশে, স্বগৃহে ফিরে যাওয়া এবং নিরাপদে বসবাস করার অধিকার দিতে হবে এমন
আহ্বানও প্রয়োজন।

আমরা আশা করব, পোপ ভ্যাটিকানে ফিরে গিয়েও রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের পক্ষে জোরালো কণ্ঠে কথা বলবেন, বিশ্ব জনমত সৃষ্টিতে ভূমিকা রাখবেন।