পোশাক খাতে ইইউর চাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র সরকার তাদের দেশে বাংলাদেশি পণ্যের জিএসপি-সুবিধা বাতিল করার পর এবার চাপ দিয়েছে বাংলাদেশি পোশাকের বৃহত্তম ক্রেতা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গত সোমবার জেনেভায় ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের বৈঠকে তিনটি বিষয়ে সময় বেঁধে দিয়েছে ইইউ। একদিকে দেশের ভেতরের পোশাকশ্রমিক ও আন্তর্জাতিক ক্রেতাদের চাপ, অন্যদিকে সরকারের ওপর পোশাকশিল্পের মালিকদের চাপ। শ্রমিক ও ক্রেতারা অধিকার ও নিরাপত্তা চান, মালিকেরা চান যেমন চলছে চলুক; কিন্তু শিল্পটি ক্রমেই ধাবিত হচ্ছে অচলাবস্থার দিকে। এ অবস্থায় সরকারের দিক থেকে সিদ্ধান্তসূচক উদ্যোগ নেওয়ার বিকল্প নেই।কথায় বলে, সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়। বাংলাদেশের পোশাকশিল্পের শ্রমিকেরা সর্বদাই অসময়ের মুখে ছিলেন। দেশে অঢেল শ্রমশক্তির সস্তা জোগানের ভরসায় ধরাকে সরা জ্ঞান করছিলেন পোশাকশিল্পের মালিকেরা। কিন্তু বিপর্যয়কর প্রাণহানির ধারাবাহিকতায় পর পর তাজরীন ও রানা প্লাজা ট্র্যাজেডি সহ্যসীমা অতিক্রম করে। পোশাকশিল্পে শ্রমিকের মজুরি, জীবনের নিরাপত্তা ও ট্রেড ইউনিয়ন করার অধিকার আন্তর্জাতিক ইস্যু হয়ে ওঠে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন পরিস্থিতির উন্নতির জন্য শক্ত মনোভাব দেখানো শুরু করে। জেনেভায় ইউরোপীয় ইউনিয়ন আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশকে হুঁশিয়ারি করা এরই ফল।বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিসহ পোশাকশিল্প খাতের নেতারা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা এবং আইএলওর মহাপরিচালক গাই রাইডার। ইইউ দেখতে চায়, সংসদের চলতি অধিবেশনেই শ্রমিকদের সংগঠন করার অধিকারসংবলিত সংশোধিত শ্রম আইন পাস হোক। এখন হাতে গোনা কারখানা পরিদর্শকের সংখ্যাকে ডিসেম্বরের মধ্যে ২০০-তে উন্নীত করা এবং আগামী বছরের জুনের মধ্যে সব কারখানার অবস্থা পরিদর্শন শেষ করার আলটিমেটামও সেখানে উচ্চারিত হয়। এর পরে বাংলাদেশের আর গড়িমসি করার সুযোগ নেই।অথচ এই দাবিগুলোই যখন শ্রমিক ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে করা হচ্ছিল, তখনই যদি সরকার ও মালিকপক্ষ ইতিবাচক সাড়া দিত, তাহলে জেনেভায় গিয়ে পররাষ্ট্রমন্ত্রীকে বেকায়দায় পড়তে হতো না। এটা ঠিক যে যত দিন শ্রম সস্তা থাকবে, তত দিন ক্রেতারা এ দেশে আসবেনই। কিন্তু সস্তা শ্রমেরও সীমা আছে, আর শ্রমবাজারে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হিসেবে কম্বোডিয়া, ভিয়েতনামসহ বেশ কিছু দেশ তৈরিও হচ্ছে। পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি স্বার্থের কথা চিন্তা করলে শ্রমিকের অধিকার ও নিরাপত্তা দিতেই হবে। কেবল তখনই সম্ভব এ খাতে বর্ধিত খরচ মেটাতে ইইউ ও যুক্তরাষ্ট্রের ক্রেতাদের চাপ দেওয়া। কেননা, মুনাফার বেশির ভাগ তাঁরাই ভোগ করেন, বাংলাদেশ নয়।পোশাক খাতের উদ্যোক্তাদের অবদান অস্বীকার করা যাবে না। কিন্তু আর মৃত্যু, নিপীড়ন ও বঞ্চনাও দেখা সম্ভব নয়। পোশাকশ্রমিকেরা দেশের সামর্থ্য বাড়াচ্ছেন, তাঁদের সামর্থ্য বাড়ানো এখন সরকারের কর্তব্য। শেষ পর্যন্ত সরকারই পোশাক খাতের সংস্কারের চূড়ান্ত কর্তৃপক্ষ।