২০ রোজার মধ্যে ঈদ বোনাস ও ঈদের ছুটির আগে চলতি মাসের বেতন পরিশোধে সরকারি নির্দেশনা ছিল। গত মে মাসে পোশাকশিল্পসহ অন্যান্য শিল্প-কারখানার পরিস্থিতি পর্যালোচনায় গঠিত ক্রাইসিস ম্যানেজমেন্ট-বিষয়ক কোর কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়। শ্রম প্রতিমন্ত্রীও অনুরূপ আশ্বাস দিয়েছিলেন। সেই ২০ রমজান গত হয়েছে দুই দিন হলো। কিন্তু বরাবরের মতো এবারও ঈদের আগে বেতন-বোনাসের জন্য হাহাকার করতে হচ্ছে অনেক কারখানার শ্রমিককে।
রোববারের প্রথম আলোর সংবাদে প্রকাশ, ঠিক কত শতাংশ কারখানায় বোনাস দেওয়া হবে এবং হয়েছে, তা পরিষ্কার করে জানাতে পারেনি পোশাকশিল্পের পুরোধা দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। তারা ৭০ শতাংশ কারখানায় বোনাস দেওয়া হয়েছে এবং বাকিগুলোতেও দেওয়া হবে বলে আশ্বস্ত করেছে। কিন্তু বাস্তবে কারও কাছে পূর্ণাঙ্গ তথ্য নেই। শ্রমিক সংগঠনগুলোর দাবি, মাত্র ২৫ থেকে ৩০ শতাংশ কারখানা প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছে। তা ছাড়া, চলতি মাসের বেতন ঈদের আগেই দেওয়ার প্রশ্নটাও একই রকম অনিশ্চিত।
গত বছরও এ রকম অনিশ্চয়তা ও অপ্রাপ্তি নিয়ে ঈদ করতে হয়েছে অনেক শ্রমিক পরিবারকে। দিন যায় কিন্তু তাঁদের দেওয়া কথা কেউ রাখে না। সাবালক ও পরিপুষ্ট হয়ে ওঠা পোশাকশিল্প খাতে সুশাসন কি আসবে না? কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশে ৪ হাজার ৮০৯টি পোশাক কারখানা আছে। এত কারখানা পরিদর্শনে সরকার বা অন্য কোনো সংস্থার উপযুক্ত লোকবল তৈরি করা হয়নি। অথচ এসব কারখানার শ্রমিকদের মেহনতেই পোশাকশিল্প দেশের অন্যতম প্রধান বৈদেশিক মুদ্রার উৎস!
এখনো সময় আছে। সক্ষম কারখানাগুলোকে বাধ্য করতে হবে এবং যারা দুর্বল তারা আংশিক নিজস্ব লাভ থেকে এবং আংশিক ঋণ নিয়ে ঈদের আগেই শ্রমিকদের পাওনা পরিশোধ করতে পারে। একমাত্র সরকার কঠোরভাবে উদ্যোগী হলেই লাখো শ্রমিক পরিবারে ঈদ আনন্দ নিয়ে হাজির হবে, নচেৎ নয়।