পোশাক খাতের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবং গত মঙ্গলবার তৈরি পোশাক খাতের তিনটি সংগঠন সাম্প্রতিক হরতাল ও রাজনৈতিক সহিংসতায় যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে, তাকে আমরা যথার্থ বলেই মনে করি। অস্বীকার করার উপায় নেই, ক্রমাগত হরতাল দেশের ব্যবসা-বাণিজ্যে ধস নামানোর পাশাপাশি জনজীবনকেও বিপর্যস্ত করে তুলেছে। এই মুহূর্তে এর প্রতিকার না হলে কেবল তৈরি পোশাক ও বস্ত্র খাতই নয়, গোটা অর্থনীতিই ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তৈরি পোশাক ও বস্ত্র খাতের তিন সংগঠন বিজিএমইএ, বিকেএমই ও বিটিএমএর নেতারা মঙ্গলবার সংবাদ সম্মেলন করে সাম্প্রতিক হরতাল ও সহিংসতার আর্থিক ক্ষতির যে বিবরণ দিয়েছেন, সামগ্রিক ক্ষতির পরিমাণ তার চেয়ে অনেক বেশি। সংবাদ সম্মেলনে দেওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যে ৩২টি কারখানার দুই কোটি ৫৬ লাখ ডলারের তৈরি পোশাকের কার্যাদেশ বাতিল হয়েছে, পরিবহন ব্যয় কয়েক গুণ বেড়েছে। এর চেয়েও উদ্বেগজনক হলো, বিভিন্ন দেশ থেকে নতুন ক্রেতারা এসেও অস্থির রাজনৈতিক পরিস্থিতির কারণে কার্যাদেশ না দিয়েই ফিরে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই আমাদের প্রতিযোগী রাষ্ট্রগুলো এই সুযোগটি নিচ্ছে। সাম্প্রতিক সময়ে ভিয়েতনাম ও কম্বোডিয়ার রপ্তানি বেড়েছে যথাক্রমে ২২ ও ১৫ শতাংশ। সংবাদ সম্মেলনে ‘আমরা আর পারছি না’ বলে ব্যবসায়ী নেতারা যে আহাজারি করেছেন, সমস্যা সমাধানে তা-ই যথেষ্ট নয়। রপ্তানি আয়ের ৭২ শতাংশ অর্জনকারী তৈরি পোশাক খাতকে কীভাবে রাজনৈতিক নেতৃত্ব উপেক্ষা করে? ক্ষমতাসীন ও বিরোধী—উভয় দলেই তৈরি পোশাকশিল্পের মালিকসহ ব্যবসায়ীদের প্রাধান্য আছে। তাঁদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ করা যায় জাতীয় সংসদেও। তাহলে কেন তাঁরা চলমান রাজনৈতিক সংকট সমাধানে দুই পক্ষকে একটি সমঝোতায় আসতে বাধ্য করতে পারছেন না? ব্যবসায়ী নেতারা রাজনীতি ও অর্থনীতি পাশাপাশি চলার কথা বললেও অনেক ক্ষেত্রে তাঁরাও দুটিকে একাকার করে ফেলেন। ফলে তাঁদের কোন পরিচয়টি মুখ্য, তা নির্ধারণ করাও কঠিন হয়ে পড়ে। তৈরি পোশাক খাতে নিয়োজিত শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি এখনো অনেক শিল্পমালিকের কাছে গুরুত্বহীন বলে প্রতীয়মান হচ্ছে। এ ব্যাপারে বিজিএমইএও কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। কয়েক মাস আগে সংঘটিত তাজরীন ফ্যাশনসের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বিজিএমইএ আইন ভঙ্গকারী সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে হয়তো সাভারের বেদনাদায়ক ঘটনা এড়ানো যেত।