বৈশ্বিক পোশাক রপ্তানিতে বাংলাদেশ ধীরে হলেও এগোচ্ছে, এটা সুসংবাদ। যেখানে ২০০০ সালে বৈশ্বিক বাজারের ২ দশমিক ৬ শতাংশ বাংলাদেশ জোগান দিত, সেখানে এখন দিচ্ছে ৪ দশমিক ৮ শতাংশ। এক বিচারে চীনের পরেই বাংলাদেশের অবস্থান। কিন্তু চীনের ৩৭ দশমিক ৩০ শতাংশের তুলনায় বাংলাদেশ ৪ দশমিক ৮ শতাংশ মোটেই তুলনীয় শক্ত অবস্থান নয়। তা ছাড়া ভারত, ভিয়েতনামসহ নতুন নতুন দেশ এই বাজারে প্রতিযোগিতায় নামছে। কঠিন প্রতিদ্বন্দ্বীদের হাত থেকে বাংলাদেশের বাজার রক্ষা করা তাই অন্যতম জাতীয় অগ্রাধিকার হওয়া উচিত।সম্প্রতি প্রকাশিত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘ইন্টারন্যাশনাল ট্রেড স্ট্যাটিস্টিকস ২০১২’ বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের ইতিবাচক চিত্র হাজির করেছে। এর পরিসংখ্যান দেখাচ্ছে, এককভাবে চীনের অধিকারেই রয়েছে আন্তর্জাতিক পোশাক-বাণিজ্যের প্রায় ৩৮ শতাংশ। এর পরে ২৮ দশমিক ২০ শতাংশ নিয়ে সম্মিলিতভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ২৭টি দেশের জোট হিসেবে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে তৃতীয় অবস্থানে ঠেলে দিলেও, একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান চীনের পরেই। তা ছাড়া চীন, ইইউ, ভারত ও তুরস্কের মতো পোশাক রপ্তানিকারক শক্তিশালী অর্থনীতির দেশগুলোর চেয়ে বার্ষিক প্রবৃদ্ধিতেও বাংলাদেশ এগিয়ে রয়েছে। সবই ইতিবাচক, কিন্তু মুশকিল হলো, এই খাত এখনো শঙ্কামুক্ত নয়। অভ্যন্তরীণভাবে রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও অব্যবস্থাপনা এই খাতের রাশ টেনে ধরেছে। পোশাকশিল্পের মালিকদের সিংহভাগের শ্রমিক বৈরী মনোভাবও এই খাতকে মাঝেমধ্যে ঝুঁকিতে ফেলে। শ্রমিকদের উপযুক্ত মজুরি দেওয়ার মতো লাভজনক অবস্থায় যখন শিল্পটি রয়েছে, তখন তা দেওয়ার মাধ্যমে উৎপাদনশীলতা এবং মুনাফা দুটোই আরও বাড়ানো সম্ভব। অন্যদিকে, জাতীয় অর্থনৈতিক অব্যবস্থাপনার ধকলও এই শিল্পটিকে সইতে হয়। পাশাপাশি এ খাতে মানবাধিকার লঙ্ঘন, বিশেষত শ্রমিকনেতা আমিনুল ইসলামের হত্যাকাণ্ডের মতো ঘটনাও পশ্চিমা ক্রেতাদের মনে নেতিবাচক দাগ ফেলেছে। তৃতীয় ঝুঁকিটি আন্তর্জাতিক। কোনো কোনো দেশ বাংলাদেশের নামে নিম্নমানের পোশাক রপ্তানির মাধ্যমে বাজারে সুনামের ক্ষতি করছে। সুতরাং মান নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনাকে আরও উন্নত ও মানবিক করা, মজুরি-বঞ্চনা কমানোর মাধ্যমে এই খাতের গতি ও ভিত্তি আরও জোরদার করা সম্ভব। এই শিল্পের নেতারা প্রায়শই গ্যাস-বিদ্যুৎসহ অবকাঠামো অসুবিধার কথা বলে থাকেন। উপযুক্ত এলাকায় এসব সুবিধাসংবলিত শিল্পপার্ক স্থাপনও তাই সময়ের দাবি। এই খাতে নতুন বিনিয়োগ ও নতুন কারখানার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির দায়িত্ব তাই সরকারের। ২০১১ সালে বাংলাদেশের তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ২৭ ভাগ। এ বছর এই হার আরও বাড়ার কথা। দেশের অর্থনীতিতে পোশাকশিল্পের নেতৃত্বদানকারী ভূমিকাও অস্বীকার করা যায় না। অন্যদিকে চীন পোশাকশিল্পের বাজার কমিয়ে ফেলায় ছেড়ে দেওয়া বাজার বাংলাদেশকে ধরতে হলে সুদূরপ্রসারী পরিকল্পনার কোনো বিকল্প নেই।