তৈরি পোশাক কারখানা তাজরীনে ১১১ জন শ্রমিকের আগুনে পুড়ে মৃত্যুর পর অল্প কিছুদিন না যেতেই গত শনিবার বেলা দুইটায় ঢাকার আরেকটি পোশাক কারখানায় দুই ঘণ্টা ধরে আগুন লেগে মারা গেছেন সাতজন শ্রমিক। উল্লেখ্য, এই সাতজন শ্রমিকের সবাই নারী। তাঁরা অবশ্য তাজরীন পোশাক কারখানার মতো আগুনে পুড়ে মারা যাননি, মারা গেছেন ধোঁয়ায় দম বন্ধ এবং পদদলিত হয়ে। বিভিন্ন সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থার সূত্রে পরিবেশিত খবর অনুযায়ী জানা যায়, জোছনা আক্তার (২০), লাইজু আক্তার (১৭), নাসিমা বেগম (২৮), নাসিমা খাতুন (১৬), কোহিনূর আক্তার (১৬), ফাতেমা আখতার (১৭), রাজিয়া আক্তারসহ (১৬) মোট সাতজন মৃত শ্রমিকই নারী। বেশ কিছু দশক ধরে বাংলাদেশে পোশাকশিল্পের বিকাশ এবং সেখানে সুলভ মূল্যে বিপুল পরিমাণে নারী শ্রমিকের অংশগ্রহণের মতো আশাব্যঞ্জক খবরের পাশাপাশি প্রায়ই পোশাকশিল্প কারখানায় দুর্ঘটনা ও সেসব দুর্ঘটনায় আহত-নিহত শ্রমিকদের মধ্যে মেয়েদের সংখ্যাগরিষ্ঠ উপস্থিতি ভাবিয়ে তুলছে যে দারিদ্র্যের/ দুর্ভিক্ষের/ দুর্যোগের নারীকরণের মতো পোশাকশিল্পে দুর্ঘটনারও কি ‘নারীকরণ’ ঘটছে? এই বাংলার মসলিন শিল্পে কোমল বাঙালি নারীর হাতে ‘কোমলতর, সূক্ষ্ম’ মসলিন বুননের প্রশংসা করেছেন বহিরাগত ঐতিহাসিক ও ভূ-পর্যটকেরা। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমাদের মসলিন শিল্প ধ্বংস করলেও অদ্ভুতভাবে বাংলাদেশে পোশাকশিল্পে আশির দশক থেকেই নিয়োগদাতারা শিল্পটির একটি ‘নারীকরণ’ নীতি গ্রহণ করেন। ধীরে ধীরে পোশাকশিল্প কারখানায় ৯০ ভাগ শ্রমিকই হয়ে ওঠেন নারী শ্রমিক। মূলত মেয়েদের ‘নরম আঙুল’ এবং সেলাইয়ে দক্ষতার কারণেই এই নিযুক্তি দেওয়া হয়েছে। পারিবারিক-সামাজিক-সাংস্কৃতিকভাবেও মেয়েরা যেহেতু নিজস্ব দাবি-দাওয়া বা চাহিদা জোর গলায় বলার শিক্ষা পায় না, বরং নিজের সব চাহিদা মুখ বুজে থাকার শিক্ষাই পেয়ে থাকে, সেহেতু পোশাকশিল্পের নারী শ্রমিকেরাও পুুরুষের তুলনায় কর্মক্ষেত্রে নানা নিগ্রহ বা বৈষম্য নিয়ে সোচ্চার হবে না, ট্রেড ইউনিয়ন আন্দোলন বা অধিকার আদায়ের সংগ্রামে লিপ্ত হবে না—এমন হিসাবও পোশাকশিল্পে নিয়োগদাতাদের মনে কাজ করে থাকবে। সত্যি বলতে, আজ বিশ্বজুড়ে ‘নারী শ্রম’ হলো ‘সস্তা শ্রম।’ ঘন ঘন নদীভাঙন, জলবায়ু পরিবর্তন, গ্রাম থেকে শহরে অভ্যন্তরীণ অভিবাসন, সমাজের দরিদ্র শ্রেণীতে স্বামী পরিত্যক্ত নারীর সংখ্যা বৃদ্ধি, একক মা পরিচালিত দরিদ্র পরিবারের সংখ্যা বৃদ্ধি বাংলাদেশের পোশাকশিল্পে অবিশ্বাস্য সস্তা নারী শ্রমের নিরন্তর জোগান সম্ভবপর করে তুলেছে। ‘সস্তার তিন অবস্থা’র মতোই এই ‘সস্তা শ্রমিকে’র করুণ দশার শেষ নেই। ‘বাংলাদেশ কারখানা আইন ১৯৬৫’-এর নিয়মবিধি মেনে খুব কম পোশাকশিল্প কারখানাই চলে। অগ্নিনির্বাপণ ব্যবস্থার করুণ দশা, কারখানাগুলোয় বিকল্প সিঁড়ির অভাব, কারখানাগুলোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অপরিসীম মুনাফার লোভ, যার চূড়ান্ত প্রকাশ দেখা গেছে সম্প্রতি তাজরীন পোশাক কারখানায় আগুনের শিখা দেখে শ্রমিকেরা বের হতে চাওয়া সত্ত্বেও মালিকপক্ষ থেকে তাঁদের বের হতে না দেওয়ার ঘটনায়, শ্রমিকদের জন্য পর্যাপ্ত ইনস্যুরেন্স বা বিমাব্যবস্থা না থাকা ইত্যাকার নানা শর্তের সমাবেশ শ্রমিকের জীবনকে মানবীয় জীবনের কোনো আশ্বাস দেয় না। এই অনিরাপদ কারখানাগুলোয় যখন তথাকথিত প্রোডাকশনের স্বার্থে মালিকপক্ষ আগুন লাগার পরও কারখানার তালা খুলে দেয় না, অসহায় আর আতঙ্কগ্রস্ত শ্রমিকদের কারখানার ছাদ বা বিভিন্ন ফ্লোরের জানালা থেকে ঝাঁপিয়ে পড়তে হয়, তখন নারী শ্রমিকেরাই আহত-নিহত হন বেশি। এর কারণ একাধিক। পুরুষের ‘জৈবিক ক্ষিপ্রতা’ বা ‘বায়োলজিক্যাল অ্যাডভান্টেজ’ তো আছেই। পাশাপাশি আমাদের সমাজে কৈশোর থেকেই মেয়েদের বাইরে বের হতে না দেওয়া, শরীরচর্চা বা খেলাধুলার সুযোগ না থাকার কারণে আমাদের দেশের মেয়েরা শারীরিকভাবে যথেষ্ট পরিমাণে ক্ষিপ্র ও তৎপর নয়। উন্নত বিশ্বে নারী-পুরুষের দৈর্ঘ্য বা উচ্চতা, ওজনে ফারাক খুব কম থাকে। অথচ বাঙালি মেয়েরা গড়ে পুরুষের চেয়ে বেশ হ্রস্ব হয়ে থাকে। পারিবারিকভাবে শৈশব থেকেই মেয়েদের পুষ্টির বৈষম্য এর একটি বড় কারণ। এ ছাড়া আমাদের সংস্কৃতিতে নারীর পোশাককে যথেষ্ট ‘মেয়েলি’ হতে হয়। এই ‘মেয়েলি’ পোশাক যেমন শাড়ি, বড় ঝুলের ওড়না সব সামলে কারখানায় আগুন লাগলে পুরুষের মতো লাফিয়ে পড়া, ধাক্কাধাক্কি করে সিঁড়ি বেয়ে নামা, বিকল্প সিঁড়ির নামে লোহার মই বেয়ে নামা অনেক সময়ই মেয়েরা পারে না। পায়ের নিচে পিষ্ট হয়েও মারা যান অনেকেই। পশুর মৃত্যুর চেয়েও পোশাক কারখানার নারী শ্রমিকের মৃত্যু সস্তা। দেশের কোনো চিড়িয়াখানায় কর্তৃপক্ষের অবহেলায় একটি শিম্পাঞ্জি, বাঘ বা সিংহের মৃত্যু হলে আমরা দুঃখ প্রকাশ করি। অবহেলায় পশুর মৃত্যুরও শাস্তি অবশ্যই বিধান হতে হবে। কিন্তু শ্রমিক, বিশেষত নারী শ্রমিকের মৃত্যু বুঝি চিড়িয়াখানায় পশুর মৃত্যুর চেয়েও কম উদ্বেগজনক আজ আমাদের কাছে? অদিতি ফাল্গুনী: কথাসাহিত্যিক।