পোশাকশ্রমিকদের দুর্দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনা সংকটের ধাক্কা যাতে তৈরি পোশাকশিল্পসহ রপ্তানিমুখী শিল্প খাত সামাল দিতে পারে, সে জন্য সরকার পাঁচ হাজার কোটি টাকা প্রণোদনা ঘোষণা করলে আশা করা হয়েছিল যে পোশাকশ্রমিকেরা মাস শেষে মজুরি পাবেন। কিন্তু করোনাজনিত ছুটির মেয়াদ এক মাস পার হলেও অনেক কারখানার মালিক শ্রমিকদের মজুরি পরিশোধ করেননি। আইন অনুযায়ী, প্রতি মাসের মজুরি পরের মাসের ৭ তারিখের মধ্যে দেওয়ার কথা। বিজিএমইএর নেতারা বলেছিলেন, এপ্রিলের ১৬ তারিখের মধ্যে শ্রমিকেরা মজুরি পাবেন। কিন্তু ২৪ এপ্রিল পর্যন্ত বেশ কিছু কারখানার শ্রমিকেরা মজুরি পাননি।

এদিকে শ্রমিকদের জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দেখা দিয়েছে তৈরি পোশাকশিল্পে পাইকারি লে-অফ ঘোষণা। গত এক মাসে ৯০ শতাংশ কারখানা লে-অফ ঘোষণা করা হয়েছে। কারখানা লে-অফ থাকলে শ্রমিকেরা অর্ধেক মজুরি পাবেন। মালিকপক্ষের দাবি, উৎপাদন বন্ধ থাকায় কারখানা লে-অফ ঘোষণা ছাড়া তঁাদের বিকল্প ছিল না। অন্য সময়ে এই যুক্তি ঠিক থাকলেও করোনা সংকটের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলাকালে কারখানা লে-অফ করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শ্রমিকেরা ইচ্ছা করে কিংবা দাবিদাওয়া আদায়ের জন্য ছুটিতে যাননি।

৯০ শতাংশ তৈরি পোশাক কারখানা লে-অফের খবরে শ্রমিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে সরকার বলেছে, লে-অফ ঘোষণাকারী মালিকেরা আর্থিক সহায়তা পাবেন না। কিন্তু শেষ পর্যন্ত সরকার সিদ্ধান্তে অনড় থাকতে পারবে কি না, সে বিষয়ে সন্দেহ আছে। আমরা মনে করি, সরকার যেমন মালিকদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে, মালিকদেরও উচিত শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করা।

বুধবার কারখানা খোলার বিষয়ে যে ত্রিপক্ষীয় বৈঠক হয়, তাতে মালিকেরা কারখানা লে-অফের বিষয়ে অনমনীয় মনোভাব দেখিয়েছেন। ওই বৈঠকে পর্যায়ক্রমে কারখানা খুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে; কিন্তু এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিজিএমইএ বলেছে, ৯৬ শতাংশ কারখানার শ্রমিকদের মজুরি দেওয়া হয়েছে, যার মোট সংখ্যা ২৪ লাখ ২৪ হাজার ৪১৭। বাকি ৪ শতাংশ কারখানার মজুরি পরিশোধের প্রক্রিয়াধীন রয়েছে। তঁাদের তথ্য অনুযায়ী, ঢাকার ৩৬০টি কারখানার মধ্যে ২০টি, গাজীপুরের ৮০৮টি কারখানার মধ্যে ২৮টি, সাভার-আশুলিয়ার ৪৭১টি কারখানার মধ্যে ৯টি, নারায়ণগঞ্জের ২৬৯টি কারখানার মধ্যে ৯টি, চট্টগ্রামের ৩২৪টি কারখানার মধ্যে ২৩টি এবং প্রত্যন্ত অঞ্চলের ৪২টি কারখানার মধ্যে ৩টি শ্রমিকদের মার্চ মাসের মজুরি পরিশোধ করেনি। এর সঙ্গে বিকেএমইএর সদস্য কারখানার হিসাব ধরলে মজুরিবঞ্চিত শ্রমিকের সংখ্যা আরও বেড়ে যাবে।

শ্রমিক সংগঠনগুলো বলেছে, আরও বেশিসংখ্যক কারখানায় শ্রমিক মজুরি থেকে বঞ্চিত রয়েছেন। অনেক কারখানায় অর্ধেক মজুরি দেওয়া হয়েছে। বেশ কিছু কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে ২৫ হাজার শ্রমিক বেকার হয়েছেন বলে শ্রমিক সংগঠনগুলো দাবি করেছে।

এ অবস্থায় শ্রমিকেরা কোথায় যাবেন, কীভাবে চলবেন? জীবনযাত্রা স্বাভাবিক থাকলে ধারকর্জ করেও কিছুদিন না হয় শ্রমিকেরা চলতে পারতেন। কিন্তু করোনার এ অস্বাভাবিক সময়ে তা সম্ভব নয়। অতএব, যেসব কারখানায় এখনো শ্রমিকদের মার্চ মাসের মজুরি বাকি আছে, তাদের অবিলম্বে তা পরিশোধ করার উদ্যোগ নিতে হবে। এ ব্যাপারে বিজিএমইএর দায়িত্ব এড়ানো উচিত নয়। একই সঙ্গে কারখানা লে–অফ ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে আসতে মালিকের প্রতি আহ্বান জানাই।