পোশাকশ্রমিকদের নিরাপত্তা
ওয়ালমার্ট, জেসি পেনি, গ্যাপ বা টার্গেটের মতো আমেরিকার যেকোনো বড় পোশাকের দোকানে গেলে পোশাকের গায়ে ‘মেড ইন বাংলাদেশ’ শব্দটি দেখে প্রবাসীরা নিশ্চয় পুলকিত হন। আবার এমন ঘটনা অনেক ঘটে যে বিদেশের বড় দোকান থেকে বিদেশি পোশাক কিনে বাড়িতে এসে একই ‘শব্দত্রয়ী’ দেখে হতাশা বোধ হয়। তবে হতাশার চেয়ে পুলকিত হওয়াটাই বোধ হয় যৌক্তিক। কিন্তু যাঁদের শ্রম ও ঘামের বিনিময়ে পুলক বা হতাশা সঞ্চারের হেতু তৈরি হয়, তাঁরা কেমন আছেন তা জানতে আমাদের আগ্রহের ঘাটতি আছে বলেই মনে হয়।
আমেরিকায় ২০১৬ সালে বাংলাদেশের মোট পোশাক রপ্তানির পরিমাণ ছিল ৫৩০ কোটি ডলারের বেশি। সংখ্যা হিসেবে এটা নিশ্চয় উৎসাহের। আর এ কথা বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশের পোশাক খাত গত দুই দশকের বেশি সময় ধরে যেভাবে ক্রমাগত এগিয়ে গেছে, তাতে গর্ব করার মতো যথেষ্ট উপাদান আছে। দেশের আর্থসামাজিক পরিবর্তনে তা এক অনন্য ভূমিকা রেখেছে। পোশাক খাতের দক্ষতা নিয়েও অনেক দেশের ঈর্ষার কারণ হয়েছে বাংলাদেশ।
কিন্তু আলোর নিচে অন্ধকারের মতো এই শিল্পের সঙ্গে শ্রমিকদের নিরাপত্তা, জীবনমান নিয়ে চিন্তা এখনো দূর হয়নি। বিশেষ করে চার বছর আগে রানা প্লাজা ধসের মর্মান্তিক ঘটনায় ১১০০-এর বেশি মানুষের মৃত্যু এবং পরবর্তী সময়ে আরও অনেকের জীবন্মৃত অবস্থায় দিনাতিপাত, একসঙ্গে অনেক প্রশ্ন সামনে নিয়ে আসে। বিশেষ করে নিরাপত্তার।
বাংলাদেশের পোশাকমালিকদের একটা বড় অংশ নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করলেও বিদেশি ক্রেতারা তা পারেননি। তাঁদের ওপর ওই দেশের খুচরা ক্রেতাদের বড় চাপ ছিল, এখনো আছে। আমেরিকার শ্রমিক ও বিভিন্ন সামাজিক সংগঠন বিষয়টি জোরালো ভাষায় তুলে ধরেছে। ফলে নিরাপত্তা কতটা মজবুত তা দেখতে বিদেশি পোশাক ক্রেতাদের পৃষ্ঠপোষকতায় অ্যাকর্ড বা অ্যালায়েন্স নামের জোট গড়ে ওঠে, যা দেশীয় পোশাক কারখানার মালিকদের ওপর চাপ তৈরিতে কার্যকর ভূমিকা রেখেছে। আর এই চাপের কারণে পরিস্থিতি আগের চেয়েও উন্নত হয়েছে বলা যায়, তবে তুষ্ট হওয়ার মতো কিছু হয়নি।
সবদিক বিবেচনা করলে, পোশাক খাত নিয়ে আমাদের আত্মজিজ্ঞাসা বা আত্মবিশ্লেষণের সময় চলে এসেছে।