পোশাকশ্রমিকদের রাস্তা অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের বিষয়টি যেন প্রাত্যহিক ঘটনা। পোশাকশ্রমিকদের বিক্ষোভ, অবরোধ, ধর্মঘট বা ভাঙচুর আজ এখানে তো কাল ওখানে—এসব ঘটেই চলেছে। এই শিল্পের বয়স কম হয়নি, কিন্তু এত দিনেও এই খাতে স্থিরতা এল না। গত রোববারও বিমানবন্দর সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকেরা। সপ্তাহের শুরুর দিনে শ্রমিকদের এই অবরোধ সৃষ্টি করেছিল দীর্ঘ যানজটের।কম বেতন, বেশি পরিশ্রম, সুযোগ-সুবিধার অভাব ও অমানবিক কর্মপরিবেশ—এ নিয়েই চলছে আমাদের তৈরি পোশাক খাত। এসব নিয়ে আলোচনা-সমালোচনা, আন্দোলন ও দেনদরবার কম হয়নি। কিন্তু অগ্রগতি খুবই সামান্য। আগুনে পুড়ে, ভবনধসে শ্রমিকের মৃত্যু থামানো যায়নি। ক্রেতা ও বিভিন্ন আন্তর্জাতিক চাপও কাজে দিচ্ছে না। যুক্তরাষ্ট্র এ কারণে জিএসপি-সুবিধাও বাতিল করেছে। কিন্তু পোশাকশিল্পের মালিকদের অনেকেই এর পরও শ্রমিকদের ন্যূনতম সুবিধার বিষয়টি নিশ্চিত করছেন না।রোববার শ্রমিকেরা রাস্তা অবরোধ করেছিলেন টিফিন ভাতা বৃদ্ধিসহ বেতন-ভাতা বাড়ানোর দাবিতে। এটা দুর্ভাগ্যজনক যে দিনরাত পরিশ্রম করে যে শ্রমিকেরা কারখানা সচল রাখেন, তাঁদের এখনো টিফিনের পয়সার জন্য রাস্তায় নামতে হচ্ছে। শ্রমিকেরা রাস্তা অবরোধ করায় যে যানজটের সৃষ্টি হয়েছে, তাতে লোকজনের দুর্ভোগ চরমে পৌঁছেছিল। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে অবরোধকারীদের সরিয়ে দিয়েছে। যান চলাচলের স্বার্থে ও জনদুর্ভোগ দূর করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে হয়তো বিকল্প ছিল না। কিন্তু রাস্তা অবরোধকারী শ্রমিকদের বল প্রয়োগ করে সরিয়ে দিলেই কি শ্রমিক অসন্তোষ দূর হয়ে যাবে? মূল সমস্যার সমাধান না হলে আবার রাস্তা অবরোধ বা অন্য কোনো ধরনের আন্দোলন যে হবে না, তার নিশ্চয়তা কী।তৈরি পোশাকশিল্পকে যেকোনো মূল্যে একটি সুস্থির শিল্প খাতে পরিণত করতে হবে। বাংলাদেশের অর্থনীতিতে যে খাত গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে, সেই খাতে সব সময় অস্থিরতা বিরাজ করবে, শ্রমিকেরা ন্যূনতম অধিকার, মানবিক কাজের পরিবেশ ও যথাযথ বেতন-ভাতা পাবেন না, তা হতে পারে না। বিষয়টিকে সামগ্রিকভাবে দেখতে না পারলে এ ধরনের অসন্তোষের প্রকাশ ঘটতেই থাকবে।