কোনো সন্দেহ নেই যে, রানা প্লাজার বিয়োগান্ত ঘটনার পরে পোশাক তৈরির কারখানার নিরাপত্তাব্যবস্থার বেশ উন্নতি হয়েছে। একই ঘটনার ধাক্কায় শ্রমিকদের বেতন-ভাতাও কিছু বেড়েছে। বিদেশি পোশাক ক্রেতাদের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা ‘অ্যাকর্ড’ ও ‘অ্যালায়েন্স’ নামের দুটি জোট কারখানা সংস্কারবিমুখ মালিকদের ওপর চাপ দিতে কমবেশি কার্যকর ভূমিকা রেখেছে।
কিন্তু রানা প্লাজা ধসের চার বছরে এসে আমরা মনে করি, আমাদের পোশাক খাতসংশ্লিষ্টদের একটা আত্মজিজ্ঞাসার দরকার আছে। কিসের বিনিময়ে কী পেলাম। সহস্রাধিক শ্রমিকের প্রাণহানি, দেড় শতাধিক শ্রমিক নিখোঁজ থাকা, অনেকের অঙ্গহানির বিনিময়ে ‘বৃহত্তম কারখানা’গুলো আজ বেশি নিরাপদ হয়েছে। অথচ রানা প্লাজার ভিকটিমদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ আজও অমীমাংসিত। এমনকি একটি উল্লেখযোগ্যসংখ্যক শ্রমিকের কর্মসংস্থান হয়নি। আর সত্যি বলতে কি, রপ্তানিমুখী কারখানাগুলোর উন্নয়ন দেখে আজও এই খাতের সামগ্রিক উন্নয়নকে যাচাই করা যাবে না।
আমরা যেটুকু অগ্রগতি দেখছি, সেটা প্রয়োজনের তুলনায় কতটা, সে বিষয়ে একটা মূল্যায়ন হওয়া দরকার। অর্জন যা ঘটেছে, তা শ্রমিকেরা কত চড়া মূল্যের বিনিময়ে পেয়েছেন, তা আমরা বিস্মৃত হতে পারি না। যত বড় বিসর্জন তার থেকে অর্জন কিন্তু মোটেই বড় নয়, জীবনযাপনের ন্যূনতম খরচ বিবেচনায় নিয়ে শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়টি এখনো কঠোরভাবে চেপে যাওয়া হচ্ছে। এই খাতে শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকার আজও অধরা রয়ে গেছে। আর অপ্রিয় সত্য হলো, এই অধিকার না দেওয়া হলে শ্রমিক তঁার ন্যায্য পাওনা বুঝে নিতে ব্যর্থ থেকে যাবেন। এটা তঁাদের অবশ্যই দিতে হবে।
কারখানাগুলোর আধুনিকায়ন এবং সেগুলো যাতে দুর্ঘটনার শিকার না হয়, সেই বিষয়ে মালিকপক্ষের সংবেদনশীলতা বোধগম্য। কারণ, সেখানে মালিকের পুঁজির নিরাপত্তার প্রশ্ন জড়িত। এ কারণে আমরা দেখি গত চার বছরে তৈরি পোশাক কারখানায় দুর্ঘটনার হার যথেষ্ট হ্রাস পেয়েছে। পরিসংখ্যান বলছে, এরপরও অনিরাপদ ও তদারকির বাইরে থাকা কারখানার সংখ্যা এখনো কম নয়।
এটা দুঃখজনক যে রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ থমকে গেছে। ৪১ আসামির মধ্যে সাতজনের ক্ষেত্রে মামলার কার্যক্রমের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে। অন্যদিকে দুদকের মামলার বিচারই শুরু করা যায়নি। আর ইমারত আইনে করা মামলার সাক্ষ্য গ্রহণ হচ্ছে না জেলা ও দায়রা জজ আদালতে তিন আসামির করা রিভিশন অনিষ্পন্ন থাকায়। এর সবটাই কার্যত প্রসিকিউশনের অবহেলা নির্দেশক। এর আশু অবসান হোক।