দেশের ৩২৭টি পৌরসভার প্রায় সাড়ে ৩২ হাজার কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা বকেয়া ২ থেকে ৫২ মাসের। কথাটি অবিশ্বাস্য হলেও বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী সমিতি প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়ে অবিলম্বে প্রতিকার দাবি করেছে।
গত শনিবার সংগঠনের নেতারা জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেছেন, বেতন-ভাতা না পেয়ে প্রায় সাড়ে ৩২ হাজার কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যরা মানবেতর জীবন যাপন করছেন। এ ছাড়া পৌরসভার যেসব কর্মচারী অবসরে যান, তাঁরা কোনো পেনশন বা গ্র্যাচুইটিও পান না। ফলে অবসরজীবনে যে তাঁদের অধিকতর কঠিন সমস্যার মুখোমুখি হতে হয়, সে বিষয়ে সন্দেহ নেই।
পৌরসভার কর্মচারীদের বঞ্চনার তালিকা এখানেই শেষ নয়। তাঁরা সরকারি প্রতিষ্ঠানের কর্মী হয়েও সরকার প্রদত্ত নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন না। উল্লেখ্য, পৌরসভার কর্মচারীরা খুবই কম বেতন পান। তাও যদি মাসের পর মাস বকেয়া থাকে, তাহলে পরিবার–পরিজন নিয়ে তাঁদের কী দুঃসহ জীবনযাপন করতে হয়, সেটা কি একবারও কর্তৃপক্ষ ভেবে দেখেছে? পৌরসভার নিজস্ব আয় আছে, আবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বরাদ্দও পেয়ে থাকে। কিন্তু সেই বরাদ্দ বা নিজস্ব তহবিল কোনোটাই কর্মচারীদের বেতন-ভাতা নিশ্চিত করে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তো বটেই, দায় আছে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদেরও।
পৌরসভার কর্মচারীদের বেতন-ভাতা ৫২ মাস পর্যন্ত বকেয়া থাকা শুধু তাঁদের জন্যই কষ্টের নয়, সরকারের জন্যও লজ্জাকর। তাই আইনি জটিলতা যা-ই থাকুক না কেন, অবিলম্বে তাঁদের পাওনা পরিশোধ করা হোক। সরকার পৌরসভাগুলোর উন্নয়নে প্রতিবছর বাজেট বরাদ্দ বাড়াচ্ছে। কিন্তু গরিব কর্মচারীদের কথা কেন ভাবছে না?
বেসরকারি প্রতিষ্ঠানের মালিকেরা অনেক সময় শ্রমিক-কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেন। সেটাকে আমরা শ্রমিক-কর্মচারীদের ওপর মালিকের জুলুম বলে গণ্য করি। কিন্তু একই কাজ সরকারি প্রতিষ্ঠান করবে কেন? জনগণের সেবাদানকারী প্রতিষ্ঠান পৌরসভা নিজেকে দেউলিয়া বা বন্ধ ঘোষণা করতে পারে না। কর্মচারীদের অভুক্ত রেখে জনগণের সেবা আশা করা যায় না।