আইন ও বিচার মন্ত্রণালয় শেষ পর্যন্ত আসন্ন পৌর নির্বাচনের প্রচারাভিযানে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দূরে রাখার বিষয়ে সঠিক পরামর্শ দিতে পেরেছে। মন্ত্রীরা কারও প্রতি রাগ-বিরাগের বশবর্তী না হয়ে সরকারি কর্তব্য পালনের শপথ নেন। তাঁরা যদি স্থানীয় সরকারের নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারাভিযানে অংশ নেন, তাহলে তাঁর সুউচ্চ সাংবিধানিক পদমর্যাদার সঙ্গে সেটা সামঞ্জস্যপূর্ণ বলে প্রতীয়মান হয় না।
এটা দুঃখজনক ছিল যে এ রকম একটি অন্যায্য ও অসংগত প্রস্তাব নির্বাহী বিভাগের দিক থেকে নয়, খোদ নির্বাচন কমিশনের কাছ থেকে মতামতের জন্য সরকারের কাছে গিয়েছিল। উপরন্তু, অন্তত একজন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার এই তথ্য প্রকাশ করেছেন যে নির্বাচন কমিশনের যে সভায় আচরণবিধি সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল, সেখানে তিনি উপস্থিত ছিলেন না। কোনো মতামত গ্রহণের প্রক্রিয়ায় বর্তমান প্রযুক্তির যুগে কারও শারীরিক উপস্থিতি আর আগের মতো জোরালো একমাত্র বিকল্প হিসেবে মনে করা হয় না। প্রধান নির্বাচন কমিশনার আন্তরিক হলে সব কমিশনারের মতামত গ্রহণ সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা অসম্ভব ছিল না। নির্বাচন দলীয় পরিচয় ও প্রতীকে অনুষ্ঠিত হবে বলে তাতে মন্ত্রীদের প্রচারণায় অংশ নেওয়ার অধিকার জন্মাবে—এ রকম ত্রুটিপূর্ণ যুক্তি ইসির তরফে দেওয়াটা বিস্ময়কর।
দলের গণতন্ত্রায়ণ ও জবাবদিহির বিষয়টি প্রচলিত দল নিবন্ধন আইন যতটুকু আদায় করতে ইসিকে ক্ষমতা দিয়েছে, তা পালনে তাদের ন্যূনতম ব্যাকুলতা প্রকাশ করতে দেখা যায় না। আর এই ঘাটতি পূরণের কোনো চেষ্টা না চালানোর প্রেক্ষাপটে আমরা দেখলাম, তাড়াহুড়া করে উন্নত বিশ্বের দোহাই দিয়ে দলের পরিচয়ে স্থানীয় সরকারের নির্বাচনব্যবস্থা চালু করা হলো। কাউন্সিলর নির্বাচন নির্দলীয়ভাবে করতে উচ্চপর্যায়ের চিন্তাভাবনা সম্ভবত এই ইঙ্গিত দেয় যে তাঁরা বুঝতে পারছেন সমাজে এর বিরূপ প্রভাব পড়তে পারে। দলীয়ভাবে আসন্ন পৌর নির্বাচন করার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইসির উচিত হবে উপযুক্ত পরামর্শ প্রদানে এখনই সজাগ থাকা।