নির্বাচন কমিশন পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করার পর নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো সংশয় আছে বলে মনে হয় না। তবে এই মুহূর্তে যে প্রশ্নটি বড় হয়ে দেখা দিয়েছে, তা হলো পৌরসভা নির্বাচন কেমন হবে? শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে হবে কি না?
তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর ২৩৪টি পৌরসভায় চেয়ারম্যান ও কাউন্সিলর পদে নির্বাচন হবে। এর মধ্যে শুধু চেয়ারম্যান পদপ্রার্থীরা দলীয় মনোনয়নের ভিত্তিতে প্রার্থী হবেন; কিন্তু কাউন্সিলর পদপ্রার্থীদের ক্ষেত্রে এমন বিধান নেই। পৌরসভা নির্বাচন নিয়ে জনমনে বাড়তি কৌতূহল সৃষ্টি হয়েছে এ কারণে যে এই প্রথম কোনো স্থানীয় সরকার সংস্থার নির্বাচন আংশিকভাবে হলেও দলীয় ভিত্তিতে হতে যাচ্ছে। মেয়র পদপ্রার্থীরা লড়বেন দলীয় প্রতীক ও পরিচয়ে, কিন্তু কাউন্সিলর পদপ্রার্থীদের লড়তে হবে আগের মতোই নির্দলীয়ভাবে। এতে আইনগত জটিলতার বিষয়টিও উড়িয়ে দেওয়া যায় না।
স্থানীয় নির্বাচনকে ঘিরে উষ্ণ হচ্ছে জাতীয় রাজনীতিযেকোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। অনেক সময়ই এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। বিরোধী দল বিএনপির অভিযোগ, তাদের নেতা-কর্মীরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন, সে জন্য দেশব্যাপী গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে। এখন নির্বাচন কমিশনের কর্তব্য এই অভিযোগ আমলে নিয়ে দ্রুত প্রতিকারের ব্যবস্থা করা। তফসিল ঘোষণার পর প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনকে পূর্ণ সহযোগিতা দেবে—এটা বিধান। দায় এড়ানোর সুযোগ নেই।
গত মঙ্গলবার তফসিল ঘোষণাকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে কঠোরতা অবলম্বন এবং প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীর জন্য সমান সুযোগ করে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন, দেশবাসী তার বাস্তবায়নই দেখতে চাইবে। দলীয় পরিচয়ে অনুষ্ঠেয় প্রথম স্থানীয় সরকার সংস্থার নির্বাচনটি ক্ষমতাসীন দল ও নির্বাচন কমিশন উভয়ের জন্য অগ্নিপরীক্ষা। সব দলের অংশগ্রহণে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ভোটাররা পছন্দসই প্রতিনিধি বেছে নিতে পারবেন, এটাই প্রত্যাশা।