পৌর মেয়রের সাংবাদিক নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক পিটিয়ে আবারও নাম করেছেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম। গত রোববার তিনি প্রথম আলোর খাগড়াছড়ির আলোকচিত্র সাংবাদিক নীরব চৌধুরীকে পৌর ভবনে ধরে এনে মারধর করেন। আর মঙ্গলবার ওই ঘটনার প্রতিবাদে আয়োজিত সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচিতে বাধা ও সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দিয়েছে তাঁর অনুগত সন্ত্রাসীরা। সাংবাদিক পিটিয়ে ফৌজদারি অপরাধ করা এবং কথা ও কাজে ত্রাস সৃষ্টিকারী এই পৌর মেয়রকে কাঠগড়া দেখানোর দায়িত্ব পুলিশের। অথচ এখন পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপ নিয়েছে বলে জানা নেই।
খাগড়াছড়ির চেঙ্গী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ছবি তুলতে গেলে বাধা পান নীরব চৌধুরী। তাঁকে জোর করে তুলে এনে পৌর ভবনে আটকে মারপিট করা হয়। এই কাজে নেতৃত্ব দেন স্বয়ং পৌর মেয়র। মেয়রের অনুগত সন্ত্রাসীরা প্রতিবাদ সভা ভণ্ডুল করে দিয়ে সাংবাদিকদের প্রাণনাশের হুমকিও দেয়। জীবনের নিরাপত্তা চেয়ে নীরব চৌধুরীসহ খাগড়াছড়ির সব সাংবাদিক থানায় জিডি করেছেন। কেউ কেউ আত্মগোপনে যেতেও বাধ্য হয়েছেন। আঞ্চলিক পর্যায়ে সাংবাদিকতা দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। তৃণমূল পর্যায়ে প্রভাবশালী ব্যক্তিদের হুমকির মধ্যে জীবনের ঝুঁকি নিয়েই কাজ করতে হয় তাঁদের। সাংবাদিকদের ওপর হামলা–নির্যাতনের বিচার হয় না বলেই এমন ঘটনা বারবার ঘটতে পারছে। বছর বছর এমন নির্যাতন ও বিচারহীনতা পাল্লা দিয়ে বেড়েই চলেছে।
খাগড়াছড়ির মেয়র অতীতেও সাংবাদিক পিটিয়ে ফৌজদারি অপরাধ করেছেন। তাঁর বিরুদ্ধে জমি দখলেরও অভিযোগ রয়েছে। তাঁর অনুগত বাহিনী প্রকাশ্য দিবালোকে পৌর ভবন থেকে কিরিচ হাতে বেরিয়ে শহরে সন্ত্রাস সৃষ্টি করতে পারল কিসের জোরে? খাগড়াছড়ি কি বাংলাদেশের আইনের আওতার বাইরে? যে জনপ্রতিনিধি সন্ত্রাসী কার্যকলাপে সরাসরি জড়িত দেখা যাচ্ছে, তাঁর বিষয়ে স্থানীয় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী ব্যবস্থা নেয়, সেটাই এখন দেখার অপেক্ষা।
সাংবাদিকের নিরাপত্তা দেওয়া মতপ্রকাশের অধিকার, গণতন্ত্র ও মুক্তসমাজের অন্যতম শর্ত। মানুষের সত্য জানার অধিকার আর সাংবাদিকের নিরাপত্তা, একে অন্যের পরিপূরক। খাগড়াছড়ির মেয়রের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও বিচারে তাই কোনো ছাড় নয়।