প্যানেলভুক্ত শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালের ৯ ডিসেম্বর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য সরকার কেন্দ্রীয়ভাবে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে এবং সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে উপজেলাভিত্তিক মেধাক্রম অনুসারে নিয়োগদানের কথা উল্লেখ ছিল। সে অনুযায়ী ২০১১ সালের ৯ ডিসেম্বর সারা দেশে একযোগে যথাযথ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপজেলাভিত্তিক মেধাতালিকা অনুসারে প্রকাশ করে। অথচ সারা দেশে মেধাতালিকার প্রথম ধাপে থাকা সত্ত্বেও বহু প্রার্থী নিয়োগ থেকে বঞ্চিত হন। নিয়োগ বিজ্ঞপ্তিতে উপজেলাভিত্তিক মেধাক্রম অনুসারে নিয়োগদানের কথা উল্লেখ ছিল এবং উপজেলাভিত্তিক চূড়ান্ত ফলাফল মেধাতালিকা অনুসারে প্রকাশ করার পরও এই বিধান না মানার কী অর্থ থাকতে পারে! সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বা অন্যান্য সরকারি চাকরির মতোই রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয়। একই নিয়োগ পরীক্ষায় কেউ নিয়োগ পাবেন, কেউ পাবেন না, এটা তো হতে পারে না। গত ১৭ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে প্যানেলভুক্ত শিক্ষকদের বিষয়ে কোনো দিকনির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়নি। দুর্ভাগা ২৬ হাজার প্যানেলভুক্ত শিক্ষকের মধ্যে এ নিয়ে দেখা দিয়েছে চরম হতাশা। প্যানেলভুক্ত শিক্ষকদের প্রায় এক-তৃতীয়াংশ শিক্ষকের চাকরিতে দরখাস্ত করার বয়স শেষ। আমার প্রশ্ন হলো, ২৬ হাজার নির্বাচিত শিক্ষকদের কেন জাতীয়করণের আওতায় আনা হলো না? তাঁদের অপরাধ কী? এই নির্বাচিত শিক্ষকদের বঞ্চিত করে কেন জাতীয়করণ করা হলো? এই নিয়োগে সর্বোচ্চ মেধাবী শিক্ষকেরা কেন নিয়োগ থেকে বঞ্চিত হলেন? মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন, আমাদের নিয়োগগুলো দিয়ে হতাশাগ্রস্ত জীবন থেকে মুক্তি দিন। মো. আজিজুল ইসলাম (প্যানেলভুক্ত শিক্ষক)ডোমার, নীলফামারী।