২৩ বছর আগে ভেজাল প্যারাসিটামল সিরাপ পান করে ৭৬টি শিশু মারা যাওয়ার ঘটনায় ছয় ব্যক্তির দণ্ড ঘোষণায় প্রমাণিত হেয়ছে যে বিলম্বে হলেও অপরাধীরা সাজা পেয়েছেন। গত বছর একই ধরনের অপরাধে আরেকটি মামলায় তিন ব্যক্তির শাস্তি হয়। দুটি ঘটনাই দেশব্যাপী চাঞ্চল্য সৃষ্টি করে। বিশেষজ্ঞদের মতে, ১৯৮২ সালে প্রণীত ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশে ভেজাল ওষুধ প্রস্তুত করার দায়ে ১০ বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান যথেষ্ট নয়। কেননা, ভেজাল ওষুধের সঙ্গে মানুষের জীবন-মৃত্যুর প্রশ্ন জড়িত।
এ ঘটনা আরও একটি অপ্রিয় সত্যকে উন্মোচিত করেছে যে এত বড় মারাত্মক অপরাধ সংঘটনের বিচারে দীর্ঘসূত্রতার যে উদাহরণ সৃষ্টি হলো, তা সংবিধানের মৌল চেতনার পরিপন্থী। সংবিধানের ৩৫(৩) অনুচ্ছেদে ফৌজদারি অপরাধের বিচার দ্রুত করার কথা রয়েছে। উপরন্তু, দুটি মামলায় যে ছয় কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড হয়েছে, তাঁদের পাঁচজনই ফেরার রয়েছেন।
ছয়জনকে ২০ বছরের কারাদণ্ডএ প্রসঙ্গে আমরা বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন আইন কমিশনের সাম্প্রতিক সুপারিশের দিকে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। গত বছরের জুলাইয়ে রাষ্ট্র বনাম হেলেন পাশা শীর্ষক এক ড্রাগ মামলায় আসামিদের ১০ বছর সশ্রম কারাদণ্ড হয়েছিল। এ মামলার রায় পেতে ২১ বছর লেগেছে। এ দুটি ঘটনা এমন অনুমানের জন্য যথেষ্ট যে জনগুরুত্বসম্পন্ন বিবেচনায় সংসদ যে উদ্দেশ্যে ক্রমাগতভাবে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মেয়াদ বাড়িয়ে চলেছে, তার আসল উদ্দেশ্য ব্যর্থ হয়েছে।
এ অবস্থায় জনমনে উদ্বেগ জাগা স্বাভাবিক যে অবুঝ শিশুর প্রতি রাষ্ট্র যথেষ্ট সদয় নয়। ক্ষমতাসীনেরা অন্য সরকারের চেয়ে আলাদা, সেটা দাবি করতে চাইলে তাকে এ অব্যাহত ‘অসহনীয় বিচারিক পরিস্থিতি’ বদলানোর কার্যকর উদ্যোগ নিতে হবে। শিশু-সংশ্লিষ্ট সব মামলাকে আলাদা করে তার দ্রুত শুনানির আয়োজন করা সম্ভব। এ বিষয়ে আইন কমিশনের সুপারিশ বাস্তবায়নের পাশাপাশি আমরা সরকারের কাছে আশু সেটাই আশা করি।