২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার ঘোষণা খোদ যুক্তরাষ্ট্রেই সমালোচিত হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্ত যে একেবারেই অদূরদর্শী, তা বলার অপেক্ষা রাখে না। অবশ্য ট্রাম্প যে এমন পদক্ষেপ নেবেন, সে প্রতিশ্রুতি তিনি নির্বাচনী প্রচারণাকালেই দিয়েছিলেন। দুর্ভাগ্যের বিষয়, মানবজাতির অভিন্ন আবাস এই পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে যখন আমরা সবাই উদ্বিগ্ন, তখন ডোনাল্ড ট্রাম্পের মতো এক অবিমৃশ্যকারী ব্যক্তি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রটির দণ্ডমুণ্ডের কর্তা হয়েছেন। বৈশ্বিক প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকান প্রেসিডেন্সির এটাই সবচেয়ে বড় ক্ষতির দিক বলে মনে হচ্ছে।
গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার ঘোষণা দেওয়ার পরদিন নিউইয়র্ক টাইমস-এর সম্পাদকীয় পরিষদ মন্তব্য করেছে: জলবায়ু পরিবর্তনের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের অবিশ্বাস্য রকমের অদূরদর্শিতার সম্পূর্ণ পরিণতি হিসাব করতে সক্ষম হবে শুধুই ভবিষ্যৎ প্রজন্ম, কারণ এর কুফল তাদেরই ভোগ করতে হবে। বলা বাহুল্য, এই ভবিষ্যৎ প্রজন্ম শুধু যুক্তরাষ্ট্রের নাগরিকেরাই নয়, সারা বিশ্বের আগামী প্রজন্মকেই জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবগুলোর শিকার হতে হবে।
প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে প্রায় একঘরে করবে: দেশটির প্রায় সব মিত্ররাষ্ট্রই এ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে; জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল তীব্র বিরোধিতা করেছেন। আর চীন ও ভারতের মতো বৃহৎ রাষ্ট্রের প্রধানমন্ত্রীরা প্যারিস চুক্তির প্রতি তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
বিজ্ঞানীরা ক্রমাগত এই বলে সতর্ক করে আসছেন যে কার্বন নিঃসরণ কমানো না হলে বৈশ্বিক তাপমাত্রা আরও বেড়ে গিয়ে জলবায়ুর গুরুতর পরিবর্তন ঘটবে এবং তার ফলে প্রচণ্ড খরা, প্রলয়ংকরী ঝড়-ঝঞ্ঝা, ব্যাপক বন্যা এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে নানা ধরনের বিপর্যয় অনিবার্য হয়ে উঠবে। তাই ২০১৫ সালে প্যারিসে বিশ্বের ১৯৬টি দেশ কার্বন নিঃসরণ কমানোসহ আরও বেশ কিছু বিষয়ে চুক্তিবদ্ধ হয়। এখন যুক্তরাষ্ট্রের এই চুক্তি থেকে সরে আসা অত্যন্ত নেতিবাচক একটা ঘটনা।
প্রেসিডেন্ট ট্রাম্প জলবায়ু চুক্তিকে আমেরিকার স্বার্থের পক্ষে ক্ষতিকর বলে বর্ণনা করে আসছেন। কিন্তু খোদ আমেরিকান সংবাদমাধ্যমেই তাঁর এ বক্তব্যের তীব্র সমালোচনা করে বলা হচ্ছে, জলবায়ু চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের জীবাশ্ম জ্বালানি ব্যবসায়ী গোষ্ঠী ছাড়া আর কারোরই কোনো লাভ হবে না। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম, বিভিন্ন সংস্থা ও জনসাধারণের উচিত হবে এই অদূরদর্শী ও ক্ষতিকর সিদ্ধান্ত বাতিল করতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনকে বাধ্য করা।