প্যারিসে সন্ত্রাসী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বুধবার প্যারিসে একটি সাপ্তাহিক পত্রিকার কার্যালয়ে হামলা চালিয়ে যারা পত্রিকাটির প্রধান সম্পাদকসহ মোট ১২ জন সাংবাদিককে হত্যা করেছে, তারা যতই নিজেদের ধর্মের রক্ষক বলে দাবি করুক না কেন, এ ধরনের পৈশাচিকতার স্থান ইসলামে নেই। ইসলাম শান্তির ধর্ম, এবং এই হত্যাকারীরা প্রকৃতপক্ষে ইসলামের শত্রু। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই ওই জঙ্গি কাপুরুষদের প্রতি। সেই সঙ্গে হতাহত সাংবাদিকদের স্বজনসহ ফ্রান্সের জনসাধারণের প্রতি আমরা সহমর্মিতা প্রকাশ করছি।
সাপ্তাহিক শার্লি হেবদোর সাংবাদিকদের ওপর এই বর্বর ও কাপুরুষোচিত হামলা বিশ্বের গণমাধ্যমের ওপর বিরাট আঘাত। কিন্তু এই আঘাতে মুক্তবিশ্বের সংবাদমাধ্যমের যতটা ক্ষতি না হয়েছে, তার চেয়ে বেশি ক্ষুণ্ন হবে বিশ্বের মুসলমান সম্প্রদায়ের ভাবমূর্তি। হামলাকারীরা হত্যাযজ্ঞ শেষে চলে যাওয়ার সময় চিৎকার করে বলে, ‘আমরা মহানবী (সা.)-কে অবমাননা করার প্রতিশোধ নিয়েছি’। কিন্তু এই ধরনের ‘প্রতিশোধ’ ইসলাম সমর্থন করে না। বরং এই বর্বরতার বিরূপ প্রভাব পড়তে পারে ফ্রান্সসহ সারা ইউরোপের মুসলমান জনগোষ্ঠীর ওপর। এ রকম হামলাকে কাজে লাগিয়ে ইউরোপীয় জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো ইসলাম ধর্ম ও মুসলমান অভিবাসীদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে পারে।
জঙ্গি হামলায় নিহত ১২তাই বিশ্বের মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে এই হামলাসহ ইসলামের নামে সব সহিংস তৎপরতার কঠোর নিন্দা ও প্রতিবাদ জানানো উচিত। ইউরোপের অন্যান্য ধর্মাবলম্বী জনগোষ্ঠীর প্রতি এই বার্তা পৌঁছে দেওয়া উচিত যে, এই বর্বর জঙ্গিরা বিশ্ব মুসলিমের প্রতিনিধি নয়, এরা ইসলাম ও বিশ্বমানবতার শত্রু।
একই সঙ্গে পাশ্চাত্যের উন্নত গণতান্ত্রিক দেশগুলোর সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে জড়িত ব্যক্তিদের মধ্যে এই উপলব্ধিও আসা জরুরি যে, তাঁদের সমাজের বাক ও মত প্রকাশের স্বাধীনতার সুযোগে ভিন্ন ধর্মের, বিশেষত ইসলামের নবী কিংবা পবিত্র গ্রন্থের প্রতি অবমাননাকর কিছু প্রকাশ বা প্রচার করা উচিত নয়, যার ফলে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এবং ইসলামপন্থী জঙ্গিরা তার সুযোগ নিয়ে সহিংস তৎপরতায় মেতে উঠতে পারে।