প্রকল্প প্রস্তাবে ইচ্ছেমতো ব্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) খাল উন্নয়ন প্রকল্পে ‘ইচ্ছেমতো’ ব্যয় প্রস্তাব করা হয়েছে। ঢাকার খালগুলোর পানিপ্রবাহ ধরে রাখার কাজে আগে যেখানে দেড় কোটি টাকা ব্যয় হয়েছে, নতুন প্রস্তাবে সেখানে ১০৮ কোটি টাকা চাওয়া হয়েছে। নানা অসংগতিতে ভরা প্রকল্পটি প্রথম দফায় স্থানীয় সরকার মন্ত্রণালয় ফিরিয়ে দিয়েছিল। প্রকৌশলী বদলে নতুন করে প্রকল্পটি আবার প্রস্তাব করা হয়। এবার পরিকল্পনা কমিশন ওই প্রকল্পের কয়েকটি খাতে বরাদ্দের বাড়তি প্রস্তাব নিয়ে আপত্তি তুলেছে। ব্যয় সংশোধন করে সেটি আবার পাঠাতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রকল্প তৈরির দায়িত্ব যাঁদের কাছে দেওয়া হয়, তাঁরা ঘরে বসে সেটা তৈরি করে দেন। ফলে বাস্তবতার সঙ্গে কোনো সংগতিই থাকে না। এ রকম কাজের সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের শাস্তি হয় না। ফলে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলেছে।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, ‘খাল পুনরুদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টি’ নামের প্রকল্পটির জন্য ৯৭৩ কোটি টাকা সরকারের কাছে প্রস্তাব করেছে ডিএসসিসি। প্রস্তাবিত প্রকল্পে ঢাকার চারটি খালের ১৩ হাজার ৪২০ টন বর্জ্য ও ২ লাখ ৫০ হাজার টন পলি অপসারণ করতে সরকারের কাছে ১০৮ কোটি ১০ লাখ টাকার প্রস্তাব করা হয়েছে। অথচ গত জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত জিরানী, মান্ডা, কালুনগর ও শ্যামপুর খাল থেকে ৮৭ হাজার ৪৬০ টন বর্জ্য ও প্রায় ৫ লাখ টন পলি অপসারণ করা হয়েছে। এতে খরচ হয়েছে দেড় কোটি টাকা। এ ছাড়া খালের পাশে সড়কবাতি স্থাপন এবং সৌর প্যানেল স্থাপনের প্রকল্পেও যাচাই-বাছাই না করেই অনেক বেশি বরাদ্দ চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

সংশোধিত প্রকল্পটি স্থানীয় সরকার মন্ত্রণালয় অনুমোদন দেওয়ার পর পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় বাড়তি ব্যয় নিয়ে সংশ্লিষ্ট প্রকৌশলীর কাছে জানতে চাওয়া হলে তিনি সদুত্তর দিতে পারেননি। তবে প্রথম আলোর কাছে ওই প্রকৌশলী দাবি করেছেন, তাঁর বরাদ্দ প্রস্তাব ‘যৌক্তিক’।

উন্নয়ন প্রকল্পে ব্যয় প্রস্তাবের এ ধরনের অসংগতি যেন নিয়মে পরিণত হয়েছে। এতে সংশ্লিষ্টদের অবহেলা, ব্যর্থতা ও চরম দায়িত্বজ্ঞানহীনতা প্রকাশ পায়। এ ছাড়া বারবার সংশোধনের কারণে সময়মতো প্রকল্প পাস না হওয়ায় সেবাবঞ্চিত হন নাগরিকেরা। এ ক্ষেত্রে শুধু প্রকল্প ফিরিয়ে দেওয়াই যথেষ্ট নয়, সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা জরুরি। ঘরে বসে ইচ্ছেমতো প্রকল্প তৈরির এ প্রবণতা বন্ধ করতে হলে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে।