প্রকাশ্য রাস্তায় কিশোরী নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে স্কুল থেকে ফেরার পথে এক কিশোরীকে লাঞ্ছিত ও প্রহার করার অপরাধে যাকে গ্রেপ্তার করা হয়েছে, সেও একজন কিশোর, বয়স মাত্র ১৪ বছর। কিন্তু ওই ঘটনার ভিডিও চিত্রে তার যে বেপরোয়া ও হিংস্র রূপ দেখা গেছে, তা মোটেও কিশোরসুলভ নয়। আইনানুগভাবে তার যথাযথ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন, যেন অন্য কিশোরদের মধ্যে এ ধরনের প্রবণতা হ্রাস পায়। তবে এ ধরনের ঘটনায় শুধু আইনের প্রয়োগই সম্ভবত যথেষ্ট হবে না। কিশোরটির এমন আচরণের পেছনে সামাজিক-মনস্তাত্ত্বিক কারণ আছে কি না, তাও গভীরভাবে ভেবে দেখতে হবে।
এই ঘটনার কয়েকটি দিক বিশেষভাবে লক্ষণীয়। প্রথমত, কিশোরীটি তার কজন সহপাঠিনীর সঙ্গে স্কুল থেকে ফেরার পথে রাহুল নামের কিশোরটি যখন তাকে আক্রমণ করে, তখন তাকে রক্ষা করা বা আক্রমণকারীকে নিরস্ত করার জন্য কেউ এগিয়ে যায়নি। যারা ঘটনার ভিডিও চিত্র ধারণ করেছে, তারা কিশোরীটিকে রক্ষা করার পরিবর্তে তাকে প্রহার ও লাঞ্ছনা করার চলমান ছবি তোলাতেই ব্যস্ত ছিল। এই ছবি পরবর্তী সময়ে অপরাধীকে গ্রেপ্তার করতে সহায়ক হবে, এমন চিন্তা থেকেও যদি তা করা হয়ে থাকে, তবু ছবি তোলার চেয়ে মেয়েটিকে রক্ষা করাই বেশি জরুরি ছিল। কিংবা এমনও কি হতে পারে যে তারা এই নিষ্ঠুর দৃশ্যধারণের কাজে একধরনের বিনোদন লাভ করেছিল, যেটাকে ধর্ষকামী আনন্দ বলা হয়?
অন্যদিকে, কিশোরটি ঘৃণ্য অপরাধ করেছে এবং তার শাস্তি হওয়া উচিত, এই মনোভাবও ওই এলাকার লোকজনের মধ্যে প্রকাশ পেয়েছে। কারণ, তাদের সহযোগিতাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। কিশোরী-তরুণীদের উত্ত্যক্ত করাসহ নারীর প্রতি সহিংস আচরণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা আইন প্রয়োগের মতোই গুরুত্বপূর্ণ। উত্ত্যক্তকারী, নারী নির্যাতনকারী সামাজিকভাবে ঘৃণ্য—এই মনোভাব যত প্রবল ও ব্যাপক হবে, ততই এসব প্রবণতা কমবে। তবে এসব অপরাধীর বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ ও শাস্তি নিশ্চিত করাই প্রথম কাজ। কারণ, বিচারহীনতার পরিবেশে সব ধরনের অপরাধের প্রবণতাই বাড়ে।