ভারত ও বাংলাদেশ এক সময় এক অখণ্ড ভূগোলের অন্তর্ভুক্ত ছিল। ১৯৪৭ সালে প্রধানত রাজনৈতিক কারণে এই ভূগোল বিভক্ত হলো। নতুন দেশ পাকিস্তান এই বিভক্তির মূলে দ্বিজাতিতত্ত্বের একটি প্রতিফলন দেখল এবং সে অনুযায়ী তার রাষ্ট্রদর্শন পরিচালিত করল। দ্বিজাতিতত্ত্বের প্রবক্তারা—তাঁরা শুধু পাকিস্তানে নন, ভারতেও ছিলেন—বলতেন, ভারত হিন্দুদের জন্য, পাকিস্তান মুসলমানদের। ফলে দেশবিভাগের শুরুটা হলো ব্যাপক রক্তপাত এবং বিশালসংখ্যক মানুষের বাস্তুচ্যুতির মধ্য দিয়ে। বাংলাদেশ পাকিস্তানের একটি প্রদেশ ছিল, কিন্তু রক্তপাত না হলেও বাস্তুচ্যুতি তার জন্য একটি নতুন কিন্তু কঠোর বাস্তবতা হয়ে দেখা দিল। বাংলাদেশে হিন্দু ও মুসলমান কয়েক শ বছর একটা শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যমূলক সহাবস্থান বজায় রেখেছে। এ দুই সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব-বিবাদ যে ছিল না, তা নয়। কিন্তু সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগ তাতে বাধাগ্রস্ত হয়নি। দেশবিভাগের সময় প্রথম এই যোগাযোগ প্রশ্নবিদ্ধ হলো। নিজ দেশে একটি সম্প্রদায়ের অনেকে নিজেদের অরক্ষিত ভাবতে শুরু করল। একই অবস্থা দেখা দিল পশ্চিমবঙ্গের মুসলমানদের মধ্যে। এক সময় এ দুই বঙ্গের বিভাজন-রেখাটি যেখানে ছিল কল্পিত, প্রশাসনিক কারণে প্রণীত, সেটি হয়ে দাঁড়াল বাস্তব। একটি সীমান্ত রেখা দাঁড়িয়ে গেল, যেটি কালে কালে কাঁটাতার আর বন্দুক হাতে প্রহরী, নোম্যানস ল্যান্ড আর অভিবাসন পাহারাদারসমেত অলঙ্ঘনীয় এক ঋজুতায় দ্বিখণ্ডিত সেই ভূগোলকে শাসন করতে লাগল।১৯৭১ সালে এই সীমান্ত শিথিল হলো, বন্দুকধারী প্রহরীরা বন্ধুর অবস্থানে এসে দাঁড়াল। পাকিস্তানিদের হত্যাযজ্ঞ আর নির্যাতন থেকে বাঁচতে আবারও উদ্বাস্তুর দল সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিল। ভারত তাদের দুই হাত বাড়িয়ে গ্রহণ করল এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয় সমর্থন দিল। ১৯৭১ সালের পর দুটি দেশ দুটি ভালো পড়শি হয়ে দাঁড়াল সে জন্য। অতঃপর দুই পড়শির এই সম্পর্ক যে মসৃণ এবং নিষ্কণ্টক থাকল, তা নয়। পৃথিবী তত দিনে বদলেছে, বৈশ্বিক ও আঞ্চলিক রাজনীতির পালাবদল ঘটেছে, দেশগুলোর ভেতরেও রাজনীতি ও সরকারগুলোর চিন্তাধারায় নানা মোড় ফেরার ঘটনা ঘটেছে। রাষ্ট্রের স্বার্থ প্রভাব ফেলেছে পড়শিসুলভ সম্পর্কের ওপর। পুঁজি ও বিশ্বায়নের বিস্তার স্বার্থচিন্তাকে তীব্র করেছে। যে সীমান্ত এক সময় তার তদারকি মুলতবি রেখেছিল মানবিকতার স্বার্থে, সেই সীমান্ত কঠোর হয়েছে, কখনো কখনো হূদয়হীন হয়েছে। এখন এই ২০১২ সালে দাঁড়িয়ে, নির্মোহ দৃষ্টিতে তাকালে মনে হবে, দুই পড়শি যেন একটা দূরত্ব থেকে পরস্পরকে দেখছে এবং সেই দৃষ্টিতে সন্দেহ, অবিশ্বাস ও সতর্কতার বিষয়গুলোই যেন প্রাধান্য পাচ্ছে।এই সন্দেহ-সতর্কতার পেছনে প্রধান কারণটি হলো, এ দুই দেশের সরকারি নীতি ও আদর্শ, সরকারগুলোর কর্মকাণ্ড এবং বিভিন্ন সময়ে তাদের পারস্পরিক মূল্যায়নই দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর নিয়ন্ত্রক প্রভাব বিস্তার করেছে, দুই দেশের নাগরিকদের ভূমিকা এ ক্ষেত্রে রয়ে গেছে নিতান্ত গৌণ। জনগণের চিন্তাভাবনাকে সরকারগুলো কখনো বিবেচনায় আনেনি; বরং জনগণ যাতে তাদের নিজ নিজ অবস্থানে থেকে একে অপর থেকে বিচ্ছিন্ন থাকে, সে বিষয়টিই যেন সরকারগুলো নিশ্চিত করতে চেয়েছে। ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে ভিসাপদ্ধতি ক্রমাগত কঠোর হচ্ছে। প্রত্যক্ষ যোগাযোগ এভাবে ক্রমেই বাধাগ্রস্ত হচ্ছে কিন্তু পরোক্ষ যোগাযোগের যে পথগুলো আছে, সেগুলোও উন্মুক্ত নেই। যেমন, বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল ভারতে দেখা যায় না। এ ক্ষেত্রে ভারতের কেব্ল-ব্যবসায়ীরা কতখানি দায়ী অথবা ভারতীয় সরকারের ভূমিকাই বা এতে কতখানি, সে বিষয়ে আমাদের পরিষ্কার কোনো ধারণা হয় না। ভারতীয় টেলিভিশন চ্যানেল যে দেখানো হচ্ছে বাংলাদেশে, তার পেছনে বাজারের একটা ভূমিকা আছে অবশ্যই; কিন্তু এক দেশে বাজার খোলা, অন্য দেশে বন্ধ, তাতে যে অসমতা সৃষ্টি হয়, তা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কোনো ইতিবাচক ভূমিকা রাখে না।পৃথিবীর অনেক অঞ্চলে, যেমন ইউরোপে ও দক্ষিণ আমেরিকায়, প্রতিবেশী দেশগুলো পরস্পরের কাছাকাছি আসছে। অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক যোগাযোগ বাড়াচ্ছে। তাতে দেশগুলো নানাভাবে লাভবান হচ্ছে, তাদের মধ্যকার নানা সমস্যার সমাধান হচ্ছে। আমাদের এই উপমহাদেশের দেশগুলো ওই রাস্তায় তো যাচ্ছেই না, বরং তাদের মাঝখানের দেয়ালগুলো আরও উঁচু করছে। সংযুক্ততার এই বিশ্বে বিযুক্ততা শুধু নতুন ও অপ্রত্যাশিত সমস্যারই জন্ম দেবে।ভিসার প্রসঙ্গটাই তুলি। ভিসার কড়াকড়ি আরোপের ক্ষেত্রে নিরাপত্তার প্রসঙ্গটি উঠেছে। বলা হচ্ছে, ভিসা সহজ হলে জঙ্গিদের থামানো যাবে না। আমাদের অভিজ্ঞতা বরং বলে, জঙ্গিদের কোনো পাসপোর্টের প্রয়োজন হয় না। যত কাঁটাতারের ঘেরাটোপ তুলে আমরা সীমান্তকে সুরক্ষিত করি না কেন, জঙ্গিরা ঠিকই ঢুকে পড়ে। দুই বছর আগে মুম্বাইয়ে যে জঙ্গি হামলা হলো, সেই হামলাকারীরা কি তাদের পাসপোর্টে ভিসা নিয়ে ঢুকেছিল? ভিসার কড়াকড়ি বরং পড়শিয়ানাকে নিরুৎসাহিত করে। এক সময় দেখা যাবে একান্ত প্রয়োজন না হলে মানুষ দুই দেশের মধ্যে আর যাতায়াত করবে না। তা ছাড়া যেখানে মেশিন রিডেবল পাসপোর্ট চালু হয়েছে, যাতে একজন যাত্রীর যাবতীয় তথ্য সংগৃহীত থাকে, সেখানে সীমান্তে অথবা বিমানবন্দরে পাসপোর্ট দেখিয়ে ভিসা নিতে সমস্যা কোথায়?আমাকে যদি বলা হয়, ভারত সম্পর্কে সাধারণ মানুষের ধারণাটা এখন কী, তাহলে সংক্ষেপে বলব, ভালো নয়। জোট সরকার যেদিন শপথ গ্রহণ করে, সেদিন এবং তার কিছুদিন পর পর্যন্ত ভারত সম্পর্কে ধারণা ইতিবাচকই ছিল। ভারতীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফর পর্যন্তও এটি মোটামুটি সে রকমই ছিল। কিন্তু তিস্তা চুক্তিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাগড়া বাধানোর পর সেই ধারণা নেতিবাচকের দিকে মোড় নিয়েছে। বাংলাদেশ ছোট দেশ; কিন্তু দেশ ছোট হলেই তার আত্মসম্মান ছোট হয় না। ভারতের যতটা আত্মসম্মান, বাংলাদেশেরও তা-ই। ফলে তিস্তার ব্যর্থতার পরও যখন বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রানজিট পাওয়ার প্রশ্ন ওঠে, তখন মানুষ বেঁকে বসে, সরকার যদিও সৌজন্যবোধ থেকে ভারতের ইচ্ছাকে সম্মান দেখিয়েছে। টিপাইমুখ বাঁধ নিয়ে ভারতের সঙ্গে কোন কার্যকর সমঝোতা না হওয়ায় মানুষ হতাশ হয়েছে, প্রতিবাদী হয়েছে। বাংলাদেশ ভারতের সুপ্রতিবেশী হতে চায়, কিন্তু সমস্যা হচ্ছে, বাংলাদেশের জীবন বলে পরিচিত ৫৪টি নদীর অভিন্ন প্রবাহ দুটি দেশের ভেতর দিয়ে বয়ে যাচ্ছে, কিন্তু প্রতিটি ক্ষেত্রেই আমরা নিম্ন অববাহিকার, ভারত অনেক নদীর উজানে বাঁধ দিচ্ছে, জলবিদ্যুৎকেন্দ্র করছে আর নদীগুলোর পানিপ্রবাহ কমে বাংলাদেশের কৃষি, নদীগুলোর নাব্যতা এবং নৌপরিবহনে মারাত্মক সংকট সৃষ্টি করছে। প্রকৃতিগতভাবে নদী সব সময় সেচের পানি জুগিয়েছে, নৌকার জন্য পথ হয়েছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রের জন্য নিজেকে তার নিঃশেষ করতে হয়নি। নদীর দীর্ঘ ইতিহাসে তার বিদ্যুৎসহায়ী হওয়ার দাবিটি নতুন, মাত্র কয় দশকের। এ দাবিটি নদী এখনো ভালোভাবে বুঝতে পারেনি আর এটি মেটাতে গিয়ে সে নিঃস্ব হচ্ছে, রুগ্ণ হচ্ছে, তার আচরণে আসছে পরিবর্তন। নদী প্রকৃতির মতোই, অখণ্ড। একে খণ্ডিত করলে উজানের যে আপাত লাভ হবে, তার থেকে অনেক বেশি ক্ষতি হবে দীর্ঘমেয়াদে। নদী মানুষের মতোই, একজন মানুষের শরীরের নীচের অংশ যদি অবশ করে ফেলা হয়, খণ্ডিত করা হয়, তাহলে ঊর্ধ্বাঙ্গে যতই শক্তির জোগান দেওয়া হোক, মানুষটি পূর্ণ হবে না, তার জীবনও আর জীবন থাকবে না।নদীর কষ্ট একজন কৃষক বোঝেন, মাঝি বোঝেন, জেলে বোঝেন। নদীবিশেষজ্ঞরা বোঝেন শুধু পরিসংখ্যান। তাঁরা উন্নয়নের গল্প শোনেন, বড় বড় বিনিয়োগের, সেচের বিদ্যুতের হিসাব বোঝেন। কিন্তু সমস্যা হচ্ছে, নদী নিয়ে বৈঠক হয় বিশেষজ্ঞে বিশেষজ্ঞে, আমলায় আমলায়। উজানের বিশেষজ্ঞ আবার ভাটির নদীর কান্না শোনেন না। যাঁরা এই কান্না শোনেন উজানে ও ভাটিতে, সেই কৃষকদের, জেলেদের, মাঝিদের যদি আলোচনায় বসানো যেত, নতুন প্রজ্ঞালাভ হতো আমাদের। সমস্যাগুলোর জট খুলত।২.প্রথম আলো ও টাইমস্ অব ইন্ডিয়া যে মৈত্রীবন্ধনের উদ্বোধন করেছে, আমি তাকে স্বাগত জানাই। মৈত্রী কথাটি সরকারি মহলে যখন উচ্চারিত হয়, তার পেছনে যে আন্তরিকতা থাকে, বেসরকারি পর্যায়ে, মানুষে মানুষে এর উচ্চারণে তা থাকে অনেক বেশি। কিন্তু মৈত্রীকে যদি অর্থবহ করতে হয়, দুই পড়শিকে একটা অভিন্ন জায়গায় দাঁড়াতে হবে। উঁচুর সঙ্গে নিচুর মৈত্রী হয় না। সবলের সঙ্গে দুর্বলের যেমন হয় না। কোনো দেশই নিজেকে নিচু বা দুর্বল ভাবে না—সেটি ভাবে অন্য দেশ। ভারতের তুলনায় বাংলাদেশের অর্থনীতি দুর্বল; কিন্তু অর্থনীতিই একমাত্র মাপকাঠি নয় বন্ধুত্ব মাপার। বন্ধুত্ব হয় মনের জায়গাতে। সেখানে একটি দেশের দৃষ্টিভঙ্গি এমন থাকলে চলবে না যে আমি বড়, সে ছোট। সে জন্য একে অপরের ছোটত্ব-বড়ত্ব ভুলতে হবে। এ কাজটা সাধারণ নাগরিক যতটা সহজে পারে, সরকার ও রাজনীতিবিদেরা তা পারেন না। এটি তরুণেরা পারে, সে জন্য তরুণদের কথাবার্তা বলার একটা সুযোগ করে দিলে ভালো হয়।সরকারি পর্যায়ের মৈত্রী, ওই মৈত্রী এক্সপ্রেস বলে পরিচিত ট্রেনের মতোই—যেন গতি পায় না, আর সীমান্তে গিয়ে আধাদিন বসে থাকে। সরকারি মৈত্রী একটি দেশের সরকার বদল হলেই তরল হয়ে যেতে পারে; বরং ব্যক্তিতে ব্যক্তিতে, প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে মৈত্রী দীর্ঘস্থায়ী হয়। তেমন মৈত্রীই আমরা চাই।তবে মৈত্রীর পূর্বশর্তগুলো প্রথমেই পূরণ করতে হবে, যেগুলোর কথা ওপরে লিখেছি। এগুলো পূরণ হলে যাত্রাটা হবে সহজ, মৈত্রী হবে অর্থবহ এবং এই যাত্রায় যে ফললাভ হবে, তা দুই দেশের মানুষের জন্য উপকারী হবে।সৈয়দ মনজুরুল ইসলাম: কথাসাহিত্যিক। অধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।