প্রাচীন মত হলো, বিশ্বব্রহ্মাণ্ডের মৌলিক চার উপাদান—বায়ু, মাটি, আগুন ও পানি। ২০১০ সালের সব বড় প্রতিবেশ বিপর্যয় এই প্রাচীন মহাজাগতিক আদলের সঙ্গে অনেকটা সামঞ্জস্যপূর্ণ: আইসল্যান্ডে আগ্নেয়গিরির উদিগরণ থেকে জন্ম নেওয়া ছাই মেঘ ইউরোপের ওপর দিয়ে বিমান চলাচল অসম্ভব করে তুলেছিল—বায়ু; চীনের ভূমিধস ও ভূমিকম্প—মাটি; মস্কো প্রায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছিল—আগুন; ইন্দোনেশিয়ায় সুনামি, পাকিস্তানে বন্যা লাখ লাখ মানুষকে বাস্তুহারা করেছিল—পানি।তবে উন্মত্ত মাতা প্রকৃতির রহস্যময় পাগলামির গভীরে আমরা প্রাচীন প্রাজ্ঞতায় ভর করে সত্যিকারের কোনো অন্তর্দৃষ্টি পেতে পারি না। শুধু প্রবোধ মিলে। এই সান্ত্বনা আমাদের কাঙ্ক্ষিত সেই প্রশ্নটিকে এড়ানোর পথ করে দেয়: ২০১১ সালেও প্রকৃতিতে এমন বড় আকারের আরও বিপর্যয় কি ঘটবে?এই নির্মোহ, ধার্মিকতা-উত্তর, অতি প্রযুক্তিনির্ভর সময়ে প্রতিবেশ বিপর্যয়কে প্রাকৃতিক চক্রের অংশ কিংবা ঐশ্বরিক গজব হিসেবে খাটো করে দেখার সুযোগ আর নেই। সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা প্লাগড-ইন করা দুনিয়ায় প্রতিবেশ বিপর্যয়ও লাগাতার ও ঘনিষ্ঠভাবে দেখতে পারি আমরা। আর এসব বিপর্যয় আমাদের কাছে হাজির হয় এক যুক্তিহীন ও ধ্বংসাত্মক উন্মত্ততার নিরর্থক উৎপাত হিসেবে। মনে হয়, আমরা যেন প্রকৃতির বিনাশ প্রত্যক্ষ করছি।আজকের দুনিয়ায় সব ব্যাপারে জানতে আমরা বিশেষজ্ঞ বিজ্ঞানীদের দিকে চেয়ে থাকি। কিন্তু তাঁরা তো সবকিছু জানেন না। আর সেখানেই সমস্যা। বিজ্ঞান নিজেকে বানিয়ে তুলেছে বিশেষায়িত জ্ঞান। হাজির করছে কতগুলো সাংঘর্ষিক ব্যাখ্যা, ‘বিশেষজ্ঞ মতামতের’ মোড়কে। সমস্যা হচ্ছে, আমাদের আজকের নানা অসুবিধার জন্য আমরা যদিও বা বৈজ্ঞানিক-প্রযুক্তিগত সভ্যতাকে দায়ী করি, তবু সেই ব্যবস্থা ঠিক করতে গেলে সেই বিজ্ঞান ছাড়া তো আমাদের চলবে না। আকাশে ওজোনস্তরের ফুটা (ozone hole) তো শুধু বিজ্ঞানীরাই ‘দেখতে’ পারেন। জার্মান কম্পোজার উইলহেম রিচার্ড ওয়েগনারের অপেরা পারসিফাল-এ আছে: ‘যে বর্শার আঘাতে ক্ষত তৈরি হয়, সে বর্শা দিয়েই কেবল সেই ক্ষত সারানো যায়।’ এই বাক্যটি এ সময়ে নতুন প্রাসঙ্গিকতা পেয়েছে। বিজ্ঞানপূর্ব সার্বিক প্রজ্ঞার স্তরে কিংবা মাটি, বাতাস, বায়ু ও আগুনের জগতে ফিরে যাওয়ার কোনো পথ খোলা নেই।বিজ্ঞান সহায়তা করতে পারে, কিন্তু পুরো কাজ সারতে পারে না। আমাদের দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া ঠেকানোর জন্য বিজ্ঞানের দিকেই চেয়ে থাকার বদলে তাকাতে হবে নিজের দিকে; কল্পনা করার আর নতুন দুনিয়া গড়ে তোলার সামর্থ্য অর্জন করতে হবে। আমাদের ভাগ্যে কী ঘটবে, তা বসে বসে চেয়ে চেয়ে দেখা—নিষ্ক্রিয় দর্শক হয়ে থাকার ভূমিকা মেনে নেওয়া কঠিন। এই পরিস্থিতিতে এল অকালে শহীদ হওয়ার বিকৃত আনন্দ: ‘আমরা মাতা প্রকৃতিকে অসন্তুষ্ট করেছি। তাই আমাদের যা প্রাপ্য, তা-ই পাচ্ছি!’ পরিবেশের প্রতি হুমকির জন্য নিজেকে দোষী সাব্যস্ত করতে এক পায়ে খাড়া থাকা আসলে আত্মপ্রবঞ্চনার মাধ্যমে নিজেকে প্রবোধ দেওয়া। আমরা যদি দোষী হই, তাহলে তো সবকিছু নির্ভর করে আমাদের ওপরই; শুধু আমাদের জীবনযাপন পাল্টে ফেলেই নিজেদের বাঁচাতে পারি। তাই পুরোনো কাগজ রিসাইকেল করা, জৈব খাদ্য কেনার মতো নানা কাজ আমাদের মনকে আবিষ্ট করে, আমরা উন্মাদের মতো ঝাঁপিয়ে পড়ি; শুধু নিজেকে বুঝ দিতে চাই, কিছু একটা তো করছি আমরা, একটা ভূমিকা রাখছি।মানবিক ব্রহ্মাণ্ডের (মানুষের আরামের জন্য তৈরি) বুলির মতোই প্রকৃতির ভারসাম্যের (যা মানুষ ধ্বংস করে চলেছে তার দম্ভের কারণে) তথাকথিত বুলিও আসলে এক অতিকথা। বিপর্যয় প্রাকৃতিক ইতিহাসেরই অংশ। কিছুদিন আগে আইসল্যান্ডে আগ্নেয়গিরির মাঝারি মাত্রার অগ্ন্যুৎপাতের কারণে ইউরোপের বেশির ভাগ বিমানকেই বসে থাকতে হলো। এ ঘটনা মনে করিয়ে দিল, প্রকৃতির ওপর দোর্দণ্ড প্রতাপের অধিকারী হওয়া সত্ত্বেও আমরা মানুষেরা শুধুই পৃথিবীর এক জীবন্ত প্রজাতি, আর পৃথিবীর নানা উপাদানের সূক্ষ্ম ভারসাম্যের ওপর আমরা কত নির্ভরশীল।অতএব, আমাদের ভবিষ্যৎ কী? একটা বিষয় পরিষ্কার: অধিকতর যাযাবর জীবনে আমাদের আরও অভ্যস্ত হয়ে ওঠা উচিত। পরিবেশের ক্রমাগত কিংবা আকস্মিক পরিবর্তনের ফলে অভূতপূর্ব সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন ঘটতে বাধ্য। এসব ক্ষেত্রে শুধু সতর্ক করা ছাড়া বিজ্ঞানের পক্ষে বেশি কিছু করার সুযোগ নেই। ধরুন, আগ্নেয়গিরির নতুন অগ্ন্যুৎপাতে কোনো এলাকা বসবাসের একেবারে অনুপযোগী হয়ে গেল; সেখানকার অধিবাসীরা কোথায় তাদের ঘর গড়বে? অতীতে বিপুলসংখ্যক মানুষ একত্রে এক স্থান থেকে অন্য স্থানে গমন করত স্বতঃস্ফূর্তভাবে। এসব প্রক্রিয়া যন্ত্রণাপূর্ণ ছিল, আর এতে বিলুপ্ত হয়েছে বহু সভ্যতা। আজ যখন শুধু রাষ্ট্র নয়, বরং কোনো স্থানীয় গোষ্ঠীর হাতেও গণবিধ্বংসী অস্ত্র থাকা সম্ভব হয়ে উঠেছে, তখন তো আর স্বতঃস্ফূর্তভাবে বিপুলসংখ্যক মানুষের একত্রে অভিবাসনের ঝুঁকি আমরা নিতে পারি না।এর মানে হলো, আমাদের উদ্ভাবন করতে হবে বৈশ্বিক সহযোগিতার নতুন ধরন, যা বাজার বা কূটনৈতিক দেনদরবারের ওপর নির্ভর করে না। সেটা কি অসম্ভব কল্পনা?অসম্ভব আর সম্ভব একই সময়ে হঠাৎ হঠাৎ সীমা ছাড়িয়ে যাচ্ছে। ব্যক্তিগত স্বাধীনতা আর বৈজ্ঞানিক প্রযুক্তির রাজ্যে একসময়ের অসম্ভব দিন-দিন হয়ে উঠেছে সম্ভব। এখন আমরা এমন সব আকাঙ্ক্ষা লালন করতে পারি, যেখানে আমাদের শারীরিক ও মানসিক সামর্থ্যকে বাড়িয়ে তোলা যায়; জীবনরহস্যে হস্তক্ষেপের মাধ্যমে জীববৈজ্ঞানিক বৈশিষ্ট্য বদলে দেওয়া যায়, আর আমাদের পার্থক্যসূচক বৈশিষ্ট্যগুলো এনকোড করে এবং আমাদের পরিচয়ের গঠন উপাদানগুলো কোনো কম্পিউটার প্রোগ্রামে ফিড (feed) করার মাধ্যমে অমরত্বের প্রযুক্তিসমন্বয়ী স্বপ্ন পূরণ করতে পারি।আমরা মনে করি, একালে আমরা সামাজিক-অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে পরিপক্বতা অর্জন করেছি। আর তাই এই সম্পর্কের স্বীকৃতি। কমিউনিজমের পতনের পর আমরা গত সহস্রাব্দের ইউটোপীয় স্বপ্ন ত্যাগ করেছি; গ্রহণ করে নিয়েছি বাস্তবতার সীমাবদ্ধতাগুলোকে। বড় মাপের সামষ্টিক কর্মকাণ্ডে আমরা যুক্ত হতে পারি না। পুরোনো কল্যাণরাষ্ট্রকে আঁকড়ে ধরতে পারি না। কেননা, তাতে প্রতিযোগিতাবিমুখতা এসে যায়—সৃষ্টি হয় অর্থনৈতিক সংকট। বিশ্ব বাজারব্যবস্থা থেকে আমরা নিজেদের আলাদা করে ফেলতে পারি না।গুরুতর কোনো সামাজিক পরিবর্তনের কল্পনার চেয়ে পৃথিবী ধ্বংসের চিন্তা আমাদের জন্য সহজ। বিশ্ববিপর্যয় নিয়ে ব্লকবাস্টার চলচ্চিত্রের আধিক্য আর সামাজিক বিকল্প বিষয়ে আকর্ষণীয় চলচ্চিত্রের অভাবের দিকে দৃষ্টি দিলেই ব্যাপারটা অনেক পরিষ্কার হয়ে যায়।কী সম্ভব আর কী অসম্ভব, সে বিষয়ে আমাদের চিন্তাভাবনা বদলানোর সময় হয়েছে বলে মনে হয়। অসীম শক্তির অধিকারী হওয়া আর অমরত্ব অর্জন মানুষের পক্ষে অসম্ভব—এ কথা হয়তো মেনে নেওয়া উচিত আর ভাবা উচিত সমাজের আমূল পরিবর্তনের সম্ভাব্যতা নিয়ে। প্রকৃতি যদি আমাদের জন্য নির্ভরযোগ্য কোনো স্থিতিশীল ব্যবস্থা কিংবা যত্নবান মা না হয়ে বরং মলিন ও বৈরী হয়, তাহলে তার কোলে টিকে থাকতে হলে আমাদের সমাজটাও বদলানো উচিত।ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন থেকে নেওয়া। ইংরেজি থেকে অনুবাদ: আহসান হাবীবস্লাভো জিজেক: স্লোভেনীয় রাজনৈতিক দার্শনিক।