প্রজন্ম চত্বরে অনুচ্চারিত ফরিয়াদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের প্রজন্ম চত্বরে তরুণদের নেতৃত্বে শুরু হওয়া অভূতপূর্ব গণজাগরণ সবাইকে উজ্জীবিত করেছে। ইতিমধ্যেই সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর একটি সংশোধনী পাস হয়েছে, যার মাধ্যমে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল দায়ের সংক্রান্ত বাদীপক্ষের (সরকার) ও বিবাদীপক্ষের অধিকারের সমতা আনা হয়েছে এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হলে যেকোনো ব্যক্তির পাশাপাশি ‘সংগঠনের’ বিচার করার ক্ষমতাও ট্রাইব্যুনালের আওতাভুক্ত করা হয়েছে। এই সংশোধনী পাস হওয়ায় তরুণ প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া চলমান আন্দোলন-সংগ্রামের প্রধান দাবি অর্জনের পথের বিচারিক প্রক্রিয়ার বাধা অপসারিত হলো বলা চলে। অপর দিকে, আন্দোলনের মূল সংগঠকদের অন্যতম রাজীব হায়দারকে ঘাতক দল কুপিয়ে হত্যা করে ঘাতকেরা আবারও মনে করিয়ে দিল, তারা বাংলাদেশের রাষ্ট্রশক্তিকে সশস্ত্রভাবে মোকাবিলা করতে প্রস্তুত। ট্রাইব্যুনালের বিচার-প্রক্রিয়া এবং সংশোধিত আইনে নির্দেশিত আপিল দায়েরের প্রক্রিয়া সম্পর্কে বক্ষ্যমাণ নিবন্ধে সংগত কারণেই মন্তব্য করছি না। আমি আলোকপাত করতে চাই এ দেশের দলীয় রাজনীতির এক আত্মঘাতী দলীয় লেজুড়বৃত্তির নিগড়ে উচ্চতর শিক্ষাঙ্গনের ছাত্রছাত্রীদের আইনগতভাবে বেঁধে ফেলার ১৯৭৬ সালের রাজনৈতিক দলবিধির ওপর। সামরিক শাসক জিয়াউর রহমানই ছিলেন এই দলবিধিরও প্রবর্তক। মূল রাজনৈতিক দলের অঙ্গসংগঠন হিসেবে ছাত্রসংগঠনগুলোকে আইনি গাঁটছড়ায় বেঁধে ফেলার এই বাধ্যবাধকতা কেন তিনি আবশ্যক মনে করছিলেন, তা বোঝা মুশকিল। হয়তো চল্লিশ, পঞ্চাশ ও ষাটের দশকের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের নেতৃত্বদানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গৌরবদীপ্ত ইতিহাস, ১৯৪৮ সালের মার্চের প্রথম ভাষাসংগ্রামেরই পর্যায়ক্রমিক ধারাবাহিকতা— এটা জেনেশুনেই তিনি ও তাঁর সামরিক এস্টাবলিশমেন্ট এই সুপরিকল্পিত আইনি পরিবর্তনটি নিয়ে এসেছিল ছাত্রদের ঐতিহাসিক ভূমিকাকে মসিলিপ্ত করার নীলনকশা হিসেবে! পুনরুক্তি হলেও মনে করিয়ে দিতে চাই, পাকিস্তানের ২৪ বছর এবং বাংলাদেশের গত ৪২ বছরের আন্দোলন-সংগ্রামের গৌরবজনক অধ্যায়গুলোর প্রতিটিরই সূতিকাগার হিসেবে ভূমিকা পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। কোনো রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে কিংবা এজেন্ডা বাস্তবায়নে এ দেশের উচ্চতর শিক্ষাঙ্গনগুলোর ছাত্রছাত্রীদের বৃহদংশের অংশগ্রহণকে কোনো আন্দোলন-সংগ্রামেই ‘নির্দেশ’ দেওয়া যায়নি। লেজুড়বৃত্তিতে নিমগ্ন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-পাতিনেতা-মাস্তানদের ছাত্রছাত্রীরা ভয়ে সমীহ করে চললেও তাদের অপছন্দই করে। চর দখলের মতো ক্যাম্পাস দখলের অপসংস্কৃতি এ দেশে প্রথম চালু করেছিল ষাটের দশকে গভর্নর মোনেম খান। ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিএ সম্মান কোর্সে ভর্তি হওয়ার কয়েক মাসের মধ্যেই ব্যক্তিগতভাবে আমি মোনেম খানের মাস্তান বাহিনী এনএসএফের টার্গেটে পরিণত হয়েছিলাম। (এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম বলে আমাকে তারা হলের এজিএস পদে মনোনয়ন প্রদানের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে আমি ডাইনিং হলে এনএসএফ মাস্তানদের ডাবল কাপ খাওয়ার প্রতিবাদ করায় সরাসরি নিগৃহীত হয়েছিলাম।) ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান আমাদের ওই মাস্তান বাহিনীর হাত থেকে মুক্ত করেছিল। ১৯৬৯-১৯৭১ পর্বের ছাত্র আন্দোলন ছয় দফা ও এগারো দফার সংগ্রামকে এক দফার স্বাধীনতাসংগ্রামে রূপান্তর করেছিল— এটাই ইতিহাস। আওয়ামী লীগের রাজনীতিকে এক দফার স্বাধীনতাসংগ্রামে নিয়ে যেতে ছাত্রলীগের বৃহদংশের সমর্থনপুষ্ট গ্রুপটির প্রবল চাপ প্রয়োগই যে মুখ্য ভূমিকা পালন করেছিল, তাও ইতিহাসে লিপিবদ্ধ হয়ে আছে। স্বাধীনতার পর ওই ছাত্রলীগই যখন দ্বিখণ্ডিত হলো, তখন ক্ষমতাসীনদের সমর্থনপুষ্ট অংশটি ক্রমেই জবরদস্তিমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয় ১৯৭২ সাল থেকেই। ডাকসুর নির্বাচনের ব্যালট পেপার ছিনতাই এবং মুহসীন হলের সাত ছাত্রের হত্যাকাণ্ড ক্ষমতাসীন মহলের লেজুড়বৃত্তির নিগড়ে বন্দী ছাত্ররাজনীতির কলঙ্কেরই প্রমাণ বলা চলে।কিন্তু, জিয়াউর রহমান প্রবর্তিত ১৯৭৬ সালের রাজনৈতিক দলবিধি প্রাক-১৯৭৫ পর্বের অলিখিত লেজুড়বৃত্তির ঐতিহ্যকে আইনগত বাধ্যবাধকতার নিগড়ে রূপান্তর করে ফেলেছিল। এর ফলে, আগে যেখানে ছাত্রসংগঠনগুলোর উচ্চতম পর্যায়ের কিছু নেতানেত্রীর মাধ্যমে মূল রাজনৈতিক দলের সঙ্গে ওই সংগঠনের যোগাযোগের ব্যবস্থা চালু ছিল, এর ফলে সেটা ছাত্রসংগঠনের প্রতিটি স্তরের নেতা-কর্মীদের ‘আইনি গাঁটছড়ায়’ পরিণত হয়ে গেল। মানে, ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা মূল রাজনৈতিক দলের আইন-স্বীকৃত ‘ক্যাডার বাহিনী’ হয়ে গেল। পাকিস্তান আমলে, বিশেষত ষাটের দশকে, ক্যাডার বাহিনীর খোঁয়াড়ে ছাত্রদের বন্দী করার সক্রিয় কর্মসূচি ছিল মূলত জামায়াতে ইসলামীর। তাদের নিয়ন্ত্রণাধীন ইসলামী ছাত্র সংঘের সদস্য হওয়ার জন্য হাইস্কুল পর্যায়েই মেধাবী ছাত্রদের টার্গেট করে সুপরিকল্পিতভাবে ‘দাওয়াত’ কার্যক্রম পরিচালনাও করত তারা। যারা একবার তাদের ফাঁদে আটকে গেছে, তাদের আর ওই ফাঁদ থেকে মুক্তিলাভের সম্ভাবনা কম। ওই নিয়ন্ত্রণ যে কতখানি নিরবচ্ছিন্ন, তারই প্রমাণ বহন করে চলেছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি জল্লাদদের গণহত্যার দোসর জামায়াতে ইসলামীর নির্দেশে ইসলামী ছাত্র সংঘের নেতা-কর্মীদের সমন্বয়ে আলবদর, আলশামস ও মুজাহিদ বাহিনী গঠন। সে জন্যই বারবার বলতে হবে, শুধু ব্যক্তি হিসেবে বিচার নয়, সংগঠন হিসেবেই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র সংঘের অধিকার থাকতে পারে না স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার। সাইনবোর্ড বদলালেই এসব বাহিনীর পরিচয় কি মুছে যাবে? জামায়াতে ইসলামীর সরাসরি কমান্ডেই গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট, ধর্মান্তরিতকরণ ও মুক্তিযোদ্ধা নিধনে হানাদার পাকিস্তানি আর্মির ‘অকিজলিয়ারি বাহিনী’ হিসেবে সোৎসাহে অংশগ্রহণ করেছে আলবদর বাহিনীতে রূপান্তরিত ইসলামী ছাত্র সংঘের ঘাতকেরা। অথচ জিয়াউর রহমান সেই জামায়াতে ইসলামীকেই জেনেশুনে ইসলামী ডেমোক্রেটিক লীগের (আইডিএল) নতুন সাইনবোর্ড নিয়ে রাজনীতি করার লাইসেন্স দিয়েছিলেন। ইসলামী ছাত্রশিবির নামের নতুন সাইনবোর্ড নিয়ে ওই আইডিএলের ‘আইন-স্বীকৃত অঙ্গসংগঠন হিসেবে মাঠে নামল ইসলামী ছাত্র সংঘ, যার প্রথম সভাপতি হলেন বর্তমানে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বিচারাধীন আসামি মীর কাসেম আলী। জিয়াউর রহমানের দলবিধি অনুযায়ী প্রতিটি বড়সড় রাজনৈতিক দলকে নিজেদের রেজিস্ট্রেশন গ্রহণের সময় দলের ছাত্রসংগঠনের নামও নিবন্ধন করার আইনগত বাধ্যবাধকতা অনুসরণ করতে হয়েছে। গত ৩৭ বছরে ক্ষমতায় অধিষ্ঠিত কোনো সরকার ছাত্রসংগঠনগুলোর এই আইনস্বীকৃত রাজনৈতিক লেজুড়বৃত্তির নিগড় থেকে এ দেশের ছাত্রছাত্রীকে মুক্তি প্রদানের প্রয়োজনীয়তা অনুভব করেনি! কারণ, জিয়াউর রহমান থেকে শুরু করে গত ৩৭ বছরে এ দেশে ক্ষমতাসীন সামরিক স্বৈরশাসক ও গণতান্ত্রিক নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা অর্জনকারী রাজনৈতিক দল দুটোর নেত্রীরা দেশের উচ্চশিক্ষার অঙ্গনগুলোকে নিজেদের পোষ্য লাঠিয়াল বাহিনীর দখলদারি প্রতিষ্ঠার মৌতাতে বুঁদ থাকার ঐতিহ্যই সৃষ্টি করে চলেছেন। আর রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করে ছাত্রদলের নেতা-পাতিনেতাদের রিক্রুট করেছিলেন জিয়াউর রহমান। তারপর ‘হিজবুল বাহার’ নামের সমুদ্রগামী জাহাজে ছাত্রনেতাদের প্রমোদ ভ্রমণে নিয়ে গিয়েছিলেন তিনি। রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা, ঠিকাদারি, ব্যাংকঋণ, সরকারি চাকরির একচেটিয়া দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি—ছাত্রসংগঠনগুলোর প্রভাবশালী নেতা ও মাস্তানদের রাতারাতি কোটিপতি বনে যাওয়ার বর্তমান সর্বনাশা সংস্কৃতির পত্তন ঘটেছিল তখন থেকেই। স্বৈরশাসক এরশাদও একই মহাজনি পন্থায় জাতীয় ছাত্রসমাজ গঠন করেছিলেন। ১৯৮৬ সালের নির্বাচনে ভোটের কেন্দ্র দখলে তাঁর দলের ছাত্র-মাস্তানরা বিলক্ষণ পারদর্শিতা দেখিয়েছিল। কিন্তু, ১৯৮৬ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একচ্ছত্র দখল কায়েমের যুদ্ধে ইসলামী ছাত্রশিবিরের প্রশিক্ষিত সশস্ত্র কর্মীদের কাছে গো-হারা হেরে গেল জাতীয় ছাত্রসমাজ। তাদের দুর্ধর্ষ মাস্তান আবদুল হামিদের হাতের কবজি কেটে নিয়ে ওই কাটা কবজি ছুরির আগায় গেঁথে ক্যাম্পাসে বিজয় মিছিল করেছিল ইসলামী ছাত্রশিবির। (ওই মিছিলে নেতৃত্বদানকারীদের একজন বর্তমানে জামায়াতে ইসলামীর মনোনয়নে জাতীয় সংসদের সদস্য, আরেকজন ১৯৯১-৯৬ মেয়াদে বিএনপি সরকারের থাকাকালীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও নিযুক্ত হয়েছেন!) ১৯৯৫ সালে তদানীন্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছাত্রদলের শক্তিমত্তা সম্পর্কে এতই আস্থাশীল ছিলেন যে বিরোধী দলের ওই সময়কার আন্দোলন দমানোর ব্যাপারে বলেছিলেন, ‘ওদের ঠেকাতে আমার ছাত্রদলের ছেলেরাই যথেষ্ট।’ ওই উক্তির পাঁচ মাসের মাথায় তাঁর পতন ছাত্রদলের ‘ছেলেরা’ ঠেকাতে পারেনি অবশ্য! ২০০১-২০০৬ মেয়াদে আবারও ছাত্রদল এ দেশের ক্যাম্পাসগুলো দখল করেছিল। কিন্তু, ২০০৮ সালের নির্বাচনে আবারও বিএনপির বিপর্যয়কর পরাজয় কি ওরা ঠেকাতে পেরেছে? অপর দিকে, ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ নির্বাচনে জিতে সরকার গঠনের পর ছাত্রলীগ অবতীর্ণ হলো ছাত্রদল ও জাতীয় ছাত্রসমাজের ভূমিকায়। আবারও ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের দখলদারি প্রতিষ্ঠিত হলো। কিন্তু, ছাত্রদল পরাভব মেনে নিলেও ছাত্রশিবির অত সহজে তাদের দখলে থাকা ক্যাম্পাসগুলোর নিয়ন্ত্রণ ছাড়তে রাজি হলো না। অতএব, লাশ পড়তে শুরু করল ক্যাম্পাসগুলোতে। ২০০৯ সালের জানুয়ারিতে আবারও মহাজোট ক্ষমতাসীন হওয়ার পর আওয়ামী লীগের লেজুড়বৃত্তির নিগড়ে বন্দী করা হলো ছাত্রলীগকে। গত চার বছরে মহাজোট সরকারের জন্য ফ্রাঙ্কেনস্টাইনের ভূমিকা পালন করে চলেছে ছাত্রলীগ। টেন্ডারবাজি, চাঁদাবাজি, ঠিকাদারি, দখলবাজি চলছেই।শাহবাগ চত্বরে তরুণ প্রজন্মের যে গণজাগরণ কর্মসূচি চলমান, তার প্রধান বৈশিষ্ট্যই হলো: এই তরুণ-তরুণীরা কোনো দলের নেতানেত্রীদের দলীয় রাজনৈতিক বক্তব্য দিতে দিচ্ছে না। এ জন্য গণজাগরণ মঞ্চের মূল স্লোগানদাতা লাকী আক্তারকে শারীরিক আঘাতও সইতে হয়েছে। কিন্তু, টলানো যায়নি তাদের। এ জন্য তাদের অভিনন্দন জানাই। লেজুড়বৃত্তির ছাত্ররাজনীতিকে তারা প্রত্যাখ্যান করেছে। শাবাশ! দেশের উচ্চতম শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের অবশ্যই রাজনীতি করতে হবে, আরও বহুদিন। কিন্তু কখনোই সেটা ক্ষমতাসীন দলের লেজুড়বৃত্তির নিগড়ে বন্দী লাঠিয়ালগিরি নয়, কিংবা ক্ষমতার হালুয়া-রুটির ধান্দাবাজি নয়। কিংবা তা কখনোই জামায়াতে ইসলামীর মতো অপশক্তির ‘কিলিং স্কোয়াডের’ ভূমিকা পালন হতে পারে না। এ দেশের শোষিত-বঞ্চিত জনগণের মুক্তির সংগ্রামে নেতৃত্ব তো ছাত্রদেরই দিতে হবে। নিখাদ দেশপ্রেম এবং বিবেকের শাসন হবে ছাত্ররাজনীতির পথনির্দেশক। তোমরা এগিয়ে যাও, নির্ভয়ে। ড. মইনুল ইসলাম: প্রফেসর, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সাবেক সভাপতি, বাংলাদেশ অর্থনীতি সমিতি।