অপরাধ সংঘটিত হওয়ার ৪২ বছর পর জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে একাত্তরের যুদ্ধাপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারে সর্বোচ্চ শাস্তি দিয়েছেন। রায় ঘোষিত হওয়ার পর জামায়াত ও শিবিরের কর্মীরা সারা দেশে আক্রমণাত্মক প্রতিবাদ চালিয়েছেন এবং পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। এসব ঘটনায় ৪০ জন নিহত হয়েছে বলে জানা যাচ্ছে।রাজধানীর শাহবাগ থেকে তরুণ প্রজন্ম যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি থেকে যে আন্দোলন শুরু করেছিল, তা সারা দেশের সব বয়সের মানুষের ব্যাপক সমর্থন পেয়েছে এবং যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে তাদের আন্দোলনে শরিক হতে উদ্বুদ্ধ করেছে।আমরা লক্ষ করেছি, তরুণদের এই আন্দোলনের ফলে জামায়াত-ভিন্ন অন্য ধর্মভিত্তিক দলগুলো যুদ্ধাপরাধীদের বিচারের ন্যায্যতা স্বীকার করতে শুরু করেছে। এ-ও লক্ষ করার বিষয় যে কোনো কোনো ব্লগে ইসলাম ধর্ম ও নবী (সা.) সম্পর্কে কুরুচিপূূর্ণ প্রচারণার বিষয়টি যে শাহবাগের আন্দোলনকারীদের নয়, অন্য কোনো মহলের কারসাজি, তা-ও মানুষ বুঝতে পারছেন। শাহবাগ আন্দোলনের সংগঠকেরা ইসলাম ও ধর্ম সম্পর্কে তাঁদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। ফলে ধর্ম নিয়ে রাজনীতির মনোপলি জামায়াতের আর থাকছে না।এটাও স্পষ্ট যে বাংলাদেশের অধিকাংশ মানুষ মুক্তিযুদ্ধের গৌরবের অংশীদার থাকতে চান এবং বিপরীতে সে সময়ের অপরাধ ও গ্লানির বোঝা ঘাড় থেকে নামাতে আগ্রহী। জনগণের এই আকাঙ্ক্ষাগুলোকে কেউ যদি মর্যাদা দিতে না পারে এবং বিপরীত অবস্থান নিতে থাকে, তাহলে তো তাদের ভূমিকা মানবতার বিরুদ্ধে আরও অপরাধের জন্ম দেবে। রায় ঘোষণার পরের সহিংসতার জের ধরে এত মানুষের প্রাণহানির দায় কে বহন করবে? আমাদের মনে হয়, জামায়াত বা জামায়াতপন্থী সবার বাংলাদেশের ইতিহাসের এই দিকটি নিয়ে ভাবতে এবং তা বুঝতে হবে। এ দেশের মানুষ সাধারণভাবে ধর্মবিশ্বাসী, ধর্মভীরু আবার পর ধর্মের প্রতি উদার ও সহিষ্ণু। এটাই এই অঞ্চলের সিংহভাগ সুন্নি মুসলমানের ধর্মচর্চার ধারা। আরবের বিভিন্ন অঞ্চলে যেমন স্বকীয় সাংস্কৃতিক ধারাগুলো বহমান আছে, তেমনি এই অঞ্চলের সংস্কৃতিকে বাঙালি মুসলমান চর্চার মাধ্যমে এগিয়ে নিয়ে চলেছে। কোনো ধরনের কট্টর পন্থা এই অঞ্চলের মানুষ গ্রহণ করেনি, ওয়াহাবি পন্থাও এই অঞ্চলে জনপ্রিয় হয়নি।তবু ধর্মীয় অঙ্গনে তাত্ত্বিক আলোচনা ও বিতর্ক হতে পারে, কিন্তু নিজস্ব মতামত জবরদস্তিভাবে চাপানোর জন্য রাজনৈতিক ভূমিকা নিতে চাইলে এ দেশের মূলধারার সঙ্গে দ্বন্দ্ব তৈরি হবে।১৯৭১ সালে জামায়াত পাকিস্তানি রাজনীতির পক্ষ নিয়ে এ দেশের মুক্তিযুদ্ধপন্থী মূলধারার কাছে পরাস্ত হয়েছিল। পাকিস্তান তার পরাজিত শাসক এবং সামরিক কর্মকর্তাদের ক্ষমতা ও পদ থেকে বিদায় করেছিল। এটাই বিশ্বব্যাপী দস্তুর, পরাজিত নেতৃত্ব আর ক্ষমতা বা পদে বহাল থাকে না। কিন্তু জামায়াত তাদের সেদিনের পরাজিত নেতাদের, যারা নানাভাবে দখলদার পাকিস্তান সরকার ও বাহিনীর সহায়ক শক্তি হিসেবে বাংলাদেশে মানবতাবিরোধী নানা অপরাধে অংশ নিয়েছিল, স্বাধীন বাংলাদেশেও নেতা হিসেবেই বহাল রাখতে চাইল।এতে তারা একদিকে বাংলাদেশের বাস্তবতাকে স্বীকার করল না, একাত্তরের ভূমিকার ভুল স্বীকার করল না, অপরাধের জন্য ক্ষমা চাইল না আর অন্যদিকে বাংলাদেশের ও মুক্তিযুদ্ধের সক্রিয় বিরোধিতাকারী ব্যক্তিদের নেতার আসনে বসিয়ে যেন বাংলাদেশ, স্বাধীনতা, মুক্তিযুদ্ধকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে রাখল। এ কথা না বললেই নয়, বিএনপির মদদে ও সাহচর্যে তারা ইতিহাসের সঠিক পথে না এসে ভুল পথে চালিত হলো। বাংলাদেশের ইতিহাসের গতিপথ কোন দিকে, তা যেন বিএনপি ও জামায়াত খেয়াল করেনি কখনো। মুক্তিযুদ্ধ এবং এর ইতিহাসকে অস্বীকার বা অবজ্ঞা করে সত্যকে ধামাচাপা দিয়ে নতুন ইতিহাস রচনার যে প্রয়াস বিএনপি নিয়েছিল, তার ভ্রান্তিটা আজ নিশ্চয় বোঝা উচিত।প্রথমত, বাংলাদেশ কখনো তার জন্মের ইতিহাস অর্থাৎ একাত্তরকে ভুলতে পারবে না। এ দেশের সাধারণ মানুষ বরাবর একাত্তরের গৌরবগাথা স্মরণ করবে। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সব সময় অনুপ্রাণিত করবে। দ্বিতীয়ত, শতকরা ৮৫ জন মুসলমানের এই দেশের ইসলাম চর্চার যে ঐতিহ্য, তা সাধারণকে জঙ্গিবাদ-উগ্রবাদে উৎসাহিত করবে না। মুক্তিযুদ্ধ এবং ইসলামের মধ্যে কোনো বিরোধ তারা দেখতে পায় না। যুদ্ধাপরাধের বিচারের সঙ্গে ইসলামের কোনো সংঘাত-সংকটও তারা দেখে না। তৃতীয়ত, একাত্তরে রাজাকার-আলবদরদের ভূমিকা ও অপরাধ সম্পর্কে মানুষের মনে সাধারণভাবেই ঘৃণা আছে। তাই এদের বিচারের প্রতি তাদের সমর্থন রয়েছে। চতুর্থত, প্রকৃত ধার্মিক মানুষ নিজের ভুল ও অপরাধ স্বীকার করেন, প্রয়োজনে ক্ষমা চেয়ে নেন।এ রকম কোনো পথে জামায়াত হাঁটেনি। তাকে বিভ্রান্ত করেছে বিএনপি। এখন একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে জামায়াত কি পুনরায় একাত্তরের মুক্তিযুদ্ধের ভূমিকায় ফিরে যেতে চায়? সেটা শান্তির পথ হবে না, তার চেয়েও বড় কথা, সেটা সঠিক পথ হবে না। মানুষ সত্যের জন্য ত্যাগ স্বীকার করে প্রয়োজনে যুদ্ধেও যায়, যেমন একাত্তরে আমরা যুদ্ধ করেছি।কিন্তু একাত্তরের ভুলকে অস্বীকার করতে গিয়ে যদি আজ কর্মীদের যুদ্ধে নামতে বলা হয়, তাহলে আজও আবার সেই একাত্তরের মতোই ভুল পথে পা দেওয়া হবে। তাতে কারও লাভ হবে না—দেশের না, মানুষের না, ইসলামের না, জামায়াতেরও না। যুদ্ধাপরাধীদের বিচারে ধর্ম বিচার্য বিষয় নয়। জামায়াত পাকিস্তানের দোসর হিসেবে ইসলামের নামে, ইসলাম রক্ষার নামে সেদিন যে ভূমিকা নিয়েছিল, তাতে প্রচুর মুসলমান প্রাণ হারান, অনেক মুসলিম নারী ধর্ষিতা হন, বহু মুসলমানের ঘরবাড়ি-সম্পদ লুণ্ঠিত ও ভস্মীভূত হয়।স্বাধীন বাংলাদেশের পক্ষে তো একাত্তরকে অস্বীকার করা সম্ভব নয়। আর একাত্তরকে স্বীকার করার অর্থ হলো মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান করা এবং যুদ্ধাপরাধীদের দোষী বলা ও বিচার চাওয়া। এ অবস্থায় কেউ তাহলে যদি একাত্তরকে স্বীকার না করে, তাহলে তাদের নিজের স্বীকৃতিই প্রশ্নবিদ্ধ হবে। একইভাবে একাত্তরের ভুল ও অপরাধেরও স্বীকৃতি ও বিহিত হওয়া প্রয়োজন। ক্ষমা না চাওয়া ও ক্ষমা না পাওয়ার বাস্তবতায় সেটা বিচার ও শাস্তি পর্যন্ত গড়াতে বাধ্য। কেননা, যে কোনো জাতি ও রাষ্ট্রকেই ন্যায়বিচারের পথ ধরেই এগোতে হয়। এভাবেই ব্যক্তি ও জাতিকে ইতিহাসের দায় মেটাতে হয়।তবে শেষ পর্যন্ত আমরা তো চাইব, দেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসুক ও শান্তি বজায় থাকুক। তরুণ প্রজন্ম, গণজাগরণ মঞ্চ এবং একাত্তরের চেতনায় উদ্দীপ্ত সবার দায়িত্ব দেশের স্বাভাবিক অবস্থা ও শান্তি বজায় রাখা। আইন তার নিজস্ব গতিতেই চলবে। যেকোনো মানুষ তাঁর অভিপ্রায় জানাতে ক্ষোভ প্রকাশ করতে পারেন, বিচারের রায়ে সংক্ষুব্ধ হলে তারও প্রতিকার চাইতে পারেন। কিন্তু এসবের জন্যই শান্তিপূর্ণ পথ আছে। শাহবাগের আন্দোলনে তীব্রতা আছে, চরম মতের প্রকাশও ঘটেছে, কিন্তু শেষ পর্যন্ত তা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ থাকায় জনসমর্থন পেয়েছে ব্যাপকভাবে। জামায়াত শান্তিপূর্ণ প্রতিবাদের পথ ছেড়ে সহিংসতার পথে এগোলে জনসমর্থন হারাতে থাকবে। গণজাগরণ মঞ্চের মূল কাজ ছিল একাত্তরের চেতনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ ও উদ্বুদ্ধ করা। তা সম্পন্ন হয়েছে। আমরা বিশ্বাস করি, প্রয়োজনের সময় ডাক দিলেই এই উদ্দীপ্ত সচেতন মানুষ তাঁদের ঐতিহাসিক ভূমিকা গ্রহণে এগিয়ে আসবেন। জামায়াতের কর্মীদেরও ইতিহাসের আলোকে দলীয় অবস্থান ও দলের ভবিষ্যৎ নিয়ে মূল্যায়ন করতে হবে। শান্তিপূর্ণ পথে কীভাবে রাজনীতি করা যাবে, সে বিষয়ে পরিণত প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় তাঁদের দিতে হবে।মানুষকে উত্তেজিত করে ভাঙচুর, সন্ত্রাসের পথে বেশি দূর যাওয়া সম্ভব হবে না। এ পথে উত্তেজিত কর্মী-সমর্থকেরা একই সঙ্গে জাতীয় পতাকা আর জায়নামাজ পোড়ানোর মতো অপকর্মে জড়িয়ে যেতে পারেন। এ ধরনের কাজ জামায়াতকে আরও প্রশ্নবিদ্ধ করবে। সাধারণ মানুষের মনে হবে, জামায়াতের কর্মীরা ইসলাম বা মুক্তিযুদ্ধ, ধর্ম বা দেশ—কোনো কিছুর প্রতি শ্রদ্ধাশীল নয়। এটি নিঃসন্দেহে কঠিন একটি সময় জামায়াতের জন্য। এ সময়ে নেতৃত্ব সিদ্ধান্ত নিতে ভুল করলে দলের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। কঠিন সময়ে মূল্যায়ন, সমঝোতা ও শান্তিপূর্ণ উত্তরণের সঠিক পথ খুঁজে নেওয়ার মধ্যেই নেতৃত্বের প্রজ্ঞার পরিচয় মিলবে। আবুল মোমেন: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক।