প্রণব মুখার্জির বাংলাদেশ সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও তাঁর সহধর্মিণী শুভ্রা মুখার্জি তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন।রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ভারতের ত্রয়োদশ এবং প্রথম বাঙালি রাষ্ট্রপতি। ভারতে বিভিন্ন পেশা, যশ ও মর্যাদার ব্যক্তিত্ব রাষ্ট্রপতির পদ অলংকৃত করেছেন। ডা. রাজেন্দ্র প্রসাদের মতো রাজনীতিবিদ, সর্বপল্লি রাধাকৃষ্ণনের মতো চিন্তাবিদ, এ পি জে আবদুল কালামের মতো বিজ্ঞানীদের মর্যাদার উঁচু মাপের মানুষ, ভারতজুড়ে যাঁদের নাম ও খ্যাতি, তাঁরা এই আসনটি অধিকার করেছেন। আবার অন্যরাও ছিলেন যাঁরা তেমন অসাধারণ নন, যাঁরা নির্বাচিত হয়েছিলেন মূলত একটি বিশেষ সময়ের রাজনৈতিক বিবেচনায়। প্রণব মুখার্জি তাঁদের সবার মধ্যে ব্যতিক্রম। শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে এই ভারতখ্যাত রাজনীতিবিদের, তবে এটা অনায়াসে বলা যায় যে তাঁর মতো প্রশাসনিক এবং পার্লামেন্টারি অভিজ্ঞতা নিয়ে এর আগে সেই আসনে কেউ উপবিষ্ট হননি। তিনি ভারতের পররাষ্ট্র, প্রতিরক্ষা, বাণিজ্য ও অর্থমন্ত্রী ছিলেন, পাঁচবার তিনি ছিলেন রাজ্যসভার সদস্য এবং ২০০৪ সাল থেকে তিনি ছিলেন লোকসভায়। তিনি দুই দশকেরও বেশি সময় ধরে কংগ্রেস কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।৭৮ বছর বয়স্ক এই রাজনীতিবিদ, তারুণ্যের আভাস যাঁর প্রাণবন্ত হাসিতে এবং ত্বরিত পদচারণ এখনো রয়েছে। রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেন ২৫ জুলাই ২০১২ সালে। বর্তমান দায়িত্ব গ্রহণ করার পর বহির্বিশ্বে রাষ্ট্রপতি হিসেবে এটাই প্রণব মুখার্জির প্রথম সফর। এই কথার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। ভারতের রাষ্ট্রপতির বিদেশ সফর ঘন ঘন হয় না। বিশ্বে ভারতের বর্তমান অবস্থান এবং ভূরাজনৈতিক বিবেচনায় অথবা আর্থরাজনৈতিক কারণে তিনি অন্য অনেক দেশেই তাঁর প্রথম রাষ্ট্রীয় সফর করতে পারতেন। তিনি যে কেবল বাঙালি বলে এবং তাঁর শ্বশুরবাড়ি নড়াইলে বলে প্রথম বাংলাদেশ এসেছেন, তা বলা যাবে না। ভারতের নীতিনির্ধারকেরা (যাঁদের মধ্যে প্রণব মুখার্জি অবশ্যই একজন) বিভিন্ন বিবেচনায় ভারতের রাষ্ট্রপতির সফরসূচি নির্ধারণ করেন। রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাংলাদেশ সফর বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক স্থাপনের আগ্রহেরই পরিচায়ক। বাংলাদেশের বর্তমান ভয়াবহ অবস্থায়, যেখানে অন্যান্য বেদনাদায়ক ঘটনার মধ্যে জামায়াত-শিবিরের সদস্যদের সংখ্যালঘু সম্প্রদায়ের বাসস্থান ও উপাসনালয়ের ওপর আক্রমণ অব্যাহত রয়েছে, সেখানে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পূর্বনির্ধারিত বাংলাদেশ সফর অপরিবর্তিত রাখা আমি একটি সাহসী এবং আমাদের দুই দেশের মধ্যে সুসম্পর্ক স্থাপনের লক্ষ্যে একটি দূরদর্শী সিদ্ধান্ত বলে মনে করি।বাংলাদেশ আর ভারত প্রতিবেশী বলে আমাদের সমস্যার ঝুড়িটির ধারণযোগ্য সমস্যা ক্রমপরিবর্তনশীল। আশি-নব্বইয়ের দশকে আমি যখন ভারতে সাড়ে পাঁচটি বছর হাইকমিশনার ছিলাম, তখন আমাদের মূল সমস্যাগুলোর মধ্যে ছিল, বাংলাদেশের ৬০ হাজার আদিবাসী উদ্বাস্তুকে ত্রিপুরা রাজ্য থেকে ফেরত আনা, তিনবিঘা করিডর এবং গঙ্গার পানি চুক্তি। সময়ের সঙ্গে সঙ্গে সেই সমস্যাগুলোর সমাধান এখন হয়েছে। বর্তমানে রাজনৈতিক ‘রাডারে’ যে সমস্যাগুলো ফুটে উঠছে তা হলো তিস্তার পানিবণ্টন চুক্তি, ছিটমহল বিনিময় এবং সীমান্ত হত্যা। সেই সমস্যাগুলোর চাবিকাঠি এখন যথাক্রমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতের পার্লামেন্টের হাতে এবং বিএসএফের হর্তাকর্তাদের কথায় ও কাজে মিল রাখার মধ্যে রয়েছে। এদিকে আরও অনেক সমস্যা হয়তো বা রয়েছে, যা তাৎক্ষণিকভাবে উঠে আসছে না, তবে ভবিষ্যতে আসবে। এটি কিন্তু প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক বিকাশের প্রত্যাশিত ধর্ম। এসবের জন্যই সবচেয়ে বেশি প্রয়োজন একটি সুস্থ এবং পারস্পরিক সন্দেহবিবর্জিত পরিবেশের। রাষ্ট্রপতি প্রণব মুখার্জির এই সফর সেই পরিবেশ সৃষ্টিতে বিপুলভাবে সহায়ক হবে বলে আমার বিশ্বাস।রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মন্ত্রী হিসেবে আগেও বাংলাদেশ সফর করেছেন, অবদান রেখেছেন আমাদের দুই দেশের মধ্যে সুসম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে। কিন্তু এবার তাঁর সফরের তাৎপর্য ভিন্ন। তিনি কোনো বিশেষ দ্বিপক্ষীয় সমস্যা আলোচনার জন্য আসেননি, রাষ্ট্রপতির তা দায়িত্ব নয়। তবে আমাদের দ্বিপক্ষীয় সমস্যাবলির ওপর তাঁর জ্ঞানের ব্যাপ্তি, তাঁর আন্তরিকতা, তাঁর সদিচ্ছা বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর একটি সুপ্রভাব ফেলবে। আমাদের দুই দেশের মধ্যে সুসম্পর্কের বিবর্তনের যে প্রক্রিয়াটি শেখ হাসিনার ২০১০ সালের ভারত সফরে শুরু হয়েছিল, এবং যা এখনো চলছে, এই সফর তাতে শক্তি জোগাবে। তাকে গতিমান করবে।স্বাগত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং শুভ্রা মুখার্জি।ফারুক চৌধুরী: সাবেক পররাষ্ট্রসচিব। কলাম লেখক।[email protected]