প্রণবের ঢাকা সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখার্জির বাংলাদেশ সফর একটি অনন্য ক্ষণ। অভ্যুদয়ের পর্ব থেকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হয়ে থাকা ‘প্রণবদা’র জন্য লালগালিচা সংবর্ধনা নিতান্তই আটপৌরে নয়। সেখানে নিশ্চয় কৃতজ্ঞ বাংলাদেশের মানুষের প্রাণের ছোঁয়া ছিল।কানায় কানায় পূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে দেওয়া তাঁর ভাষণ তরুণদের গভীরভাবে স্পর্শ ও উদ্দীপ্ত করেছে। দুই দেশের সম্পর্কোন্নয়নে সেখানে উচ্চারিত তাঁর সংকল্প কীভাবে ও কত দ্রুত রূপায়িত হবে, সেটা দেখতে আমরা নিশ্চয় নতুন করে প্রহর গুণব। সীমান্ত ও তিস্তা—দুটিরই সুরাহা দেখতে আগ্রহী মানুষ বারবার আশাভঙ্গের বেদনায় ম্লান হয়েছে। এই অবস্থার অবসান হোক। সীমান্ত চুক্তি বাস্তবায়নে প্রস্তাবিত সংবিধান সংশোধন প্রশ্নে ‘প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকা’ আদৌ সাময়িক অন্তরায় হলেও তিস্তা চুক্তির জন্য তা খাটে না। সীমান্তে মানবাধিকারের সুরক্ষা প্রদানের সঙ্গে কোনো কারিগরি প্রশ্ন জড়িত নয়।লক্ষণীয় যে, এর আগে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরসঙ্গী হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা ছিল। তিনি আসেননি। এবার তাঁর দল তৃণমূলের প্রভাবশালী নেতা মুকুল রায়কে রাষ্ট্রপতির সঙ্গে দেখা গেছে। ভারতের রাষ্ট্রপতির সঙ্গে রাজ্যসভার বিরোধীদলীয় সাংসদেরাও ছিলেন। ভারতীয় রাষ্ট্রপতি যদিও সাংবিধানিক প্রধান, কিন্তু ধরে নিতে হবে যে তাঁর অবস্থানের মধ্য দিয়ে ইউপিএ সরকারের নীতি ও মনোভাবের প্রতিফলন ঘটেছে। আর সেটা যখন কংগ্রেসের এমন এক প্রাজ্ঞ রাজনীতিবিদ, যাঁর সঙ্গে পশ্চিমবঙ্গের নাড়ির টান রয়েছে, তিনি রাষ্ট্রপতি হিসেবে সফরে বাংলাদেশকেই প্রথম বেছে নিয়েছেন; তিনি বাংলাদেশে জামাইবাবু হিসেবে অভিষিক্ত হয়েছেন, তখন তাঁর আশ্বাসে বাড়তি ব্যঞ্জনা স্বাভাবিক। তৃণমূল নেতার সফরসঙ্গী হওয়া যদি আদৌ কোনো ইঙ্গিত বহন করে, তাহলে তিস্তা চুক্তি কি সত্যিই আসন্ন?ভারতের রাষ্ট্রপতির সফরকালে হরতালজনিত কারণে রাজপথের পরিস্থিতি অনুকূল ছিল না। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নির্ধারিত সাক্ষাৎকার বাতিলের ঘটনা ঘটেছে। তাঁর এই সিদ্ধান্ত সুবিবেচনাপ্রসূত নয়। বরং নির্বাচন সামনে রেখে একে তিনি সুযোগ হিসেবেও কাজে লাগাতে পারতেন। গত বছরই তিনি দিল্লিতে প্রণবের সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়া সাম্প্রতিক বছরগুলোতে ভারতের নেতাদের সঙ্গে বিএনপি ধারাবাহিকভাবে সৌজন্য সাক্ষাৎ বজায় রেখেছে।এ দেশকে নেতৃত্ব দিতে আগ্রহী যে কারোরই ভারতসহ সব প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় না রাখলে তা দেশের জন্য ভালো হওয়ার নয়। তাই কেউ বলছেন, খালেদা জিয়ার সিদ্ধান্ত দুই দেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা একটা যতি, বিরতি নয়। অবশ্য বিএনপি ‘নিরাপত্তাজনিত’ কারণে সাক্ষাৎ বাতিল করলেও তারা ভিন্ন ধরনের মন্তব্য করেনি। অন্যদিকে বিএনপির চেয়ারপারসনের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ভারত যদি কোনো বার্তা গ্রহণ করতে চায়, তাহলে সে পথও খোলা থাকছে। আমরা আশা করব, ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতির প্রথম বাংলাদেশ সফরটি কার্যকর অর্থে ফলপ্রসূ হোক। এটি যেন প্রথাগত ‘ফলপ্রসূ’ সফরের বাতাবরণে মিলিয়ে না যায়।