বাংলাদেশের আমের বিলেতযাত্রা নিঃসন্দেহে সুসংবাদ। বিশ্বে খুচরা পণ্যের সবচেয়ে বড় ক্রেতা ওয়ালমার্ট বাংলাদেশের ল্যাংড়া ও আম্রপালি জাতের আম আমদানি করতে যাচ্ছে বলে গতকাল প্রথমআলোতে খবর প্রকাশিত হয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রতিষ্ঠানটি সাতক্ষীরার দুটি জাতের আম যুক্তরাজ্যে আমদানি করবে। পরবর্তীকালে প্রতি সপ্তাহে চার মণ করে আম কিনবে তারা। ইতিমধ্যে সাত জেলার নয় উপজেলার ১৮০ জন আমচাষি রপ্তানির বিষয়ে আগ্রহ দেখিয়েছেন।
এ ব্যাপারে ইন্টারন্যাশনাল প্রকিউরমেন্ট লজিস্টিকসের সঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হার্টেক্স ফাউন্ডেশন ও এফএওর মধ্যে যে চুক্তি স্বাক্ষর হয়েছে, তা আমদানি ও রপ্তানিকারকের পাশাপাশি ভোক্তার স্বার্থ সুরক্ষা করবে আশা করি।
আম রপ্তানি কেবল বিলেতে (যুক্তরাজ্য) কেন? ফলের রাজাখ্যাত বাংলাদেশের অতি রসাল ও সুস্বাদু এই ফলটির চাহিদা আছে অন্যান্য দেশেও। সেখানে বিদেশি ভোক্তা ছাড়াও আছেন বিপুলসংখ্যক প্রবাসী, যাঁরা দেশের পছন্দসই আম খেতে ভালোবাসেন।
অতীতে প্রবাসীদের চাহিদার পরিপ্রেক্ষিতে সীমিত পরিমাণে আম রপ্তানি হলেও কয়েক বছর ধরে তা বন্ধ রয়েছে ফরমালিনসহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক মেশানোর কারণে। ওয়ালমার্টের উদ্যোগে সেই বন্ধ দরজা খুলে গেল। এখন উৎপাদক ও রপ্তানিকারকদের এই নিশ্চয়তা দিতে হবে যে বাংলাদেশের আমে কোনো রকম রাসায়নিক দ্রব্য মেশানো হবে না। সে ক্ষেত্রে আমাদের আম দেশীয় ভোক্তাদের চাহিদা পূরণ করেও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনেও সক্ষম হবে। আম রপ্তানিতে সফলতা এলে অন্যান্য ফল রপ্তানির উদ্যোগ নেওয়া যাবে।
আম উৎপাদনে বাংলাদেশ বিশ্বে সপ্তম স্থানে থাকা কিংবা উৎপাদনের পরিমাণ ১০ লাখ টন ছাড়িয়ে যাওয়া আনন্দের খবরই বটে। নির্ধারিত বাগান ছাড়াও বসতবাড়ি ও পাহাড়ি এলাকায়ও আমের উৎপাদন বাড়ছে। কৃষকেরা সহায়তা পেলে আমের উৎপাদন আরও বাড়বে। আম প্রক্রিয়াজাতকরণের দিকেও মনোযোগ দিতে হবে। অন্যথায় পচনশীল এই পণ্যটির সর্বোচ্চ সদ্ব্যবহার করা যাবে না।
আশা করি, আমের উৎপাদক, রপ্তানিকারক ও প্রক্রিয়াজাতকরণের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় প্রণোদনা দিতে সরকার কার্পণ্য করবে না।