অভিবাসন ও মানব পাচারবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটিং মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) গবেষণায় বাংলাদেশি অভিবাসীদের যে চিত্র উঠে এসেছে, তা কেবল উদ্বেগজনক নয়, মর্মান্তিকও। গবেষণায় দেখা যায়, বাংলাদেশ থেকে বিদেশগামী ৫১ শতাংশ অভিবাসী কোনো না কোনো পর্যায়ে প্রতারণার শিকার হন। এর মধ্যে ১৯ শতাংশ নির্ধারিত টাকার একাংশ বা পুরোটা দেওয়ার পরও বিদেশ যেতে পারেন না। ৩২ শতাংশ প্রতারণার শিকার হন গন্তব্যে পৌঁছার পর বা বিদেশে থাকাকালে। সংস্থাটি টাঙ্গাইলের পাইকেরা ইউনিয়নের ৯টি গ্রাম এবং এলেঙ্গা পৌরসভার ১১টি ওয়ার্ডের ৫ হাজার ৪০৭টি পরিবারের মধ্যে জরিপ চালায়। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ পরিবারে অভিবাসী রয়েছেন।
দেশে চাহিদা অনুযায়ী কাজের সুযোগ নেই। তাই অনেক বাবা-মা ছেলেকে বিদেশে পাঠানোর জন্য জমিজমা বিক্রি করে দালালের হাতে টাকা তুলে দেন এই আশায় যে বিদেশে গিয়ে তারা ভালো বেতনে চাকরি করবে। কিন্তু অনেকে বিদেশে যেতে পারেন না। যঁারা যান, তাঁদের একাংশ দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি হন। দেশে প্রতারণার বিরুদ্ধে আইন থাকলেও তার প্রয়োগ নেই বললেই চলে। ফলে দালালদের দৌরাত্ম্য বেড়েই চলেছে।
একই দিনের পত্রিকায় রামরুর খবরটির পাশাপাশি অভিবাসীবিষয়ক আরও দুটি খবর ছাপা হয়েছে। এক. মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাই বেশি। দুই. বাংলাদেশি নাগরিক ও মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের পাচারের সঙ্গে যুক্ত থাকার দায়ে থাইল্যান্ডে এক জেনারেলসহ অর্ধশত আসামি দোষী সাব্যস্ত হয়েছে। সেই বিচারের মান নিয়ে প্রশ্ন থাকলেও উদ্দেশ্য মহৎ। দালালেরা থাইল্যান্ডকে ট্রানজিট ক্যাম্প হিসেবে ব্যবহার করে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক মানুষকে পাচার করে আসছে। থাইল্যান্ড ও মালয়েশিয়ার গহিন জঙ্গলে যেসব গণকবর আবিষ্কৃত হয়েছে, তাতে হতভাগ্য বাংলাদেশি অভিবাসীর দেহাবশেষও আছে। মানবতার এই লাঞ্ছনা আর কত দিন?
অভিবাসীদের প্রতারিত হওয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ হলেও বাংলাদেশে দালাল-প্রতারকদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। আশা করি, নীতিনির্ধারকেরা সেমিনারে বাগাড়ম্বর করে দায়িত্ব শেষ না করে প্রতারক ও দালালদের শাস্তি নিশ্চিত করবেন। তাতে হয়তো বিদেশে চাকরিপ্রার্থীদের প্রতারিত হওয়ার হার কিছুটা হলেও কমবে।