ভোক্তারা সচেতন হোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোক্তা অধিকার সংরক্ষণ ও ভোক্তা অধিকারবিরোধী কাজ প্রতিরোধে ২০০৯ সালে একটি আইন প্রণয়ন করা হয়। আর এ আইন বাস্তবায়নে প্রতিষ্ঠা করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আইন অনুযায়ী, কোনো পণ্যের মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্যের খুচরা বিক্রয়মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা না থাকা, পণ্য ও সেবার মূল্যতালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের অধিক মূল্য দাবি করা, ভেজাল পণ্য বিক্রি, ওজন পরিমাপক যন্ত্রে এবং দৈর্ঘ্য পরিমাপক ফিতায় কারচুপি করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বা ওষুধ বিক্রি করা শাস্তিযোগ্য অপরাধ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৬ কোটি ১৪ লাখ ৪৭ হাজার ৯৫০ টাকা জরিমানা করেছে।

তবে এ রকম একটি আইনের ব্যাপারে অনেকেই সচেতন নন। অনেকেই জানেন না যে, পণ্য কিনে ঠকলে বা কোনো ধরনের প্রতারণার শিকার হলে প্রতিকার পাওয়ার অধিকার তাঁর আছে। কনজ্যুমারস ফোরামের একটি জরিপ সে রকম তথ্যই জানাচ্ছে। ফোরামের পক্ষ থেকে চালানো এক জরিপে দেখা যায়, এখনো ৩৬ দশমিক ২০ শতাংশ মানুষ জানেন না দেশে ভোক্তাদের স্বার্থ সংরক্ষণমূলক একটি আইন বলবৎ আছে। ৪৭ দশমিক ৫৫ শতাংশ মানুষ জানেন না ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে একটি অধিদপ্তর আছে। এ জন্য প্রত্যেক ভোক্তাকে এ সম্পর্কে জানাতে হবে।

আমরা মনে করি, ব্যাপক জনগোষ্ঠীকে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন করতে নিয়মিত এ আইন সম্পর্কে প্রচার চালানো প্রয়োজন। ভোক্তা অধিকার নিশ্চিত করতে হলে জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই। তবে তা শুধু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একক প্রচেষ্টা দিয়ে সম্ভব হবে না। সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও উদ্যোগী হতে হবে।