প্রতিক্রিয়া: ‘টিভি ক্যামেরার সামনে মেয়েটি’
প্রথম আলোয় প্রকাশিত হাসনাত আবদুল হাইয়ের ‘টিভি ক্যামেরার সামনে মেয়েটি’ নামের গল্পটি আমি পড়েছি। গল্পটি পড়ে আমি একাধারে হতবাক ও ক্ষুব্ধ। আমার কাছে এটি একটি আপত্তিকর রচনা বলে মনে হয়েছে। এটি শাহবাগ আন্দোলনের ব্যাপারে প্রতিক্রিয়াশীলদের ভিত্তিহীন অপপ্রচারের ভাষায় রচিত এবং তা বাংলাদেশে নারীদের প্রতি মারাত্মক অবমাননাসূচক। এ কথা বলার অপেক্ষা রাখে না যে শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলনে নারীসমাজের অংশগ্রহণ সারা পৃথিবীর মনোযোগ আকর্ষণ করেছে এবং একে বাংলাদেশের সমাজের প্রগতিশীলতার একটা উদাহরণ হিসেবেই দেখা হয়েছে। প্রবাসে থাকার সূত্রে এ কথা দ্বিধাহীনভাবে বলতে পারি যে দেশের বাইরে, এমনকি যাঁরা এই আন্দোলনের দাবি-দাওয়ার ব্যাপারে ভিন্ন মত প্রকাশ করেছেন, তাঁরাও এই দিকটিকে অত্যন্ত ইতিবাচক বলে বর্ণনা করেছেন। তা ছাড়া এই গল্প এমন এক সময় প্রকাশ করা হয়েছে, যখন হেফাজতে ইসলাম নামের একটি সংগঠন নারী প্রগতির বিরুদ্ধে অগ্রহণযোগ্য দাবি তুলেছে এবং তাদের সমাবেশ থেকে একজন নারী সাংবাদিকের ওপর হামলাও চালিয়েছে। ইসলামপন্থী বলে পরিচিত দেশের কয়েকটি দল গত ফেব্রুয়ারি থেকে গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে যেসব কল্পনাপ্রসূত, আপত্তিকর অপপ্রচার চালিয়ে আসছিল, এই লেখা তাকে আরও উৎসাহিত করবে বলে আমার ধারণা। লেখাটিতে কেবল যে চূড়ান্ত পুরুষতান্ত্রিক মনোভাবই প্রকাশিত হয়েছে তা নয়, একধরনের পশ্চাৎপদ মানসিকতারও দলিল বলে একে চিহ্নিত করা যায়। লেখাটির রচনাভঙ্গির কারণে এটি সুস্পষ্টভাবেই সুনির্দিষ্ট নারী রাজনৈতিক কর্মীর প্রতি ইঙ্গিতবাহী। এটি ব্যক্তিগত অবমাননা এবং মানহানি দোষেও দুষ্ট। প্রথম আলোর মতো একটি সংবাদপত্র কী করে এ ধরনের একটি লেখা প্রকাশে সম্মত হলো, তা আমার কাছে বিস্ময়করই শুধু নয়, হতাশাব্যঞ্জকও বটে। প্রথম আলোর একজন নিয়মিত লেখক হিসেবে আমি আনুষ্ঠানিকভাবেই প্রতিবাদ জানানোকে নৈতিক কর্তব্য বলে বিবেচনা করেছি। আমি আশা করি, প্রথম আলো কর্তৃপক্ষ এই লেখাটি প্রকাশের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবে এবং এ ধরনের রচনা যাতে ভবিষ্যতে প্রকাশিত না হয়, তার ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে।আলী রীয়াজ, ইলিনয়, যুক্তরাষ্ট্র।২.গণজাগরণ মঞ্চ হচ্ছে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের নাম এবং সেই গণজাগরণ মঞ্চের আপামর জনগণ মুক্তিযুদ্ধের চেতনায় এক ঐক্যের শক্তিতে মিলিত হয়েছিল। সেই গণজাগরণ মঞ্চের স্লোগান যখন আকাশ-বাতাসে মুখরিত হয়েছে, তখন আমাদের কারও মনে হয়নি কে নারী, কে পুরুষ। আকাশে-বাতাসে মানুষের চেতনারই প্রতিধ্বনি হচ্ছিল। গণজাগরণ মঞ্চে যুদ্ধাপরাধীদের বিচার, জামায়াত-শিবির নিষিদ্ধকরণ—এই দাবিতে যখন জনতা এক ও অভিন্ন দাবিতে একত্র হয়েছিল, তখন আমরা হেফাজতের আবির্ভাব দেখি এবং তারা ১৩টি দাবি নিয়ে হাজির হয়, যার মধ্যে কয়েকটি ছিল নারীবিরোধী দাবি। ঠিক এমন এক সময়ে সাহিত্যিক হাসনাত আবদুল হাইয়ের ছোটগল্প ‘টিভি ক্যামেরার সামনে মেয়েটি’ যেন এই দুঃসময়কে আরও অন্ধকার করে তুলেছে। এ কেমন বর্ষবরণ সংখ্যার উপহার, যে উপহারের পরতে পরতে আছে নারীর প্রতি ঘৃণা আর অসম্মানের বিষ? এ অন্ধকার কাটবে কবে?রোকেয়া প্রাচী, ঢাকা।৩.১৪ এপ্রিল ২০১৩ তারিখে নববর্ষ সংখ্যার প্রথম আলোয় হাসনাত আবদুল হাইয়ের লেখা গল্প ‘টিভি ক্যামেরার সামনে মেয়েটি’ চোখে পড়ল। সীমা নামের মফস্বলের একটি মেয়ে ঢাকার রাজনীতির মঞ্চে কীভাবে শত বাধা-বিপত্তি পেরিয়ে স্থান করে নেয় এবং এর পেছনে জমির চাচা নামের রাজনীতিবিদেরা কীভাবে ‘বিশেষ সুযোগ’-এর সদ্ব্যবহার করেন, তার বর্ণনা গল্পটিতে উঠে এসেছে। এই গল্পটিতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত সাম্প্রতিক গণজাগরণ আন্দোলনকে খুবই অরুচিকর ও অন্যায্যভাবে আক্রমণ করা হয়েছে।আমাদের সমাজে মেয়েরা প্রতিনিয়ত বিভিন্নভাবে লাঞ্ছনা ও বঞ্চনার শিকার হচ্ছেন। মেয়েদের সে অবস্থা নিয়ে কোনো গল্পকার গল্প লিখতেই পারেন। কিন্তু কোন সময়কাল ও পরিপ্রেক্ষিতে সে কাহিনির বিস্তার হবে, তার গুরুত্বও গল্পে কম নয়। এ গল্পের চরিত্র সীমার মধ্যে কি এ সময়ের আন্দোলনরত একটি বাস্তব চরিত্রের মিল হুবহু ফুটে উঠছে না? যেখানে উগ্রপন্থী কিছু গোষ্ঠী যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আন্দোলনকারীদের বিরুদ্ধে নাস্তিকতাসহ নানা কুৎসা রটাতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে এই গল্প যেন মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের আন্দোলনকারীদের আঘাত করতে উদ্যত হয়েছে।চিহ্নিত কিছু দল বা সংগঠন এ মুহূর্তে বাংলাদেশকে নাস্তিক ও আস্তিক—এই দুই ভাগে বিভক্ত করার ঘৃণ্য খেলায় মেতে উঠেছে। সুকৌশলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধর্মের সঙ্গে সাংঘর্ষিক করে তোলার অপচেষ্টায় নেমেছে। প্রগতিশীলতা মানে নাস্তিকতা, এমন উদ্ভট তথ্য ছড়িয়ে সহজ-সরল মানুষদের বিভ্রান্ত করার কূটকৌশল করে যাচ্ছে। ঠিক তখন এই গল্পে ‘শাহবাগ’, ‘গণজাগরণ’, ‘স্লোগান’, ‘ঢাকা আর্ট ইনস্টিটিউট’ ইত্যাদি শব্দ জুড়ে দিয়ে গণজাগরণের আন্দোলনকে কটাক্ষ ও প্রশ্নবিদ্ধ করা হয়েছে। প্রথম আলো আমাদের প্রিয় পত্রিকার একটি। কারণ, এই পত্রিকা মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে; নতুন প্রজন্মকে প্রতিনিধিত্ব করে। স্বাভাবিকভাবেই পত্রিকাটির প্রতি আমাদের প্রত্যাশা অনেক বেশি। হাসনাত আবদুল হাইয়ের মতো দেশের একজন বরেণ্য লেখক গণজাগরণের বিপরীতে অবস্থান করে গল্প লিখে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন এবং প্রতিক্রিয়াশীলদের পক্ষে অবস্থান নিয়েছেন। এর প্রতিবাদ জানাই। আদনান সৈয়দ, ঢাকা।৪.হাসনাত আবদুল হাইয়ের ছোটগল্প ‘টিভি ক্যামেরার সামনেমেয়েটি’ নারীর প্রতি চরম অবমাননা এবং একটি রাজনৈতিক পাটাতনকে অশ্রদ্ধাসহ অস্বীকার করার গল্প।লেখকের স্বাধীনতা নিশ্চয়ই আছে, আর আছে বলেই শিল্প এত সুন্দর, এত মঙ্গলময়। আর তাই তো সাহিত্য জগতের স্রষ্টারা মানুষকে মনকে ছুঁতে পারেন। ‘ফ্যাক্টস ও ফিকশন’ যদি লেখকের ভাবনার ক্ষেত্রে মূল জ্বালানি হয়ে থাকে, তাহলে হাসনাত আবদুল হাইয়ের এই গল্পের বয়ান এবং বুনন একেবারেই এর বিপরীতে। এই গল্পের জমিন একটি চলমান আন্দোলন, যে আন্দোলনের ভিত্তি একটি ইতিহাসের সঙ্গে যুক্ত এবং সেই ইতিহাস একটিদেশের জন্মের ইতিহাস, এই আন্দোলনে স্লোগান দেওয়া, নেতৃত্বদেওয়া নারীরা বাংলাদেশের দিশারি মেয়ে। একটি বড়সড় রাজনৈতিক আন্দোলন এবং সেই আন্দোলনের নারীদের নিয়ে লেখা গল্পে নারীকে করা হয়েছে সর্বোচ্চ অসম্মান, হেয়। এই অপমান শুধু প্রজন্মের নয়, এ দেশের সব মুক্তিকামী নারীর, সব মানুষের, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির। এর বাইরে শাহবাগ আন্দোলনের প্রেক্ষাপট এবং এর রাজনৈতিক গুরুত্ব ভয়াবহ অমর্যাদার সঙ্গে উপস্থাপিত হয়েছে তাঁর গল্পে। জোবাইদা নাসরীন, মগবাজার, ঢাকা।