প্রতিটি অপরাধের বিচার করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তা ছাড়া হামলা হয়েছে নওগাঁ, ঠাকুরগাঁও ও নেত্রকোনায়। নওগাঁ ও ঠাকুরগাঁওয়ে একটি করে মন্দিরে প্রতিমা ভাঙা হয়েছে; ঠাকুরগাঁওয়ের অন্য আরেক মন্দিরে পোড়ানো হয়েছে ধর্মগ্রন্থ। নেত্রকোনায় এক মন্দিরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

নাসিরনগরে প্রথম দফা হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত সতর্কতার মধ্যেই দ্বিতীয়বার হামলা হতে পেরেছে—এটা স্থানীয় প্রশাসনের ন্যক্কারজনক ব্যর্থতা। ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন স্থানীয় নেতাকে সংগঠন থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং ৩৩ ব্যক্তিকে আটক করা হয়েছে। কিন্তু উপর্যুপরি আক্রমণের শিকার মানুষগুলোর মনের আতঙ্ক-উদ্বেগ দূর হয়নি। অপরাধীদের বিচার ও শাস্তি না হওয়া পর্যন্ত তাঁদের উদ্বেগ দূর হওয়ার নয়।

হিন্দুদের উপাসনালয় কিংবা ঘরবাড়িতে যারা হামলা চালাচ্ছে, তাদের মধ্যে যেমন উগ্র সাম্প্রদায়িক মনোভাবের হুজুগে লোকজন আছে, তেমনি অপরের ভূমি ও সম্পদের প্রতি লোভাতুর দুর্বৃত্ত প্রকৃতির লোকও আছে। তা ছাড়া এসব আক্রমণের পেছনে স্থানীয় রাজনীতি ও ধর্মীয়-রাজনৈতিক দুরভিসন্ধির ভূমিকাও আছে। একটি হামলার সঙ্গে অন্য হামলার কারণগত ও প্রকৃতিগত পার্থক্য আছে, আবার কিছু সাধারণ সাদৃশ্যও আছে। তবে প্রতিটি হামলার ঘটনাতেই হিন্দু সম্প্রদায়ের মানুষের মনে তীব্র আঘাত লাগে, তাঁদের নিরাপত্তাহীনতার বোধ আরও বেড়ে যায়। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দ্বিতীয়বারের হামলায় তা মর্মান্তিকভাবে ঘটেছে। সেখানকার সরকারদলীয় স্থানীয় সাংসদ ও মন্ত্রী ছায়েদুল হকের সাম্প্রদায়িক বিদ্বেষপ্রসূত উক্তি ও সংঘটিত অপরাধকে খাটো করে দেখানোর চেষ্টা আপত্তিকর ও নিন্দনীয়।

প্রতিটি সাম্প্রদায়িক আক্রমণের ঘটনায় সামাজিক সংহতি ক্ষতিগ্রস্ত হয়। এগুলো গুরুতর ফৌজদারি অপরাধ হওয়া সত্ত্বেও সাম্প্রদায়িক বৈশিষ্ট্যের কারণে আইন প্রয়োগের মাধ্যমে অপরাধীদের শাস্তি দেওয়া ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আন্তরিকভাবে সচেষ্ট না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়ে যেতে পারে। তাই প্রতিটি হামলার বিচার করে অপরাধীদের শাস্তি দিতে হবে। নিশ্চিত করতে হবে, দেশের কোথাও যেন আর একটিও সাম্প্রদায়িক হামলার ঘটনা না ঘটে।